জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামী। বগুড়ার সাতটি আসনে প্রার্থী চূড়ান্ত ও তাদের নাম ঘোষণা দিয়েছে দলটি। প্রার্থীরা হলেন: বগুড়া-১ আসনে অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনে অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ আসনে দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, যারা সংস্কার না করেই নির্বাচন দাবি করছেন, তারা মূলত শেখ হাসিনার দুঃশাসনকেই ফিরিয়ে আনতে চান। যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে রাস্তায় নামার সাহস পায়নি, তারা আজ শহিদদের রক্তের সঙ্গে বেঈমানী করছেন। এছাড়া বক্তারা তাদের নেতাদের ফাঁসির বিচার চেয়েছেন।
নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, বগুড়ার ৭ আসনে প্রার্থী ঘোষণা
হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এটি জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ ১৪ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আমরা ভেবেছিলাম চীনের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় দেশে বিনিয়োগ বাড়বে। এখন আমাদের ওপরও শুল্ক বসিয়েছে। আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না। সানেম’র নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আমরা বলেছি- সরকারকে দ্রুতই একটা ইতিবাচক বার্তা দিতে। আমরা কিছু পরামর্শও দিয়েছি কিভাবে দ্রুত এসব পদক্ষেপ নেওয়া যায়। বৈঠকে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান দ্রুতই সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা
তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না এমন প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা। তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও নিতে পারেন দেশের পরিস্থিতি সবকিছু তিনি পর্যবেক্ষণ করছেন। তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি বললেন, এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে, বিপ্লব চেয়েছে, মুক্তিযুদ্ধ চেয়েছে। ড. ইউনূসের আগে এভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি। তাই বিষয়টি নিয়ে ‘বিতর্ক’ তৈরি হয়েছে। এছাড়া তিনি বলেন, গণতন্ত্র ও ফ্যাসিবাদ যেমন ফারাক, বিএনপি ও লীগ তেমনই!
তারেক রহমান দেশে কেন ফিরছেন না প্রসঙ্গে দুদু: হয়তো নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন
নোয়াখালীর কবিরহাটে ধর্ষণের শিকার ছয় বছরের জমজ দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে আইনি সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশের রাস্তায় খেলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রামে আর মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুবাদে ফরিদ নামে স্থানীয় এক কিশোর তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন অভিযুক্ত ফরিদকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
ধর্ষণের শিকার জমজ শিশুর পরিবারের পাশে তারেক রহমান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলসহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না। ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে অচিরেই পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধে নির্দেশ দেওয়া হবে। ময়লার ভাগাড় ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। রিজওয়ানা বলেন, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ একটি স্বাস্থ্যঝুঁকির রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। নিয়ম ভাঙলে জরিমানা ও সচেতনতাও চলবে বলে জানান।
কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে কোনোভাবেই এই দলের পুনর্বাসনকে তারা মেনে নেবেন না। আওয়ামী লীগের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করেন, তাদের আইনের কাছে সোপর্দ করতে বলেছেন। আখতার হোসেন বলেন, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি—প্রতিটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে, সেগুলো পরিচালনা করবে। ঐ সংগঠনগুলো সিভিল সোসাইটির। তিনি বলেন, প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের মতো যোগ্য ও দক্ষ মানুষই এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাঁর যোগ্যতা ও দক্ষতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।’ মোদির বৈঠকে শেখ হাসিনাকে চাওয়া প্রসঙ্গে বললেন, কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আওয়ামী লীগের পুনর্বাসন মানবো না: আখতার
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে বরগুনা পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়েছে নৌবাহিনী। ঢাকাসহ অন্যান্য দূরপাল্লার গন্তব্যের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া থেকে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন ঢাকাগামী পরিবহণের স্টাফরা। অভিযানের খবর পেয়ে কাউন্টার থেকে সটকে পড়েন বিক্রেতারা। ফলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে যাত্রীদের অভিযোগ আমলে নিয়ে এবং বরগুনায় বাস মালিক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরতের ব্যবস্থা করেন নৌবাহিনীর সদস্যরা।
বাস টার্মিনালে নৌবাহিনীর অভিযান, পালাল টিকিট বিক্রেতারা
চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর ছাত্রসেনা, ছাত্রলীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, আলী হোসেন (৩০), মাওলানা নুরুজ্জামান ( ৪২), আবু ছালেক, মুন্নাসহ (৩২) বেশ কয়েকজন। এরমধ্যে একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। বটতলী ইউনিয়ন জামায়াতের আমির জানান, 'আগামী ১০ তারিখের আমাদের মাহফিলকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্রসেনার ছেলারা হামলা করেছে।' এ ঘটনায় ১৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- নজিম উদ্দিন (২৬) ছগীর (২৫), মো. বেলাল উদ্দিন (২৬), সিরাজুল মোস্তফা (২৮) প্রমূখ।
চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পার্বত্যবাসী সবার সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি-বাঙালি, মারমা-চাকমা, ত্রিপুরা, বম কোনো জাতিগোষ্ঠী নিজেদের আলাদা ভাবতে না পারে। তিনি বলেন, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দপূর্ণভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।
পার্বত্যাঞ্চলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্য উপদেষ্টা
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে বলা হয়, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে এক ন্যক্কারজনক হস্তক্ষেপ। এই বিলে মুসলমানদের সম্পত্তিতে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে রাখার মাধ্যমে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারকে দেওয়া হয়েছে ওয়াকফ কিনা তা নির্ধারণ করার। বিবৃতিতে বলা হয়, বিপুল এই মুসলমানের সম্পত্তি জবরদখল ও মন্দির বানানোর জন্য এমন আইন করা হয়েছে। বিবৃতিতে মুসলমানরাই ভারতের নির্মাতা উল্লেখ করে এই বিল অবিলম্বে বাতিলের আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশে এর ইফেক্ট পড়তে পারে।
ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে খেলাফত মজলিসের বিবৃতি: মুসলমানরাই হলো ভারতের নির্মাতা
নোমাড ক্যাপিটালিস্টের হালনাগাদ সূচকে দেখা গেছে, বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ১৮১তম অবস্থানে। ২০০টি দেশের ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতাসহ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে। নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৭৬টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। সে তালিকায় ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল এবং পরে আছে মিয়ানমার। ভারতের অবস্থান সূচকে ১৪৮ তম এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম।
বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ ১৮১তম
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টা করা হবে। সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা: বাণিজ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের পর তিনি বলেন, আশা করি আমাদের রেসপন্স ইতিবাচক হবে। এখন যা রপ্তানি হচ্ছে এর থেকে আরও বাড়বে এবং সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ রপ্তানি করে এমন সব দেশেই রপ্তানি বাড়বে। প্রেস সচিব বলেন, সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বাংলাদেশ বিডা বড় ব্যবসায়ীদের সঙ্গে বসেছিল। তাদের তিনঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে রপ্তানিকারকদের বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব
ঢাকায় ফিরতি মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোতে টিকিটের মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এই অভিযোগে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহণ, সেন্টমার্টিন সিবিসি পরিবহণসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। অতিরিক্ত ভাড়া ফেরত পাওয়াতে যাত্রীরা মহাখুশি।
দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন ইউএনও
অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে সত্য নয় বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রাথমিকভাবে নাটকটি বন্ধ হওয়ার জন্য স্থানীয় পর্যায়ের সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এনেছেন ফারুকী। তাই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সঠিক খবর তুলে ধরার অনুরোধ জানান তিনি। তিনি আহ্বান জানিয়েছেন দেশকে সহযোগিতা করার। উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সংবাদে লেখা হলো স্টেজ খুলে নেওয়ার, কিন্তু আজ নাটক মঞ্চস্থ হওয়ার সময় আয়োজকরা বলেছেন, স্টেজ ঐ সময় তৈরি করাই হয়নি!'
গাজীপুরে সেই নাটক মঞ্চস্থ, সাংবাদিকদের অনুরোধ ফারুকীর: সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে বলা হয়, বিজেপি সরকারের এই মুসলিমবিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে। ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থি বলেও অভিহিত করা হয়। আরো বলা হয়, "এই বিল জমি-জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন, এমনকি তারা বোর্ডের প্রধান নির্বাহীও হতে পারবেন। এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্তাধিকারী হওয়ার বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে।" তাই অবিলম্বে এই বিল বাতিলের আহ্বান জানানো হয়।
ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। তার কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্মী এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন থানায়। এ নিয়ে ফেসবুক লাইভে অভিনেত্রী পরীমনি বলেন, "একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।" তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। বলেন, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আরো বলেন, এটা লাইফ, রিলস ম্যাটেরিয়াল না।
অন্যায় করলে অবশ্যই আমার শাস্তি পাওয়া উচিত: গৃহকর্মী নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরীমনি
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওড়সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। উপদেষ্টা বলেন, কৃষক ও জিরাতিরা হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। হাওড়ের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা, সারবীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ, এসব নিয়েও সরকার কাজ করছে! এছাড়া কিশোরগঞ্জের হাওরের বহুমুখী কৃষি বৈচিত্র্যের কথা উল্লেখ করে খাল বিল ও নদী খননের আশ্বাস দেন।
যথেষ্ট খাদ্য মজুত আছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: খাদ্য ও ভূমি উপদেষ্টা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপ এর পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ জুলাই ২০২৪ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, বিচারিক সংস্কার এখন নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে। বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ, যা বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষের এতটা কাছাকাছি আসিনি। যদি এ সুযোগ কোনোভাবে নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি
শনিবার এক বিবৃতিতে জামায়াতে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এতে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।’ আরও বলেন, ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে! এই সময় তিনি তিন তালাক, নিষিদ্ধ গরুর গোশত খাওয়ায় পিটিয়ে হত্যাসহ নানান নির্যাতনের চিত্র তুলে ধরে অপতৎপরতা থেকে বিজেপি সরকারকে বিরত থাকার আহ্বান জানান। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন।
ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ বিল পাশে জামায়াতের নিন্দা
নারায়ণগঞ্জে স্নানোৎসব পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। আপনারা সত্য সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন। এতে করে তাদের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করবেন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। পুণ্যাথীর সংখ্যাও গতবারের তুলনায় অনেক বেশি। লগ্নের সময় অনুযায়ী আপনারা পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে। এছাড়া বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই উল্লেখ করে এই পুণ্যস্থানটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন।
বিদেশি মিডিয়ার মিথ্যা সংবাদের কাউন্টার দিয়ে ওদের মুখে চুনকালি দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি বলেন, বার্মিজ সামরিক জান্তাকে খুশি করার জন্য তথাকথিত ‘মাদার অব হিউম্যানিটি’র ঘনিষ্ঠ চাটুকার ও কিছু কূটনীতিক রোহিঙ্গাদের জন্য এক নতুন নাম তৈরি করেছিলেন FDMN, অর্থাৎ ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক’। এই শব্দটি আসলে বার্মিজ গণহত্যার মূল আখ্যানকে মেনে নেওয়ার একটি কৌশল, যেখানে রোহিঙ্গাদের অস্তিত্বই অস্বীকার করা হয়। কিন্তু বাস্তবতা হলো, রোহিঙ্গারা শতাব্দীপ্রাচীন ইতিহাস, শিল্প ও সংস্কৃতির ধারক একটি জাতি। FDMN শব্দটি ব্যবহার করে তাদের প্রকৃত পরিচয়, সম্মান ও অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমরা রোহিঙ্গা সম্বোধন করে বৈঠক করেছি। জান্তার কর্মকর্তারাও শেষমেশ এই পরিচয় স্বীকার করতে বাধ্য হন। বৈঠকে তারাও ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতে শুরু করেন।
রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না বলা যাচ্ছে না: প্রেস সচিব
বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে রপ্তানি খাতের ঝুঁকি বেড়েছে বাংলাদেশের। সংকট মোকাবিলায় সন্ধ্যায় একটি জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা যোগ দেবেন। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যমুনায় এই জরুরি সভা হবে। এর আগে প্রধান উপদেষ্টা বলেছেন আলোচনা ও কূটনৈতিকভাবে সমাধান করা হবে।
মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
যুদ্ধবিরতি ভেঙে পুনরায় ইসরাইলী হামলা শুরুর পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, ‘এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে। গাজার শিশুদের রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া জরুরি।’ লাজারিনি আরও জানান, দেড় বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা নিতে বিশ্বকে আহ্বান জানান।
গাজায় প্রতিদিন আহত বা নিহত হচ্ছে অন্তত ১০০ শিশু: জাতিসংঘ
চীনের পালটা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এতে শেয়ারহোল্ডাররা উদ্বিগ্ন। ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পর চীন পালটা শুল্ক আরোপ করেছে, যার ফলস্বরূপ এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ কমেছে, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া, রাসেল ২০০০ সূচকও ৪ শতাংশ কমেছে। বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজার কোভিড-১৯ এর পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করেছে। চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে, যা বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে। এর আগে ট্রাম্প মোট ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেন চীনা পণ্যের উপর।
চীনের পালটা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস
প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করে বৈঠকে যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন, ‘আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’ শফিকুল আলম জানান, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব! প্রেস সচিব বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও একক দল বা ব্যক্তির সাথে নয়!
প্রেস সচিবের বিশ্বাস: হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত
সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন মিয়াকে (২৭) অপহরণ করে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সরল ও তার বাহিনীর বিরুদ্ধে। ভুক্তভোগী শাহীন জানান, ‘সাইনবোর্ড এলাকায় বাসের একটি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। যুবলীগ নেতা সরল বাহিনী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে তাকে সেখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকার করায় সরল এবং তার ভাই নিশাদ ও হেলালসহ ৪/৫ জন সাইনবোর্ড টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে শাহীন মিয়াকে টেনে হেঁচড়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যান। পরে সে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছাড়া পান। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া শাহীনের হাতে দেশীয় অস্ত্র দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করবে বলেও হুমকি দেয়!
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান শুরু হয়েছে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়। এবারের পুণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণের আশা আয়োজকদের। চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে আগতদের থাকার জন্য উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন ও রাতযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ব্রহ্মপুত্র পাড়ে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল
প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘ডঃ খলিলুর ছিলেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম বিসিএস নিয়োগপ্রাপ্ত। তিনি পররাষ্ট্র নীতিতে ব্যাপক গতিশীলতা সঞ্চার করেছেন। জাতিসংঘ প্রধানকে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সফরে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূস একটি ধন্যবাদ পত্রও দিয়েছেন।’ শফিকুল আলম বলেন, প্রথমে তিনি মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট কথা বলেন। তারপর তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন। এই আলোচনায় কিছু দীর্ঘ তালাবদ্ধ দরজা খুলে যায়। যার ফলাফল দেখতে পেলেন।’ আরো বলেন, আমাদের তৌহিদ হোসেন আছেন, দলে ডঃ খলিলের অন্তর্ভুক্তি মেকআপে কিছুটা শক্তি যোগ করেছে।’ শফিকুল আলম, ‘বাংলাদেশ ভীতু এবং নতজানু কূটনীতির জন্য পরিচিত ছিল। তা আর নয়!
ভীত কূটনীতির পরিচিত পেয়েছিল বাংলাদেশ, তবে আর নয়: প্রেস সচিব
শরীয়তপুরের জাজিরায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। জানা যায়, বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকরা ফের সংঘর্ষে জড়ায়। হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওতে দেখা যায়, খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি, সেখানে অনেকে বালতি থেকে নিয়ে হাতবোমা নিক্ষেপ করছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।
জাজিরায় দু'পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
সিএমজি'কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার। চীন তাতে আগ্রহীও। তিনি বলেন, অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সবার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কী করা যায় তা পর্যবেক্ষণ করবেন। ড. ইউনূস বলেন, ‘পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা। ক্ষুদ্রঋণে পাওয়া অর্থ দরিদ্রদের কাছে একটা শক্তি, এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব।’ নিজের তিন শূন্য তত্ত্ব ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন শৈলীর আধুনিকায়ণ তত্ত্বের মিল প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিষয়গুলো একই। অনেক সামঞ্জস্য রয়েছে।' এই সময় সাক্ষাৎকারে উপস্থিত অধ্যাপক দু প্রধান উপদেষ্টার বৈশ্বিক অবদান তুলে ধরেন।
বাংলাদেশকে সহযোগিতা করতে চীন প্রস্তুত: উপদেষ্টার সাক্ষাৎকার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই থাকসিন বাংলাদেশে এসে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। তিনি ইউনুসের মাইক্রোক্রেডিট মডেল অনুপ্রাণিত হয়ে নিজ দেশে একটি মাইক্রোক্রেডিট কর্মসূচি চালু করেন। এর জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ছিলেন প্রধান অতিথি। সাক্ষাতে চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যকার বিমান চলাচল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা যাত্রার সময় মাত্র এক ঘণ্টায় সীমিত হয়েছিল। থাকসিন স্মরণ করেন, খালেদা জিয়া উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে চিয়াং মাই একসঙ্গে ভ্রমণ করেছিলেন। আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় থাকসিনের সমর্থন কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, থাইল্যান্ডের সহযোগিতায় রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক পরিবেশ তৈরি হবে।
থাকসিনের সঙ্গে ইউনুসের পুনর্মিলন: স্মৃতিচারণ, সম্ভাবনা ও সহায়তার বার্তা
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে শুক্রবার বিক্ষোভে উত্তাল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো।। রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। চেন্নাইয়ে প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ন হতে দেবেন না।
বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত
সাভারে ইতিহাস পরিবহণের যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এটি সাভারে সাম্প্রতিক ঘটা তৃতীয় ঘটনা। এ ঘটনায় বাসচালক রজব আলী ও বাসের সহকারী এমদাদুল হককে শনিবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীবেশি কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে। যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
মিয়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অধ্যাপক ইউনুস ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের জনগণের পাশে আছে। উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে, প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। জাহাজও প্রস্তুত রয়েছে।’ মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এছাড়া সম্মেলনে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নাম-পরিচয় চূড়ান্ত করেছে, যাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
রোহিঙ্গা ইস্যু ও ভূমিকম্প: ব্যাংককে ইউনুস-মিন অং হ্লাইং সাক্ষাৎ
সাভারের হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বাস উলটে ৪০ জন আহত হয়েছেন। ভাষাশহিদ রফিক সেতুর ওপর ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গাস্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন অর্ধশতাধিক পুণ্যার্থী। মানিকগঞ্জের কালীবাড়ি মন্দির থেকে রওনা হয়ে নারায়ণগঞ্জের নাঙ্গলবান্ধায় গঙ্গাস্নানে যাওয়ার জন্য শুভযাত্রা পরিবহণ নামে বাসটি রিজার্ভ করা হয়েছিল। যেটি পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছে।
সড়কে উলটে গেল গঙ্গাস্নানের পুণ্যার্থীদের বাস, আহত ৪০
বৃহস্পতিবার গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। ট্রাম্প বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে। আমিই প্রথম ক্রেতা।" এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’ ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, ১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছি।
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
ইসরাইলের কাছে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত মাসেই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করে। জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিলেন। কারণ এই অস্ত্র উগ্রপন্থি ইসরাইলিরা বসতি স্থাপনে ব্যবহার করতে পারে এমন ধারণা করেছিলেন তিনি। রয়টার্সের প্রাপ্ত নথিতে দেখা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৬ মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়। যেখানে ২৪ মিলিয়ন ডলারে ৫.৫৬ মিলিমিটার ক্যালিবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কারবাইন রাইফেলের বিক্রির কথা উল্লেখ করা হয়। এর আগে জো বাইডেন পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যা ট্রাম্প প্রথম দিনই প্রত্যাহার করে।
ইসরাইলে ২০ হাজার অ্যাসল্ট রাইফেল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে এবং মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। গর্ভনর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, শুক্রবারের হামলায় আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে শত্রুপক্ষের ৮৫ জন বিদেশী সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৮ জন নিহত
আইএসপিআর জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে আহতদের মধ্যে মোট ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু শুক্রবার চিকিৎসা দেওয়া হয় ১৫০ জনকে। এর মধ্যে দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। শুক্রবার ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দল এই সেবা প্রদান করেছে।
মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা
ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারক মোহাম্মদ ইউসুফকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ বছর পর ২০২৪ সালের ১১ অক্টোবর যুবদল নেতা সুলতান মো. সিকান্দার এ ঘটনায় মামলা দায়ের করেন। ইউসুফ ওই মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা শিবলুকে হত্যাচেষ্টার অভিযোগেও মামলা রয়েছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে কাজী নিয়োগ পাওয়ারও অভিযোগ রয়েছে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক আটক
বরগুনা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তার বিরুদ্ধে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিষোদগার করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বরগুনা সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযুক্ত আসামি। ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ডেভিল হান্ট অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়।
বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
সাদিক খান ৩০ মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘অনেকের জন্য এই ঈদের আনন্দ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাবে, কারণ সুদান ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও হত্যাযজ্ঞ আমাদের মনে গভীর কষ্ট সৃষ্টি করছে। ইসরাইলের সামরিক অভিযানের ফলে গাজায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত পনেরো হাজার শিশু রয়েছে। সুদানে চলমান ধ্বংসাত্মক যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি কোটি বাস্তুচ্যুত হয়েছেন।’ পরে যুক্তরাজ্যে ইসরাইলি দূতাবাস এক বিবৃতিতে বলে, মেয়রের এই বার্তায় হামাসের নাম উচ্চারণ করা হয়নি, সন্ত্রাসবাদের নিন্দা করা হয়নি, গৃহবন্দি নিরপরাধ ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয়নি।’ এছাড়া পরিসংখ্যান একতরফা হামাসের বলে খারিজ করে দূতাবাস। মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘মেয়র বহুবার হামাস কর্তৃক সংঘটিত হামলাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিটি প্রাণহানিতে শোকাহত এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন।’
মেয়র সাদিক খানের ঈদবার্তায় ফিলিস্তিনি প্রসঙ্গ, ইসরাইলী দূতাবাসের সমালোচনা জবাব দিল মেয়রের দপ্তর
কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদে হামলা করে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ২ ভাইকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার ২ ভাই হলেন- জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও অনিক ভূঁইয়া (২০)। নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
মসজিদে হামলা করে সেক্রেটারিকে হত্যা, ২ ভাই গ্রেফতার
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ড. ইউনূস স্যারের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাকে সব দলের সহযোগিতা করা উচিত। তিনি ক্ষমতায় থেকে দেশকে স্থিতিশীল করে, একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেওয়া হোক। আবু হানিফ আরও বলেন, আমরা গণঅধিকার পরিষদ ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য জন্য ২১ দফা ঘোষণা করেছি। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিয়ে দেশের বিদ্যমান রাজনীতি সংস্কৃতির পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে।
আ.লীগ পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে: আবু হানিফ
সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজনবোধে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, আবার এককভাবেও হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির যগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, কুড়িগ্রাম জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে সাংবাদিকদের মতামত জানা জরুরি। কারণ স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন।
এনসিপি প্রয়োজনবোধে জোটগতভাবে নির্বাচন করবে অথবা এককভাবে: আতিক মুজাহিদ
রাজশাহীর বাগমারায় আবদুর রাজ্জাক (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এর জেরে পুলিশের উপস্থিতিতেই আমিনুল ইসলাম (২২) নামের অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় উপপরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের হামলায়। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন বলে জানিয়েছেন।
৬ পুলিশকে আহত করে খুনের অভিযুক্তকে পিটিয়ে হত্যা
এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি বলেন, গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এই আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। বিল অনুযায়ী, ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মুসলিম নয় এমন দুজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা ওয়াকফের ধর্মীয় স্বাতন্ত্র্যকে নস্যাৎ করার শামিল। আমরা এ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এছাড়া এই আইন বাতিলের আহ্বান করেছে সংগঠনটি।
ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসে ছাত্রশিবিরের প্রতিবাদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমসটেকে সাইডলাইনে বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এ অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহেবের বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে। সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমি যতদূর দেখেছি, তাতে করে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনই যথেষ্ট আন্তরিক এবং এটা নিসন্দেহে বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষেরই উপকার করবে।
ড. ইউনূস-মোদির বৈঠক ‘আশার আলো’ হিসেবে দেখছে বিএনপি: মির্জা ফখরুল
বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারত, এমন আশা প্রকাশ করেছেন মেক্সিকোতে ঢাকার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি ছবি পোস্ট করে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠককে স্বাগত জানান। বাংলাদেশ আবারও সার্বভৌম ও সাহসী পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রাপ্য অবস্থান পুনরুদ্ধার করছে বলে উল্লেখ করে তিনি জানান, এটি লক্ষ্যভিত্তিক, সরাসরি, ভারসাম্যপূর্ণ ও সূক্ষ্ম কূটনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত। মুশফিকুল আরও বলেন, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সরকার বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়ার মাধ্যমে নতুন করে ভাবছে—এটি একটি ইতিবাচক অগ্রগতি। আশা করছি ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবেন। এই কূটনীতির ধারাবাহিকতা রক্ষার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারত, আশা রাষ্ট্রদূত মুশফিকের
বিএনপি নেতা রুমিন ফারহানা বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। বলা হচ্ছে, বিএনপি নাকি কথায় কথায় নির্বাচন নির্বাচন করে। করবেই তো, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ১৫ বছর আগে যে তরুণ-তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতকর্মীদের উদ্দেশে বলেন, স্বার্থান্বেষী নেতাদের ব্যক্তিগত স্বার্থে বহিষ্কার নাটক আর হুমকি দিয়ে দলের ইমেজ নষ্ট করা হচ্ছে। অথচ কারা আন্দোলন করেছে, মিটিং মিছিল করেছে, রক্তচক্ষু উপেক্ষা করে জুলুম শাসনের বিরুদ্ধে টকশোতে ঝড় তুলেছে জনগণ তা জানেন।
আমাদের লড়াই এখনো শেষ হয়নি, ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি: রুমিন ফারহানা
বিএনপি নেতা শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ শুধু টিআর-জিআর খাইছে। সাধারণ জনগণের কোনো উন্নয়ন তারা করেনি। আর ছাত্রলীগ-যুবলীগ টেন্ডারবাজি-চাঁদাবাজি ও লুটপাট করেছে। সুতরাং তাদের কাছে অনেক টাকা-পয়সা আছে। আপনারা ওই টাকার লোভে পইড়েন না। যদি জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার আদর্শ লালন করে থাকেন, তাহলে লোভে পড়া যাবে না। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির যারা গত ১৫ বছর আমাদের সঙ্গে ছিল না, লোভে পড়ে সেই বেইমানদেরও দলে জায়গা দেওয়া যাবে না। দলে আসতে চাইলে পেছনের চেয়ারে পরীক্ষা দিয়ে আসতে হবে। শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির বেইমানদের দলে জায়গা পেতে পরীক্ষা দিয়ে আসতে হবে: শামা ওবায়েদ
পটুয়াখালীর বাউফলে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হৃদয় হোসেন (১৭) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসার অভাবে হৃদয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার বাবা আনসার হাওলাদার। অটোরিকশা চালক পিতার ছোট ছেলে হৃদয় হোসেন ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার সামনে আন্দোলনরত অবস্থায় তিনি পুলিশের গুলিতে আহত হন। দীর্ঘ ৩ মাস তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে গ্রামের বাড়ি চলে আসেন তিনি। দরিদ্র বাবা উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা আর একটি গাভী বিক্রি করে ছেলের চিকিৎসা করান। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে জানাজা শেষে হৃদয়ের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে। সহায় সম্বল এবং সন্তান হারিয়ে পিতা শোকে বিহ্বল। শোক প্রকাশ করেছেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।
বাউফলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হৃদয়ের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ৭ বছরের শিশু বাসিত খান মুসাকে দেখতে ঢাকা সিএমএইচ যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। তিনি হাসপাতালে পৌঁছে মুসার শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খবর নেন। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলেছে, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৭ বছরের শিশু বাসিত খান মুসা দীর্ঘ ৫ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছে।
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট
বৃহস্পতিবার জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার ১০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজের আয়োজন করলে ১২ জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। আট মাস জেলখানায় বন্দিজীবন শেষে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে। দেশে ফেরা ১০ প্রবাসী কর্মীকে বিমানবন্দরে স্বাগত জানায় সরকার। পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে প্রবাসী মন্ত্রণালয়।
হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আনন্দভোজ, সৌদিতে গ্রেফতার দশ জন দেশে ফিরেছে
ব্যাংককে বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে ও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎকালে দুই বছর পর ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী বিমসটেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলনের আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই প্রস্তাব স্বাগত জানিয়ে মহাসচিব পান্ডে বলেন, এ ধারণাগুলো অসাধারণ। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো বাস্তবায়নে কাজ করব। বিমসটেক মহাসচিব জানান, সদস্য দেশগুলোর বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে, যা গত ২১ বছরে অনুষ্ঠিত হয়নি। এদিন সম্মেলনের শেষে বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস।
তরুণদের সম্পৃক্ততা বাড়াতে বিমসটেক ইয়ুথ ফেস্টিভ্যালের পরামর্শ ড. ইউনূসের
ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান’- এর ‘ইসরাইলি সমাজ সূচক’ থেকে জানা গেছে, ৬০ শতাংশ ইসরাইলি ‘গৃহযুদ্ধের শঙ্কায়’ সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন। খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করছে ১.৫ মিলিয়ন বসতি স্থাপনকারীকে। এর আগে ইসরাইলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক ‘ইসরাইলে’ গৃহযুদ্ধের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছিলেন। ২৭ শতাংশ ইসরাইলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়েছেন এবং বলেছেন, ‘তিনি সঠিক ছিলেন’। অন্যদিকে ৩৩ শতাংশ মনে করেন, তিনি কিছুটা অতিরঞ্জিত মন্তব্য করেছেন। তবে বাস্তবে বিপদের আশঙ্কা রয়েছে। কেবল ১৬ শতাংশ ইহুদি মনে করেন, ‘ইসরাইলে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই’। ৫১ শতাংশ ভোটার বিশ্বাস করেন, গোয়েন্দা প্রধানকে বরখাস্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ হওয়া উচিত নয়’।
একটি জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ইসরাইলি ‘গৃহযুদ্ধের শঙ্কায়’ সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২৩ এর অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০,৬০৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৮৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫,০৬৩ জন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬২,৭০০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ গাজার ওপর আকস্মিক বিমান হামলা শুরু করে। যাতে এ পর্যন্ত ১,২৪৯ জন নিহত ও ৩,০২২ জন আহত হন।
ইসরাইলি হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত
বৃহস্পতিবার মধ্যরাতের দীর্ঘ আলোচনার পর ওয়াকফ বিল পাশ করেছে ভারত। এই বিল মুসলিমদের ‘মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং বৈষম্যমূলক’ অভিহিত করে শুক্রবার সুপ্রিম কোর্টে পৃথক আবেদন করেছেন কংগ্রেস এমপি মোহাম্মদ জাওয়েদ ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জাওয়েদ তার আবেদনে উল্লেখ করেছেন, এই বিল সংবিধানের ১৪ (সমতার অধিকার), ২৫ (ধর্ম পালনের স্বাধীনতা), ২৬ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), ২৯ (সংখ্যালঘুদের অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) অনুচ্ছেদ লঙ্ঘন করছে। এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। কারণ অন্যান্য ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে যেসব স্বাধীনতা বজায় রাখা হয়েছে, ওয়াকফের ক্ষেত্রে তা সীমিত করা হয়েছে। আরেকটি বিতর্কিত পরিবর্তন হলো- ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠনে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা।
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেস ও ওয়াইসির
এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেছেন, শহিদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গেছে। সাদমানদের রক্তেই সেই নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, আমরা চাই নতুন সংবিধান তৈরি হোক, যেখানে জনগণের ক্ষমতায়ন হবে এবং ব্যক্তিকেন্দ্রিক ও পরিবারকেন্দ্রিক ক্ষমতার কোনো সুযোগ থাকবে না। তিনি এই সময় শহীদদের ত্যাগের বদৌলতে নয়া বাংলাদেশের জন্য কৃতজ্ঞতা জানান। শিশির বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বর্তমান সরকারকেই। এছাড়া শহীদদের রাষ্ট্রীয় মূল্যায়ন বৃদ্ধির দাবি জানিয়ে পাঠ্যপুস্তকসহ নানান জায়গায় তাদের সশ্রদ্ধ ঠাঁইয়ের দাবি করেন তিনি। এর আগে তিনি শহীদ সাদমানের কবর জিয়ারত করেন।
শহিদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গেছে: শিশির
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদির বৈঠকটি নিশ্চয় অনেক গুরুত্বপূর্ণ। এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এজন্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে চেষ্টা করছিল। তিনি বলেন, ‘ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ, একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। আরো বলেন, তিস্তার পানি আমাদেরকে দিতে হবে এবং তিস্তা বাঁধের প্রয়োজনীয় সংস্কার, বাঁধ আমাদের করতে হবে। এ নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। মির্জা আব্বাস বলেন, এক গ্রুপ আছে দেশে, আরেক গ্রুপ আছে বিদেশে- যারা নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। আবার বলছে সংস্কারের কথা শুনলে নাকি বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারের পক্ষে। একই সঙ্গে নির্বাচনেরও পক্ষে, দুইটারই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয়, যেটি জনগণের অধিকারের বাইরে চলে যাবে।
নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক গুরুত্বপূর্ণ, বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষে: মির্জা আব্বাস
বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
ব্যাংকক থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রংপুরে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমে এনসিপি নেতা সারজিস আলম বলেন, বিগত একযুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না। আমরা এই রাজনীতির ধারা পুনরুজ্জীবিত করে জনগণের কাছে ও সংসদে যেতে চাই। প্রত্যাশা তুলে ধরতে চাই। সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে সব বাজেট ছিল অঞ্চল ভিত্তিক। বাজেটের বেশিরভাগ গেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ শুধু দিয়েই গেছে। এই বৈষম্য নিরসনে সরকার কাজ করবে এই প্রত্যাশা রাখি। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি। তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। ভারত প্রসঙ্গে বলেন, একতরফা থেকে বেরিয়ে পররাষ্ট্র সম্পর্ক সমতার ভিত্তিতে মর্যাদার সঙ্গে চলতে হবে।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস আলম
এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে কখনো ইসলামি চরমপন্থার উত্থান হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বাংলাদেশি সমাজ সম্পর্কে গভীর ধারণার অভাব থেকে পশ্চিমা সাংবাদিকরা বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। ধর্মীয় জনগোষ্ঠীর কারণে বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বা সিরিয়ার সঙ্গে মিলিয়ে ফেলা একটি গুরুতর ভুল উপস্থাপনা। তিনি বলেন, ১৯৯৪ সালে তসলিমা নাসরিনকে নির্বাসনে বাধ্য করার পর, হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করা, ২০০৫ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ বা ২০০৪ সালে বাংলা ভাইয়ের উত্থানের পরেও বাংলাদেশ পরও ইসলামপন্থি কট্টরপন্থিদের ব্যাপক পুনরুত্থান দেখা যায়নি। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে যখন নাস্তিক ব্লগার, ধর্মনিরপেক্ষ এবং সমকামী কর্মী এবং প্রায় ২০ জন বিদেশি চরমপন্থি হামলায় নিহত হন। তবুও এর সমাজ, বেশিরভাগ ক্ষেত্রে একই রকম রয়ে গেছে। তিনি বলেন, পশ্চিমা সাংবাদিকতার এই ফাঁদে নিজেও পড়েছিলেন, কিন্তু বাংলাদেশে পরিবার ও সমাজে যে বৈচিত্র্যতা, এটা বাংলাদেশকে ভুল পথে নেবে না।
বাংলাদেশে কখনো ইসলামি চরমপন্থার উত্থান হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই: প্রেস সচিব
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের দুদক এবং থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুচার্ট ট্রাকুলকাসেমসুক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়েই দুর্নীতি দমনে আরও কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে। প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রিত বাংলাদেশী দুর্নীতিবাজদের এই সমঝোতা স্মারক খুঁজে বের করে আইনের আওতায় আনতে সহায়তা করবে। সমঝোতা অনুযায়ী দুই দেশ তথ্য বিনিময় এবং আনুষঙ্গিক কাজ যৌথভাবে সম্পন্ন করবে।
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরটিতে বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে ভারত। আধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার পর চিকেনস নেক নিয়ে আরও সতর্ক হয় ভারত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে তারা প্রস্তুত। করিডোরের কাছে সুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পসের, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্পস রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। সেনাবাহিনী আরো জানায়, তারা সবচে শক্তিশালী এবং সুরক্ষিত অবস্থায় করিডোরটিতে নিযুক্ত রয়েছে।
‘চিকেনস নেক’ নিয়ে দুশ্চিন্তায় ভারত, বিশেষ সামরিক ব্যবস্থা
চীনা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাবে চীন ঘোষণা দিয়েছে, ১০ এপ্রিল থেকে সব ধরনের মার্কিন পণ্যে অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করা হবে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান শুল্কের পাশাপাশি এই শুল্ক কার্যকর হবে। একই সঙ্গে চীন সাতটি বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে, যার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম ও ইট্রিয়াম। চীন এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানাবার পরিকল্পনাও করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে সব আমদানিতে ১০% সার্বজনীন শুল্ক কার্যকর হয়েছে।
চীন যুক্তরাষ্ট্রের সকল পণ্যে ৩৪% পাল্টা শুল্ক আরোপ করলো
জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নিহত তানিফা আহমেদ ছিলেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ও বীর সেনানী; তার এ বীরত্ব গাঁথা দেশ ও জাতি চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ তার মামা শামীমসহ লোহাগাড়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সেলিম উদ্দিন বলেন, মৃত্যু যেভাবেই হোক তা আল্লাহর ফয়সালা অনুযায়ী নির্ধারিত সময়েই হয়ে থাকে। আর দুর্ঘটনাতে কারো কোনো হাত নেই। তিনি বলেন, শোকে কাতর না হয়ে আমাদেরকে মরহুমের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি নিহত পরিবারের পাশে থাকতে সম্ভব সবকিছু করার আশ্বাস প্রদান করেন।
তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন
শুক্রবার ভোরে সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ জানায়, আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপানে ছিল সোহেল। নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভারতে আছেন বলে স্ট্যাটাস দিলেও দেশে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন সোহেল। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেলকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৯টি মামলা রয়েছে।
ফেসবুকে ভারত আছি দাবি করা ছাত্রলীগ নেতা সাভারে গ্রেফতার
আইএসপিআর জানিয়েছে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং একটি মৃতদেহ উদ্ধার করা হয়। আরো বলা হয়, শুক্রবার বাংলাদেশ উদ্ধারকারী দলের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে চিকিৎসা দলটি নেপিডো শহরের ৫০ শয্যা বিশিষ্ট যবুথিরি ও ১০০ শয্যা বিশিষ্ট লি ওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়।
মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। এই সময় কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চলে ভুটানের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতিও উঠে আসে। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানি উদ্যোক্তারা ওই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করবেন এবং উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রপ্তানি করবেন। তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়ে অনুরোধ জানালে প্রধান উপদেষ্টা পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুটানি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে আগ্রহের কথা জানান। ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান।
বাংলাদেশের কাছে ইন্টারনেট সংযোগ চেয়েছে ভুটানের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের দল পাঠাতে আহ্বান জানিয়েছেন
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট অটোমোবাইলের উপর ২৫% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন, যা মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলে না। এর আগে, বুধবার ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ থেকে কানাডা অব্যাহতি পেয়েছিল। কেননা, ট্রাম্প যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলা পণ্যগুলোতে ছাড় দিয়েছিলেন। মুক্ত বাণিজ্য চুক্তি সত্ত্বেও ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নীতির ফলে, মোটরগাড়ি ব্যবস্থা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক আরোপের সম্মুখীন হয় কানাডা। যে কারণে এবার এসব পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। কার্নির মতে, ‘ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভেঙে ফেলবে।’ ট্রাম্পের এই নীতিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ্য করে কার্নি আরও বলেন, ‘৮০ বছর শেষ হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মুক্ত অর্থনৈতিক নেতৃত্বের আলিঙ্গন গ্রহণ করেছিল।
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিক্রিয়ায় শুক্রবার একটি বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে বলা হয়, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে। এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম হয়েছে। আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই। আরও বলা হয়, এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তরবিরোধী আইনও করা হয়েছে। ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্রস্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়েছে। এভাবে রাষ্ট্রীয় ও আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরপর বিজেপি সরকারের নানান মুসলমান নিপীড়নও তুলে ধরা হয়।
ভারতে ওয়াকফ বিল পাসের ঘটনায় হেফাজতের প্রতিবাদ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যেতংতর্ন শিনাওত্রাকে বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণ ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা চিকিৎসা প্রার্থীদের ভিসার অসুবিধা তুলে ধরেন। এ বিষয়ে থাই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন। প্রধান উপদেষ্টা দুই দেশের বাণিজ্য, শিপিং এবং সামুদ্রিক সম্পর্কের উন্নয়ন এবং আকাশ সংযোগ বৃদ্ধিরও আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ভ্রমণ সময় কমিয়ে আনা সম্ভব হবে। যেটা আগে ছিল এবং ব্যবসা ও বাণিজ্যিক ইতিবাচক প্রভাব রেখেছে। থাই প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান হওয়াতে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবোলের প্রতি শ্রদ্ধা জানান, যিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেওয়াতে ভূমিকা রেখেছিলেন।
থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস
শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শ্রীলংকার প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। অর্থ উদ্ধারে প্রক্রিয়া ত্বরান্বিত করতে শ্রীলংকার সংসদ সম্প্রতি একটি নতুন আইন পাস করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিদেশে পাচার হওয়া বিলিয়ন ডলারের বেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন কামনা করেন। দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর জোর দেন, বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জানান।
লুটপাট হওয়া অর্থ ফেরাতে শ্রীলংকার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ জানিয়েছেন, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে বাংলাদেশ এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে। মিয়ানমার আরও জানিয়েছে, বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। এটি রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো একটি নিশ্চিত তালিকা, যা সংকট সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে সরকার।
রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি: ১ লাখ ৮০ হাজার জনের নাম চূড়ান্ত
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের উদ্যোগে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানসনে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক মানুষ অংশ নেন। সেখানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহিন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম। মেয়র এরিক এডামস নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের প্রসংশা করেন। বাংলাদেশি মানুষের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে বলে জানান।
নিউইয়র্কে বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠিত
শুক্রবার এগারোটায় খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ সভাপতি ছিলেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিস নেতারা মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল
ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। বৈঠকে দুই সরকারপ্রধান স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আজ প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেক চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে। এ সময় আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা সর্বসম্মতি ক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। প্রধান উপদেষ্টা রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান ও সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা একটি অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী বিমসটেকের প্রতি স্বীকৃতির বিবৃতি দেন।
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া অধ্যাপক ইউনূস আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন। এর আগে গতকাল থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই গতকাল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
থাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
বিমসটেক সম্মেলনের পাশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপাক্ষিক এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের পুনরুল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জনগণের জন্য বাস্তবসম্মত সুফল বয়ে এনেছে। এমন কোনো বক্তব্য বা প্রচার এড়িয়ে চলা উচিত যা পরিবেশকে নষ্ট করতে পারে। সীমান্ত প্রশ্নে বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশেষ করে রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা জরুরি। নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান। এই সময় মোদি বিমসটেকের চেয়ারম্যান হওয়াতে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব।
দ্বিপাক্ষিক আলোচনা-সমঝোতার মাধ্যমে সব বিষয় সমাধান সম্ভব: মোদি
ওয়াকফ বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমীনের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। বিলের আওতায় দুজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে। ভারতে মুসলমানদের দান করা ওয়াকফ সম্পত্তি— ৩৮ লাখ একর জমির ওপর সরকারের নিয়ন্ত্রণ নিচ্ছে। ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। আগামীকাল কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে। তার দাবি, এই বিল পাস হলে, দেশের প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলো নয়। এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না।
বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে ওয়াইসি বললেন এই বিল অসাংবিধানিক
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার প্রধান বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং আমরা সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য। তিনি থাই বিশিষ্টজনদের বলেছেন, ‘আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের, তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক গোষ্ঠীর পূর্ণ সদস্য হওয়া।’ বৈঠকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজীবা, সাবেক এক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকার, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের নেতারাও অংশ নেন। প্রধান উপদেষ্টা ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে বলেন, এই অভ্যুত্থান একজন নিষ্ঠুর স্বৈরশাসককে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি বলেন, বাংলাদেশ আশা করছে আসিয়ানের সদস্যপদ অর্জনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ আসিয়ানের শীর্ষ দেশগুলোর সমর্থন পাওয়া যাবে।
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
পল্লবীতে ছিনতাইকারী সন্দেহে আটক যুবককে ছেড়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে এসআই আশরাফুলের বিরুদ্ধে। পুলিশ হেফাজতে ভুক্তভোগী রিয়াদ হোসেনের (৩৪) মৃত্যুর পর টাকা ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার। তবে অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগীর বিরুদ্ধে ছিনতাইয়ে জড়িত থাকার কোনো আলামত না পেলেও ‘স্থানীয় অপরাধী গ্রুপে যুক্ত থাকার তথ্য রয়েছে’ বলে দাবি পুলিশের। তবে নিহতের স্ত্রীর দাবি, পাবলিক নয়, পুলিশ মেরেছে। এছাড়া সে অপরাধের সাথে যুক্ত নন বলেও জানান। ওদিকে ওসি বলেছেন, পুলিশ মারেনি, সিসিটিভি ফুটেজ রয়েছে। ঘুষের ব্যাপারে অভিযোগ করলে তদন্ত করা হবে।
পুলিশ হেফাজতে রিয়াদের মৃত্যু, স্ত্রীর দাবি পুলিশি নির্যাতন ও ঘুষ নিয়েও মৃত্যুর পর ফিরিয়ে দেওয়ার
বুধবার ভারতে মুসলিম ও বিরোধী রাজনীতিকদের আপত্তির পরও লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ বিল। ভারতের বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজির ভাবে খর্ব করে দিচ্ছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর দাবি, নতুন আইনের ফলে রাজস্ব বাড়বে। এই আইনের পক্ষে সাফাই গেয়েছে বিজেপি। আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডে অমুসলিম ও শিয়াদেরকেও ওয়াকফ বোর্ডে রাখতে হবে। কোনো সরকারি সম্পত্তি যদি কেউ ওয়াকফ বলে দাবি করেন, তাহলে তার তদন্ত করতে পারবেন কালেক্টরের ওপরের ব়্যাঙ্কের কোনো অফিসার। ওয়াকফ সম্পত্তির আয় যদি ১ লাখ টাকার ওপরে হয়, তাহলে সেই আয়ের অডিট করবেন রাজ্যের অডিটররা। ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দিতে হবে। নিষ্ঠার সঙ্গে ধর্ম পালনকারী মুসলিমরাই একমাত্র তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এছাড়া কোন সম্পত্তি ওয়াকফ, কোন সম্পত্তি ওয়াকফ নয়, এইটা নির্ধারণের এখতিয়ার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নতুন ওয়াকফ আইনে মুসলমানদের উপর নিষ্ঠুর আঘাত, নিয়ন্ত্রণ হারাবে ওয়াকফ সম্পত্তির
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন। এরপর বিমসটেক বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালে লাখ লাখ সাধারণ নারী-পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। কিন্তু গত পনেরো বছর জনগণ ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে।’ সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২ হাজার নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ এবং ১১৮ জন শিশু প্রাণ হারিয়েছে। তিনি বলেন, জনগণের অনুরোধে আমি সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কার গ্রহণ করবে। এই সময় তিনি সংস্কার প্রক্রিয়া তুলে ধরেন।
থাই বিশিষ্টজনদের সাথে প্রাতঃরাশের পর বিমসটেক সম্মেলনে ইউনুস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ
শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর আগে, বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে সাক্ষাৎ করেন। উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিমসটেক সচিবালয়ের ভূমিকার প্রশংসা করে আসন্ন সভাপতি হিসেবে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মহাসচিব ৩০তম বার্ষিকী উদযাপনে সহযোগিতা কামনা করলে উপদেষ্টা স্বাগত জানান এবং একটি বিস্তৃত পরিকল্পনা রূপরেখা তৈরি করতে বিমসটেক সচিবালয়কে উৎসাহিত করেন।
আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও শ্রীলংকার আহ্বান
বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রেস সচিব জানান, ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ব্যাংককে ইউনূস-মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিপুল জনসংখ্যাকে চ্যালেঞ্জ নয়, সম্ভাবনা বলে বলেন, বিমসটেক অঞ্চল বিশ্ব জনসংখ্যার এক-পঞ্চমাংশের আবাসস্থল। বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিকতার স্বপ্ন লালন করে সব দেশ ও জনগোষ্ঠী ন্যায্যতা, পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও যৌথ কল্যাণের ভিত্তিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে নবায়নযোগ্য জ্বালানি, সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ বাণিজ্য এবং জ্বালানি দক্ষতা ব্যবহারে এগিয়ে আসতে হবে। বাণিজ্য ও বিনিয়োগ প্রসার, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আন্তঃসীমান্ত গমনাগমন সহজ করা বিমসটেক জনগণের সমৃদ্ধ কল্যাণের মূল চাবিকাঠি। ইউনূস বলেছেন, বর্তমানে আন্তঃআঞ্চলিক বাণিজ্য মাত্র ৫ দশমিক ৯ শতাংশ। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতের নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০০৪ সালে স্বাক্ষরিত ‘বিমসটেক এফটিএ চুক্তি’ বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানিয়েছে, যা শেষ পর্যন্ত কানেক্টিভিটি বাড়াতে অবদান রাখবে।’ এই সময় তিনি সম্প্রতি পরিবহন চুক্তিতে স্থলবেষ্টিত সেভেন সিস্টার্স লাভবান হবে বলে জানান। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থের বদলে আঞ্চলিক স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে ডক্টর ইউনুস বিমসটেকের কার্যকারিতা বাড়াতে সংস্কারের পক্ষে জোর দিয়ে বলেন, বাংলাদেশ চেয়ারম্যান পদ গ্রহণ করেছে। বিমসটেকের উন্নয়নে কাজ করবে।
বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
শুক্রবার স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা গেছে।
ব্যাংককে বৈঠকে ড. ইউনূস-নরেন্দ্র মোদি
ভূমধ্যসাগরে বৃহস্পতিবার দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় ১৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গ্রিস উপকূলে নৌকাডুবিতে সাতজন এবং তুরস্কের উপকূলে নয়জন প্রাণ হারিয়েছেন। গ্ৰীস উপকূলে শুরুতে চারটি মরদেহ পাওয়া গেলেও পরে উপকূলরক্ষী বাহিনীর টহল নৌকাগুলো আরও তিনটি মরদেহ উদ্ধার করে। ত্রিশ জনের নৌকাটির বাকিদের উদ্ধার অভিযান চলমান। অপরদিকে তুরস্কের আয়ভাজিক জেলার কাছে নৌকাডুবির ঘটনায় নয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং পঁচিশজনকে উদ্ধার করা হয়েছে।
গ্রিস ও তুরস্ক উপকূলে নৌকাডুবি: প্রাণ গেল ১৬ অভিবাসীর
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে তিনটি স্কুলে আশ্রয় নেওয়া নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় ৩৩ শিশু ও নারী নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরও ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরাইল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ইসরাইলি বাহিনীর হাতে ১৫ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীর সাম্প্রতিক হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেছেন।
ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত আরও ১১২ ফিলিস্তিনি
জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসা (৭) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৫ মাস ১২ দিন পর দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সিএমএইচ-এ নিয়ে আসা হয়। ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় তার বাসার নিচে দাদী মায়া ইসলামসহ আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হন শিশু মুসা। ওই ঘটনার পর দিন মুসার দাদী মায়া ইসলাম মৃত্যুবরণ করেন। মুসার মাথার একপাশ দিয়ে গুলি প্রবেশ করে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর সিঙ্গাপুর পাঠানো হয়েছিল মুসাকে। মুসা পিতা মাতার একমাত্র সন্তান।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
ফরিদপুরের মুরুটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। দু'পক্ষের বাড়িঘর ভাঙচুরসহ লীগ সমর্থকের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া। অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্যা। জানা গেছে, দলীয় কোন্দল নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার পয বেলায়েত মোল্যার সমর্থক আজিজুল শেখকে (৪১) কুপিয়ে জখম করা হয়। এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সালথায় আ.লীগ-বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীতে গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মামুন হোসন বাপ্পি নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে ফুফাতো ভাই হোসেন ও মামতো ভাই মামুনের মধ্যে এ ঘটনাটি ঘটে। জানা যায়, হোসেন ও মামুনের মধ্যে বাগবিতণ্ডা এবং মারামারি হয়। একপর্যায়ে হোসেনের সহযোগিরা মামুনকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যেতে চায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে হোসেনের লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে । একপর্যায়ে মামুনের মাথায় ইট দিয়ে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পারিবারিক কলহের জেরে পল্লবীতে গোলাগুলি
আখাউড়ায় গত ১৫ মাসে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার দুপুরে গঙ্গাসাগরের অদূরে রেলব্রিজ এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ তরুণ নিহত হয়। গুরুতর আহত হয় আরও দুজন। ওই তরুণরা ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ওই দুজনসহ ১৩ জনের লাশ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ও ১ জন শিশু রয়েছে। ২০২৪ সালে এক বছরে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৬জন পুরুষ, ৯ জন নারী ও দুজন শিশু। নিহতদের বেশিরভাগ অজ্ঞাত পরিচয়ের। আখাউড়া রেলওয়ে থানা সেকশনের আখাউড়া-আশুগঞ্জ, আখাউড়া-মন্দবাগ ও আখাউড়া-মুকুন্দপুরের ১শ কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে গেল ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ২ এপ্রিলে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আখাউড়ায় ১৫ মাসে ট্রেনে কাটা পড়ে ৪৮ জনের মৃত্যু
ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে বিরোধী দল বিক্ষোভ করেছে ও সরকার ঘনিষ্ঠ কোম্পানিগুলোর পণ্য বয়কটের ডাক দিয়েছে। বুধবার সেই আহ্বান আরও বিস্তৃত হয় এবং এক দিনের জন্য কেনাকাটা বন্ধ রাখার কথা বলা হয়। এতে কিছু দোকান বন্ধ থাকে, যারা গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বলেছেন, ‘এই বয়কট অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা এবং এতে অন্যায্য বাণিজ্য ও প্রতিযোগিতার উপাদান রয়েছে। সরকারপন্থীরাও বয়কটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ফুটবলার মেসুত ওজিলসহ অনেকেই ‘বয়কট নয়, জাতীয় ক্ষতি’ হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের অবস্থান জানিয়েছেন। যদিও তুরস্কের প্রেসিডেন্ট বলছেন বয়কট টিকবে না!
মেয়র গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক, ডাক এলো বাণিজ্যিক বয়কটের
আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। এর প্রক্রিয়াও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস। গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। এরপর আইসিসির মুখপাত্র বলেন, "আইসিসির আইনি সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক।"
আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।