জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও সিটি কর্পোরেশন মিলে দালাল চক্রের সদস্য ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে দালাল চক্রের ১০ সদস্যকে আটক ও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। এরা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি বাণিজ্য, প্রতারণা এবং সুযোগ-সুবিধার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করছিল। দ্বিতীয় দিনের অভিযানে তিনজন দালালকে আটক করা হয়। যারা এ হাসপাতাল থেকে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করছিলো। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
পঙ্গু ও সোহরাওয়ার্দী হাসপাতালে যৌথ বাহিনীর দালালবিরোধী অভিযান, আটক ১০
ঢাকার কামরাঙ্গীরচরের সিলেট্যা বাজার এলাকায় স্থানীয় জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামের দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বলেছেন, তারা পলাতক আসামি ছিল এবং তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। ওই রাতেই তারা মামলার বাদিকে হুমকি দিতে এলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
কামরাঙ্গীরচরে গণপিটুনিতে নিহত ২, আহত ১
সিএমপির অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নগরীর রেস্তোঁরা, পোশাকের শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী, খুলশী, চকবাজার ও পাঁচলাইশ থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। ওই চার মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ভাংচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার আভিযান চলমান রয়েছে।
চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪ মামলায় গ্রেফতার ৮
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি নাগরিক। ভারত থেকে ফেরা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ১৪ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে।
১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
বিএনপি নেতা ফরিদ খান, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রেজা এবং যুবদল কর্মী কাজী পাভেলসহ ৯ জনকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে মাগুরা পারলা এলাকায় ফরিদ খানের ইটভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১টি এয়ারগান এবং বিভিন্ন ধরনের দেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- নূহুদারুল হুদা, আবদুল জলিল জুয়েল, শাহিন শেখ, আইনূল হোসাইন, ইলিয়াস খান ও সৈয়দ খায়রুল আলম শাওন।
আগ্নেয়াস্ত্রসহ বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী গ্রেফতার
শ্রীপুরে সাফারি পার্ক থেকে ক্রমশই দুর্লভ প্রাণীগুলো চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত মাসে সাফারি পার্কে বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টা বলেন, শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্যপ্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত করা উচিত। আরো বলেন, এ দুর্লভ প্রাণী চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্লভ প্রাণীগুলো রাখার বেষ্টনী এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। উপদেষ্টা হাসান পার্কের কোর সাফারি, আফ্রিকান সাফারি, হাতিশালা, পাখিশালা এবং চুরি হওয়া লেমুর বেষ্টনী ঘুরে দেখেন।
সাফারি পার্ক থেকে দুর্লভ প্রাণী চুরি হওয়ায় পরিবেশ উপদেষ্টার উদ্বেগ
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় বুধবার আরেকটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮শ জনকে। ওসি জানান, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। দুর্বৃত্তায়নে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্টে দোকানপাট বন্ধ করে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ইসরাইলবিরোধী আন্দোলনের নামে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। তারা বলেন, ব্যবসায়ীরা সবাই ফিলিস্তিনের ওপর এ হামলার বিরুদ্ধে আছে। সিলেটের মার্কেটে ইসরাইলি পণ্য যাতে এখানে না আসতে পারে সেজন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে। এ সময় তারা ইসরাইলি সব পণ্য বর্জনের আহবান জানান।
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আসামি ৮শ
ব্রাহ্মণবাড়িয়ার সেজামুড়া সীমান্তে মুরাদুর রহমান মুন্না (২৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে মারধর করে হত্যা করেছে বিএসএফ। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। মুন্নার পরিবার জানিয়েছে, সীমান্ত এলাকায় তার কৃষি জমি দেখতে গেলে বিএসএফের কয়েকজন তাকে বিনা কারণে ধরে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। বিজিবির টহলরত সদস্যরা মারাত্মক আহত অবস্থায় তাকে তুলে এনে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামায়াত এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
চট্টগ্রামে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মো. ইউসুফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহীদের পিতা। অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে লেখা হয়েছে- ভিকটিম ইউসুফ ঝর্ণাপাড়া আইস ফ্যাক্টরি সড়কে বরফের কারখানায় কাজ করতেন। প্রবল আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ইউসূফ দেওয়ান এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করার জন্য যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ইউসূফের স্ত্রীর বড় বোন তার স্ত্রীকে ফোন করে জানান, আন্দোলন চলাকালে দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে ইউসূফ মারা গেছে।
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, নওফেলসহ ২৫ জনের নামে মামলা
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষও এ উদযাপনের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হবে। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশটি সরকারি তিনটি মাদ্রাসার অধ্যক্ষ এবং দেশের সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
কাঠমুন্ডুতে বিমসটেক সদস্য দেশগুলোর কৃষি বিষয়ক মন্ত্রীদের বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, কৃষি, পশু ও মৎস্য সম্পদ কেবল অর্থনৈতিক খাতই নয় বরং এগুলো এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা, জীবনধারণ ও গ্রামীণ উন্নয়নের মূল স্তম্ভ হিসেবে বিবেচিত। কৃষি এ অঞ্চলের কোটি কোটি জনগণের উন্নতিতে উৎপাদন ও কর্মসংস্থানের মূল চালিকাশক্তি। কিন্তু এ খাত জলবায়ু পরিবর্তন, অসম বণ্টন, বাণিজ্য ঘাটতিসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ সমস্যা থেকে উত্তরণে উপদেষ্টা পারস্পরিক সমন্বয়, টেকসই সহযোগিতা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা মৎস্য জোগান ও চাহিদার গুরুত্ব উল্লেখ করেন, জলবায়ুর প্রভাব থেকে বাঁচতে একসাথে কাজ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার নেতৃত্ব দিতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য নিশ্চিত করতে পারে: কৃষি উপদেষ্টা
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় তখন এটা আইন মেনে চলে না। এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে-যারা গণঅভ্যুত্থান করল তারা নিজেদেরকে নতুন করে গঠন করার জন্য নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। কিন্তু আমরা উল্টোটা করেছি। ফরহাদ মজহার বলেন, আমরা জীবন দিলাম, সাঈদ-মুগ্ধরা জীবন দিলো। জীবন দিয়ে আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। শেখ হাসিনা তো নাই তাহলে কিভাবে ক্ষমতা তুলে দিলাম? শেখ হাসিনার ভূত এখনও দেশে আছে। তিনি বলেন, এই ভূতের নাম সংবিধান। যে ফ্যাসিস্ট সংবিধান তিনি লিখে গেছেন, এই পুরো রাষ্ট্র ফ্যাসিস্ট সংবিধান অনুযায়ীই চলে।
রাষ্ট্র এখনও শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে চলছে: ফরহাদ মজহার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল। জেলা প্রশাসক কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিনিধিদলকে পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান। পরে পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানবসভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান।
পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল
মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে তাকে আবারও আর্থিক সহায়তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে সম্প্রতি দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন।
বিমান তৈরি করা জুলহাসকে আরও আর্থিক সহায়তা দেবেন তারেক রহমান
লালপুর থানা থেকে জেলা ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হকসহ এক উপপরিদর্শক এবং দুইজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সরকারি কাজে বাধা দিয়ে যারা থানা থেকে আসামি ছিনতাই করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে অনুরোধ রাখায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার দিবাগত রাতে ট্রাম্প চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপিত পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এর কিছু সময় পরই এক ফেসবুক পোস্টের মাধ্যমে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পোস্টে দেওয়া বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। আমরা আপনার বাণিজ্যনীতির প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা বলব যে, এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতিপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সব কর্মকাণ্ড পরিচালনা করছেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বৈঠকে বসছে বিএনপি
বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। ট্রুথে ট্রাম্প লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, চীনের ওপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫ শতাংশ হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি বলেন, "আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম—পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং, যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।" এই ঘোষণার পর শেয়ার সূচক বাড়ছে! এর আগে প্রধান উপদেষ্টা তিন মাস স্থগিতের চিঠি দিয়েছিলেন।
ট্রাম্পের বিশ্বজুড়ে অতিরিক্ত শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত, চীনের ক্ষেত্রে বেড়ে ১২৫%
কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফর আগামী ২২-২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে ২১ এপ্রিল তিনি কাতারের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেবেন। এ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন। কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপখাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন ড. ইউনূস
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ২০২০ সালে বর্ধিত করা হয়। এর ফলে গত পাঁচ বছরে ভারতের বিমানবন্দরগুলোতে ‘উল্লেখযোগ্য জট’ দেখা দেয়। এতে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে এবং সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, এ কারণেই ভারতের মধ্য দিয়ে বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও, নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়বে না: ভারত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচনে অংশ নিন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। দুদু বলেন, ‘বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলতে চাই, হাসিনার দিকে একটু তাকান। আরও বলেন, ‘শহিদ জিয়া প্রমাণ করে গেছেন, একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিতপ্রাণ হতে পারে। তার হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকিস্বরূপ। কারণ, বিএনপির একমাত্র পছন্দের বিষয় হলো গণতন্ত্র। শেখ মুজিবের সাড়ে তিন বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
প্রধান উপদেষ্টাকে দুদু: পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব নিন
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এর পরেও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তিনি বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতিতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। সময় তা বলে দেবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস: ইসি আনোয়ারুল
মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’। দায়িত্ব পেয়ে খলিলুর রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং এগিয়ে নেয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ওয়াকফ বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার দুটি থানা এলাকায় পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বিক্ষোভ থেকে। পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটায়। মমতা ব্যানার্জি বলেছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উসকানিতে পা দেবেন না।
পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভে সহিংসতা, ইন্টারনেট বন্ধ
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুদকে এসেছি। আমাদের অভিযোগগুলো লিখিতভাবে জানিয়েছি।’ কাদের বিরুদ্ধে জানতে চাইলে বলেন, ‘এটিও ভেরি কনফিডেনসিয়াল। বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’ সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। এজন্যই এসেছি।'
দুদকে হাসনাত-সারজিস: হাসনাত, আমরা কিছু অভিযোগ নিয়ে এসেছি
বুধবার তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন ও পাকিস্তান টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। উপদেষ্টা পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ: বিটিভি ও পিটিভি এবং বাসস ও এপিপি'র মধ্যে সমঝোতা স্মারকের আগ্রহ
সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে গণঅধিকার পরিষদ। প্রায় ৮৫ শতাংশের সঙ্গে একমত এবং বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত ও দ্বিমত পোষণ করেছে দলটি। প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে নির্বাচন নিশ্চিত করা; একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না; দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না; এনসিসি গঠনে একমত পোষণ করেছে গণঅধিকার পরিষদ। পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়েছে ও সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করেছে দলটি। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে।
এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে ‘বহুত্ববাদে’ দ্বিমত
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার নামে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’ থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, তার ছোট বোন রেহানা সিদ্দিক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বর্ণিত অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই অ্যাকাউন্টটি অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।
হাসিনা পরিবারের স্বার্থ-সংশ্লিষ্ট ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
পিটিআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তিনি দলের সিনিয়র নেতা আজম স্বাতীকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, এই সংলাপের উদ্যোগ তার কোনো ব্যক্তিগত মামলা বা আইনি সুবিধা পাওয়ার জন্য নয়, বরং কেবল পাকিস্তানের বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছে। আরো বলেন, বর্তমান সরকারের সঙ্গে পিটিআই আর কোনো আলোচনায় নেই, কারণ তিনি মনে করেন, এই সরকারের হাতে প্রকৃত কোনো ক্ষমতা নেই।
ইমরান খান জানিয়েছেন, তিনি দলের সিনিয়র নেতা আজম স্বাতীকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ দিয়েছিলেন
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মধ্যে ৯ জনের সম্মিলিত সম্পদ থেকে অন্তত ৩৭০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। শুধুমাত্র ওয়ারেন বাফেটই ব্যতিক্রম, ১১.৫ বিলিয়ড ডলার বাড়িয়েছে। মাস্ক ১৩৫ বিলিয়ন ডলার হারিয়েছেন। ল্যারি এলিসনে্য ৪৪.৯ বিলিয়ন ডলার ক্ষতি, জেফ বেজোসের ৪২.৬ বিলিয়ন ডলার ক্ষতি, ল্যারি পেজের ৩৪.৭ বিলিয়ন ডলার ক্ষতি, সার্গেই ব্রিনের ৩২.৫ বিলিয়ন ডলার ক্ষতি, বার্নার্ড আর্নো্য ২৬.২ বিলিয়ন ডলার ক্ষতি, মার্ক জাকারবার্গের ২৪.৫ বিলিয়ন ডলার ক্ষতি, স্টিভ বালমারের ২০.৪ বিলিয়ন ডলার ক্ষতি, বিল গেটসের ৯.৪৫ বিলিয়ন ডলার ক্ষতি! এই বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে প্রযুক্তি খাতেও বড়ি ধাক্কা আসবে। চীন অলরেডি এ খাতে রপ্তানি নিয়ন্ত্রণ করে ইঙ্গিত দিয়ে রেখেছে।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধেই বিপর্যয়, বিশ্বের ৯ ধনীর ক্ষতি ৩৭০ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত লন্ডন সফর করেন। সফরে চুরি হওয়া বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রচেষ্টা এবং আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ কর্মশালা। গভর্নর সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের প্রধানও। যুক্তরাজ্যের সংসদ ভবনের পোর্টকুলিস হাউসে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর প্রধান অতিথি ছিলেন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জো পাওয়েল, রূপা হক, ব্যারোনেস উদ্দিন এবং সাবেক লর্ড চ্যান্সেলর ও বিচারমন্ত্রী অ্যালেক্স চক। গভর্নর পাচার টাকা উদ্ধারে সহায়তা ও পাচারকারীদের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে এশিয়া বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠকে তিনি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আইনী প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গভর্নরের নেতৃত্বে লন্ডনে টাস্কফোর্স: পাচার হওয়া সম্পদ ফেরাতে জোরাল কূটনীতি
আদাবরের একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, আকাশ দেওয়ান (২১), জালাল দেওয়ান (৬৮), মাসুদ (২৩), শামীম (২২), জসিম (২১) ও ফরিদ (২৫)। তারা সবাই ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্য। তারা শ্যামলী হাউজিংয়ের একটি বাড়িতে প্রতিদিন রাতে জড়ো হতেন। এরপর সেখান থেকে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও ডাকাতিতে নেমে পড়তেন। সেনাবাহিনী খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি হাতবোমা, ১৬টি চাপাতি, দুটি সামুরাই, দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি রাম দা জব্দ করে।
রাজধানীতে বোমা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬
জামায়াত সাবেক আমির গোলাম আযমের পুত্র আমান আযমী বলেছেন, ১৯৭০ সালের ১৮ জানুয়ারি পল্টন ময়দানে জামায়াতের সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাবার ওপর হামলা করলে বাবাকে বাঁচাতে দুজন শহীদ হন। এ ঘটনার পরে আব্বা আহত নেতাকর্মীদের নিজ হাতে সেবা করেছেন। আমাদের বাড়ির পাশে একটি টিনের ঘরে অনেক আহত নেতাকর্মী কয়েকদিন পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, ৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর গভর্নর এমএন হুদা বাবাকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। কারণ তিনি সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনার স্বাধীনতা হারাতে চাননি।
৭০ সালে জামায়াতের সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা থেকে বাবাকে বাঁচাতে দুজন শহীদ হন: আমান আযমী
চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ককে নিপীড়ণমূলক আখ্যা দিয়ে তারা এই শুল্ক আরোপ করেছে। দু’দেশের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাব বৈশ্বিক অর্থনীতির জন্য নেতিবাচক হবে। বেইজিং জানিয়েছে যে, ‘দ্বন্দ্ব’ নিরসনে তারা মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী। বুধবার বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয় রাষ্ট্রের জন্য লাভজনক হয়। বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থাকাটা ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে। তবে নিজেদের স্বার্থ ঠিক রাখার প্রতি জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন
হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি বুধবার বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হয়েছে। আওয়ামী লীগকে গণহত্যার জন্য বিচার করা উচিত এবং তার নিবন্ধন বাতিল করতে হবে বলে সম্মত হয়েছে। হেফাজত ও এনসিপি আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার এবং নিষ্পত্তি করার বিষয়েও একমত হয়েছে। এছাড়া তারা লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বিচারের শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে। উভয় দল নির্বাচন পূর্বে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার বিষয়ে একমত হয়েছে। তারা নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পক্ষে সমর্থন দিয়েছে।
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
গাজা ও রাফায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে এবং বীর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি। বিএনপির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একই দিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র্যালি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। তবে আরও বিস্তৃত সংস্কারের পথ বেছে নেওয়া হলে জুনের মধ্যে নির্বাচন হতে পারে।’ উইন্টারটন বলেন, ‘আমাদের একসঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সংস্কারের দিক নির্দেশনা দেখে আমরা সন্তুষ্ট।’ রূপান্তরকাল অতিক্রম করছি বলে প্রফেসর ইউনূস বলেন, ‘বর্তমানে আমাদের নার্সের অভাব রয়েছে। কিন্তু নার্সিং শুধু জাতীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও আরও নার্স তৈরি করতে চাই।’ এই সময় উপদেষ্টা সর্বক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরে অথবা জুনে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর ব্যবহারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এ আদেশ জারি করে, ২০২০ সালের একটি আদেশও বাতিল করা হয়। বর্তমানে ভারতের ভেতর দিয়ে যেসব পণ্য পরিবহনে রয়েছে, সেগুলো ভারত ত্যাগ করতে পারবে। ভারতের পোশাক রপ্তানিকারকরা আগেই এ সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছিল। এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে, যা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে যাতায়াত করত।
ভারত তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল
ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে এইচএসসির ফরম পূরণ করতে পারবেন। সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে তাদের ফি পরিশোধ করতে হবে। আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর আগে, ২ মার্চ থেকে শুরু হওয়া ফরম পূরণ চলে ১৭ মার্চ পর্যন্ত। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।
আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এইচএসসি ফরম পূরণ এবং ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করা যাবে
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত বলেছেন, নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স থাকে। তিনি বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, "গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে।" অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। আরো বলেন, বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে। খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা।
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: আমীর খসরু
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ প্রয়োজন। আর এর জন্য আমাদেরকে দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ এজন্য তিনি চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন—যেখানেই যান, বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করে বিনিয়োগের আহ্বান করেন। এমনটা হলে বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, ‘চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরকে আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। এছাড়া তিনি ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা প্রধান উপদেষ্টার স্বপ্ন বলে জানান।
বাংলাদেশে আশাব্যঞ্জক বিনিয়োগ আসলে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বিএনপি। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। আরও বলেন, আমাদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলেছেন তিনি।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি
‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন। জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে। এখন এ বিষয়ে সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কাজ সম্পাদন করা হবে। এরপর অনলাইন পদ্ধতি চালু হবে।
অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে আজই একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একাধিক পদ্ধতি দরকার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার কথা বলেছেন। আমরা ১৭৮টি দেশে স্টাডি করে দেখেছি ১১৫টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে দূতাবাসে, এরপর হচ্ছে পোস্টাল ব্যালট, এরপর হচ্ছে অনলাইন বা প্রক্সি ভোটিং। বাংলাদেশের প্রবাসীদের যে বিস্তৃতি তাতে দূতাবাসে সেটা সীমিত। এজন্য তিনটি পদ্ধতিকে শর্ট লিস্ট করেছি– পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। তিনি জানান, এই তিন পদ্ধতি নিয়েই গবেষণামূলক কাজ চলছে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আজই অ্যাডভাইজরি টিম গঠন: ইসি সানাউল্লাহ
স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন। এ ছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম। বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও এসএসসি ভোকেশনাল, দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করা যাবে না: ডিএমপি
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি জানিয়েছে, ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৮২৬ জন। একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন। আগের বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, প্রাণহানি ২০.৮৮ শতাংশ ও আহত ৪০.৪১ শতাংশ কমেছে।
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ঝরেছে ৩২২ প্রাণ
বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ হত্যাকাণ্ডের ৪ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার সকালে আবু সাঈদ হত্যার চার আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। চার আসামি হলেন- সাবেক এএসআই মো. আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেন। প্রসিকিউশন জানিয়েছে, আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। এছাড়া মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
আবু সাঈদ হত্যা: ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ, ৪ আসামি কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এর আগে, গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী জামিন পান। উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে উওরার নিজবাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি লিখেছেন, ৯ তারিখ সকাল থেকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল প্রোগ্রাম শুরু হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন প্রায় ৫০টি দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। ১১, ১২ ও ১৩ এপ্রিল বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড, স্পেশাল ইপিজেড, হাইটেক পার্ক এবং বিভিন্ন স্টার্টআপ ভিজিট করবেন। তিনি এই কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের ভিজিটের বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে মার্চ ফর গাজা প্রোগ্রামটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি না, এমন বিবেচনার জন্য অনুরোধ করি। এরপর তিনি প্রধান উপদেষ্টার ইসরাইলকে নিন্দা জানানোর বিবৃতিও উল্লেখ করেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পেছানোর অনুরোধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর
গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় প্রায় এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ তিনি বলেন, একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। এই সময় মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বিনিয়োগে অবদান রাখার জন্য পুরস্কার তুলে দেন: ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে।
বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস
লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কালে তাদের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যদি ইসরাইল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। ২০২৪ সালের ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতির ভারসাম্য ভেঙে পড়ে। সংঘাতে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে রকেট মজুতের বড় অংশ।
অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরাইলকে লেবানন ছাড়তে হবে
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পহেলা বৈশাখ পালন করবে বিএনপি। এজন্য বড় পরিসরে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে বৈশাখী যাত্রা থেকে শুরু করে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে দলটি। এছাড়া পান্তা আয়োজন, লোকজ গানের অনুষ্ঠান, বৈশাখী গ্রামীণ মেলা, হাডুডু খেলাসহ নানা আয়োজন থাকবে। সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশের কথাও ভাবছে তারা।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বিএনপি
বাংলাদেশে স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ। ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বিডা ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বিটিআরসি থেকেও এনজিএসও লাইসেন্স নিতে হবে। ইতোমধ্যে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া চলছে! ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। ইলন মাস্কের সঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ভিডিও কলে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে স্টারলিংকের পরিসেবা চালুর কার্যক্রম আরও গতিশীল হয়। চলতি বছর ভুটানে স্টারলিংকের সেবা চালু হয়েছে।
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বেশকিছু চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ আমদানি শুল্ক ধার্যের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হচ্ছে আজ বুধবার থেকেই। গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বেইজিং নতুন শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে কার্যকর করছে চীন।
চীনা পণ্যে ১০৪% মার্কিন শুল্ক কার্যকর আজ থেকেই
হুথি সশস্ত্রবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়েমেনের হোদেইদার আশপাশে চালানো সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হামলাটি আবাসিক এলাকার একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা বিদ্রোহী নেতাদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ‘ডিক্যাপিটেশন ক্যাম্পেইনের’ অংশ হতে পারে। এর বাইরে উত্তর ইয়েমেনের আমরান প্রদেশেও কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে হুথিরা। সেখানে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইল-হামাস যুদ্ধকে ঘিরে ইয়েমেনে মার্কিন বিমান হামলা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন নিহত হয়েছে।
ইয়েমেনের হোদেইদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলা: নিহত ২, আহত ১৩
ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছেন। ১৫৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছাদধসে পড়ার সময় সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড দল গান পরিবেশন করার সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়।
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬
জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে, যুবসমাজের জন্য বাস্তবমুখী উদ্যোগসহ সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, 'বাংলাদেশের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানো। এ উদ্যোগগুলো সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে ধাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানসহ সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। পরে ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক উচ্চ-স্তরের পার্শ্ব-অনুষ্ঠানে বক্তৃতা দেন। মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
জাতিসংঘে ৫৮তম সিপিডি অধিবেশন: স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের চেয়ে বেড়ে হয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৮১ শতাংশে নেমেছিল। আইএমএফের শর্ত অনুযায়ী এখন প্রতি তিন মাস পরপর জিডিপির হিসাব প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদন থেকে দেখা যায়, কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। শিল্প খাতেও প্রবৃদ্ধি আগের তুলনায় বাড়ছে। তবে এ খাতে বাড়ার গতি ধীর।
অক্টোবর ডিসেম্বর প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে: বিবিএস
লন্ডনে আইএমও ডেলিগেটস লাউঞ্জে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিলর পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আইএমও মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা আসন্ন নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত সমর্থন কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের অবস্থান, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইএমওর কনভেনশন বাস্তবায়ন, ডিজিটাইজেশন এবং নারীর অংশগ্রহণসহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি আইএমও সচিবালয়ে একটি বাংলাদেশি রেপ্লিকা জাহাজের মডেল উপস্থাপন করেন। এরপর এই প্রথম উপদেষ্টার উদ্যোগে আইএমও সদর দপ্তরে বাংলাদেশি রেপ্লিকা জাহাজ স্থাপন করা হলো।
আইএমও কাউন্সিলের সদস্য পদে প্রার্থিতা ঘোষণা বাংলাদেশের
জোড়া খুন মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে সন্ত্রাসবিরোধী মহড়া দেওয়ায় লাইভে এসে তার স্ত্রী তামান্না শারমিন বলেছেন, ‘আমার হাজবেন্ড কি কুরবানির গরু যে তাকে রশিবেঁধে মাইকিং করে রাস্তায় রাস্তায় ঘোরাতে হবে। ওসি আরিফ চাইলেই তো তাকে গুলি করে মারতে পারে। এত অপমান করার কী দরকার। এতে কী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না!' এক ডজনেরও বেশি মামলার আসামি ছোট সাজ্জাদকে পুলিশ গত মাসে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে। এর আগে সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসি আরিফকে ল্যাংটা করে পেটানোর হুমকি দিয়েছিলেন। গ্রেফতারের পর ফেসবুক লাইভে এসে সাজ্জাদের স্ত্রী দম্ভ করে বলেন- কাড়ি কাড়ি টাকা খরচ করে তিনি তার স্বামীকে জেল থেকে বের করে আনবেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ‘অপরাধে’ তার প্রতিদ্বন্দ্বী গ্রুপের আরেক সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলাকে হত্যার পরিকল্পনা করেন কারাবন্দি সাজ্জাদের স্ত্রী তামান্না।
ছোট সাজ্জাদকে নিয়ে সন্ত্রাসবিরোধী মহড়া দেওয়ায়; ‘আমার হাজবেন্ড কি কুরবানির গরু’ লাইভে ক্ষোভ সাজ্জাদের স্ত্রীর
গাজায় সরাইলের মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্থানীয়া এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা গাবতলা মসজিদ থেকে মিছিল শুরু করে বিভিন্ন গ্রোসারি শপ ঘুরে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও ফেস্টুন বিতরণ করেন। দোকানদারদের আহ্বান জানানো হয়- ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দেশীয় পণ্যে মনোযোগ দেওয়ার জন্য। অনেক দোকানি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের দোকানে থাকা ইসরাইলি পণ্য বের করে এনে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করেন। তারা বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ; নারী, পুরুষ, শিশু সব বয়সি মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন মিছিলে। ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে বলে জানান।
তোমার টাকায় ইসরাইল যেন গাজায় বোমা না ফেলে: বিক্ষোভকারীরা
নাটোরের লালপুরে গ্রেফতারের পর ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। জানা যায়, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের মামলায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। পুলিশ তাকে ছেড়ে দিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানা থেকে জোর করে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে চলে যান। পুলিশ সুপার বলেন, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
থানায় আটক ছাত্রদল নেতাকে জোর করে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে জনসচেতনতা বৃদ্ধি করতে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বর্ষায় তারা ডিএনসিসির প্রতিটি এলাকায় গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মানুষকে সচেতন করবে। এছাড়াও ডিএনসিসির মশক কর্মীদের নিয়মিত ওষুধ ছিটানোর কাজে তদারকি বাড়ানো হবে। কোনো কর্মীর অবহেলা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, এছাড়াও বর্তমানে যেসব মশার ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলো কতটা কার্যকরী তা ল্যাবে আরও পরীক্ষা নীরিক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করব। ডিএনসিসির মশককর্মীদের কাজ যেন সঠিকভাবে তদারকি হয় সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি সোসাইটি গুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে আদানি, আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীসহ রেহাই পায়নি প্রায় কোনও সংস্থাই। লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করতে থাকেন। ফলে সোমবার সর্বাত্মকভাবে ধসে পড়ে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’-এর ‘নিফটি’-তে সোয়া তিন শতাংশ পতন লক্ষ্য করা যায় সোমবার। ওই একইদিনে প্রায় তিন শতাংশ পতন দেখা যায় ‘সেনসেক্সে’-এ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণা এর নেপথ্য কারণ। এদিকে ট্রাম্প প্রশাসনকে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে যে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস করবে!
ভারতের শেয়ার বাজারে ধস, রেহাই পায়নি টাটা-আম্বানির শেয়ারও
আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন।
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
বরিশালের মুলাদীতে ছাত্রদল ও যুবদলের মিছিলে ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা মিছিলের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী। এ সময় ছোটাছুটি করতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ ছাত্রদল-যুবদল কর্মীরা উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এ ঘটনার পরে জুবায়ের আহমেদ জুয়েলের বাসা থেকে তার ভগিনীপতি জসিম পাটোয়ারীকে পুলিশ আটক করেছে। তবে ওসির দাবি, ভিন্ন মামলায় আসামি জসিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রদল-যুবদলের মিছিলে ছাত্রলীগের হাতবোমা, আহত ৫
ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সানি সরকার নামে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ হিযবুত তাহরীরের ব্যানার নামানোর কথা বলায় এ হামলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ দায়ের করেছেন তিনি। সানি সরকার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। এ সময় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি আহ্বায়ক আব্দুল কাদেরও হেনস্তার শিকার হন। হামলার ঘটনায় বুধবার বেলা ১১টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী কর্মসূচি ডেকেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। নিন্দা ও বিচার জানিয়ে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ!
হিযবুত তাহরীরের ব্যানার নামাতে বলায় ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র-জনতা। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর একটি হত্যাচেষ্টা মামলায় তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে।
জামিনের পর সাবেক এমপি আব্দুল আজিজকে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ফিলিস্তিন প্রসঙ্গে সংহতি আন্দোলনের সময় সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। খুলনা নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেনি।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২
নোয়াখালীর হাতিয়া দ্বীপের অন্তর্ভুক্ত ভাসানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়াবাসী। বিক্ষুব্ধরা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্ধীপের সঙ্গে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্দ্বীপের বাসিন্দা ও উপদেষ্টা ফাওজুল কবির খান। আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে এই উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। জানা যায়, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় ১৯৫৪ সালে। এর পর সাগরে জেগে উঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সঙ্গে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এখন সন্দ্বীপে নেওয়ার চেষ্টা চলছে!
ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ
রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহারের পরামর্শ দিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ইতোপূর্বে ২০০ কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। সহজ ডট কম-কে তিনি আরও আন্তরিক ও সতর্ক থাকার জন্য নির্দেশ দেন। সহজ ডট কম-এর প্রতিনিধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, টিকিট কালোবাজারী প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে।
অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ রেল উপদেষ্টার
মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদিকে মামলার এক মাস কেটে গেলেও দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন শিশুটির বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় দীর্ঘ দেড় মাস পর খুলেছে বিদ্যালয়টি। গতকাল সোমবার বিদ্যালয় চলাকালে শিশুর শিক্ষকরা জানান, তারা বিদ্যালয়ে এসে খুব কষ্ট পাচ্ছেন। তারা এর জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাইছেন। ডিআইজি জানিয়েছে, অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এর আগে প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।
মাগুরায় শিশু ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় মিলল হিটু শেখের সংশ্লিষ্টতা
"অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশ আগে এক্ষেত্রে র্যাঙ্কিংয়ে ৪০তম ছিল, ৮ মাসে পিছিয়ে এখন ৪৭তম হয়েছে" এ দুটি দাবিকে রিউমর স্ক্যানার ভুয়া বলে চিহ্নিত করেছে। প্রকৃতপক্ষে তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। এই র্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত। ২০২৩ সালেরটি প্রকাশিত হয় সে বছরের ০৬ সেপ্টেম্বর, বাংলাদেশের অবস্থান পাওয়ারে ৪০তম, ওভারঅল: ৬৯তম! তবে বাংলাদেশ যে ২৪ এ ৪৭তম হয়েছে, এইটা সত্য, তবে আওয়ামী আমলেই হয়েছে!
বাংলাদেশ অন্তবর্তী সময়ে নয়, আওয়ামী আমলেই ৪৭তম ক্ষমতাধর দেশ হয়েছে: রিউমর স্ক্যানার
বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের দোসররা জড়িত। টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট করছেন, তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন, তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা সাবধান হয়ে যান। যারা ভাঙচুর করেছেন, তারা আওয়ামী লীগেরই প্রেতাত্মা।
ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে আওয়ামী দোসররা জড়িত: টুকু
চীনা বিনিয়োগকারীদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনও এত অনুকূল পরিবেশ ছিল না। তিনি বলেন, বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে। বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের ১০ তারিখে কোরিয়ান এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মাসিক প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করবেন। বিভিন্ন সমস্যা শোনার জন্য তাদের কয়েকটিতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। অভিযোগ নিবন্ধন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য একটি হটলাইন এবং কল সেন্টার পরিষেবা প্রতিষ্ঠারও প্রস্তাব করেছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের এখানে বাজার তৈরি রয়েছে। আপনি নেপাল এবং ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোতেও সরবরাহ করতে পারেন। বিনিয়োগকাতীরা বেশকিছু প্রোজেক্টে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।
বিনিয়োগের এত অনুকূল পরিবেশ এর আগে কখনও ছিল না: প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান দমাতে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ হারায় ২ হাজারেরও বেশি। এর তদন্তে নেমে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পায় জাতিসংঘ। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর কথা ভাবছে সরকার। এ নিয়ে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ এই ধরনের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করতে সক্ষম ও দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের এই বিচার করার সক্ষমতা আছে। ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা বাংলাদেশেই বাস করে বা আশপাশের দেশে আছে, সাক্ষীরা এ দেশের। আইসিসিতে তখনই যেতে হয় যখন কোনো রাষ্ট্র বিচার করতে অক্ষম। তিনি বলেন, তবে আইসিসি যদি আমাদের কোনো কারিগরি সহযোগিতা দেন সেটি অবশ্যই আমরা গ্রহণ করব।
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠাতে চাই না: চিফ প্রসিকিউটর
বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান। ক্রুগম্যান বলেন, জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বন্ধুস্থানীয় ও প্রতিবেশী দেশেও উৎপাদন করা প্রয়োজন, এতে সরবরাহব্যবস্থার ওপর ভরসা করা যায়। এ উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি। ক্রুগম্যান বলেন, উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা প্রকৃতই কঠিন। এর মধ্যে এমন অনেক কিছুই আছে যার কারণে শুল্কের প্রভাব কমে যায়-এই বাস্তবতায় উচ্চহারে শুল্ক আরোপ করেও বাণিজ্য ঘাটতি তেমন একটা কমানো সম্ভব নয়।
বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: ক্রুগম্যান
গাজায় ইসরাইল কর্তৃক মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত গণহত্যা চালানো ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফরা এতে উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি
সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট করা জুতা অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেখে পুলিশ ক্রেতা সেজে বিক্রেতাকে ধরে ফেলে এবং কিছু জুতা উদ্ধার করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. রাজন (১৯), কাজীটুলা
২. অরুণ মালাকার (৩৫), জানাইয়া, বিশ্বনাথ
৩. সুমন মিয়া রুপন (৩৫), সিদ্দরপাশা, জগন্নাথপুর, সুনামগঞ্জ
৪. মিজান আহমদ (৩০)
৫. মো. আব্দুল মোতালেব (৩৫), সওদাগরটুলা
৬. সাব্বির আহমদ (১৯), গোয়াইটুলা
৭. জুনাইদ আহমদ (১৯), কোম্পানীগঞ্জ
৮. মো. রবিন মিয়া (২০), মিরের ময়দান
৯. মোস্তাকিন আহমদ তুহিন (১৯), শাহী ঈদগাহ
১০. মো. দেলোয়ার হোসেন (৩০), দরগাহ গেইট
১১. মো. রিয়াদ (২৪), শেখঘাট
১২. মো. তুহিন (২৪), বালুচর নতুন বাজার
১৩. আল নাফিউ (১৯), বটেশ্বর বাজার
১৪. সৈয়দ আল আমিন তুষার (২৯), নোয়াখালী
১৫. মো. সোহেল খান (৪২), গোবিন্দ্রশ্রী, বিয়ানীবাজার
১৬. মো. রাকিব (১৯)
১৭. ইমন (১৯), কাজীটুলা
সোমবার রাতে শুরু হওয়া এই অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত বেশ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান ও অনলাইনে নজরদারি অব্যাহত রয়েছে।
সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভে লুটপাট, অনলাইনে জুতা বিক্রির ঘটনায় ১৭ জন গ্রেপ্তার
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন। জেলেদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনার নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে। উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি ভোলা আর ইলিশের বিভাগ হচ্ছে বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এ সময় জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। এই সময় উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়!
দাদন থেকে জেলেদের বাঁচাতে ব্যাংক করা হচ্ছে: উপদেষ্টা ফরিদা আখতার
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে; কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আরো বলেন, তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎমানুষ হতে হবে। পরীক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে- সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে। আরো বলেন, সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন।
পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত
ইসরাইলের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটে এআই প্রযুক্তি। এ নিয়ে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বিল গেটসের সামনে প্রতিবাদ জানিয়েছেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল। চ্যাটবট কো-পাইলটের নানা ফিচার উপস্থাপন করছিলেন এআই সিইও মুস্তাফা সুলেমান। এমন সময় ইবতিহাল আবুসাদ নামের এক কর্মী মঞ্চের দিকে এগোতে এগোতে তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। দাবি করছ যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তোমরা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করো। কিন্তু সাধারণ মানুষকে মারতে, ইসরাইলের অস্ত্রকে আরও উন্নত করতে, তেল আবিবকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করো তোমরা। ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে, আর তোমরা সেই কাজকে উৎসাহিত করছ, সহযোগিতা করছ! ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুড়ে চিৎকার করে বলেন, আমাদের এলাকায় গণহত্যা চালাতে এআইয়ের ব্যবহার বন্ধ করো, মুস্তাফা। প্রতিষ্ঠানটির আরেক কর্মী বানিয়া আগারওয়াল। চিৎকার করে তিনি বলেন, ‘তোমাদের ধিক্কার। তোমরা ভণ্ড।’ দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদী দুই কর্মী বরখাস্ত
দুই পরাশক্তির পরিবর্তনশীল অবস্থায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া জটিল বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত রেসপন্স পাওয়া যায়নি। তিনি বলেছেন, আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা গতকালই ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে। আমরা রেসপন্স করেছি, আমরা পজিটিভ কিছু প্রত্যাশা করছি। আমরাও সহযোগিতা করবো তারাও সহযোগিতা করবে। একটা উইন উইন অবস্থা।
যুক্তরাষ্ট্রকে দেওয়া চিঠির ইতিবাচক প্রভাব পড়বে: বাণিজ্য উপদেষ্টা
বিএফডিসি পরিদর্শন শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। শুটিং-এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সব কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বিএফডিসিকে লাভজনক করতে সরকার কাজ করছে: উপদেষ্টা মাহফুজ
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছে জান্তা সরকার। তবে রাখাইনের যে অবস্থা তাতে করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনই করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা চেয়েছি তাদের মুখ থেকে কথা আসুক। তারা স্পষ্ট করেছে, আড়াই লাখের মধ্যে তারা এক লাখ ৮০ হাজার তারা ক্লিয়ার করেছে এবং বাকি ৭০ হাজারকে তারা রিভিউ করছে। তিনি আরও বলেন, আমরা সেই সঙ্গে তাদের কাছে দাবি জানিয়েছি, আরও ৭-৮ লাখ যেটা আছে সেটা যেন তারা ত্বরান্বিত করে। এই তালিকা অ্যাপ্রুভ করা মানে এই নয় যে, কালকে তারা চলে যেতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়সহ সবাই মিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টি করা হোক এবং নিরাপত্তা ও অধিকার নিয়ে যেন তারা যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা
৫৪ তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করেছেন বাংলাদেশ। ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো হলো একটি অ-বান্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ; যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চৌধুরী আশিক বলেন, ‘এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে পারবে।’
নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেটের জামায়াত নেতারা। মঙ্গলবার বিকালে বন্দরবাজারের বাটা শু স্টোর, বনফুল, পিউরিয়া, মিরবক্সটুলার হোটেল রয়েল মার্কসহ ভাঙচুরকৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এরা তৌহিদী জনতা হতে পারে না। এদের একটাই পরিচয় এরা দুর্বৃত্ত। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা তৌহিদী জনতা হতে পারে না: জামায়াত নেতারা
ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচিতে তিনি বলেন, ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে। শুধু নিন্দা নয়, যারা ইসরাইলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে, সেই পরাশক্তিগুলোর বিরুদ্ধেও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের ভূমিকাও এ ঘটনায় প্রশ্নবিদ্ধ। ইসরাইল কখনোই জাতিসংঘের কোনো প্রস্তাব বা সিদ্ধান্তের প্রতি সম্মান দেখায়নি। এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের চরম অবমূল্যায়ন। তিনি দেশবাসীসহ বিশ্ববাসীকে ইসরাইলের এ গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান!
ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল হাসিনা সরকার: সালাউদ্দিন আহমেদ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে। জানা গেছে, জারুলিয়াছড়ি সীমান্ত পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে যান তৈয়ব। এ সময় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগেও সীমান্তে একাধিক এমন ঘটনা ঘটেছে!
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে, যুবকের পা বিচ্ছিন্ন
ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। বাদী উল্লেখ করেন, তিনি খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট করেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এর জেরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার
চীনা পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে মঙ্গলবার চীন জানিয়েছে, তারা ‘শেষ পর্যন্ত লড়বে’। এতে বিশ্ববাজারে আরও ধস নেমেছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর চীন পাল্টা ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এরপর ট্রাম্প হুমকি দেন যে চীন যদি পিছু না হটে, তাহলে সবমিলিয়ে চীনা পণ্যের উপর মোট শুল্ক হবে ১০৪ শতাংশ। চীনা মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজের পথে হাঁটতেই থাকে, চীন শেষ পর্যন্ত লড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি আবারও যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিংয়ের প্রকৃতি উন্মোচন করল।’
চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, শেষ পর্যন্ত লড়ার বার্তা বেইজিংয়ের
যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত। রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে। নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।
যৌতুকের মিথ্যা মামলায় বাদীকে সাজা, আসামি খালাস
পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনের মধ্যে
বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাফ নদীর মোহনা হতে আরাকান আর্মি ১১ জেলেসহ ৫টি ট্রলার ধরে নিয়ে গেছে। ৫টি ট্রলারের মধ্যে ২টি ও ১১ জেলের খোঁজ পাওয়া গেছে। বাকি ৩টি ট্রলার ও ওই ট্রলারগুলোতে কতজন জেলে ছিল এ তথ্য পাওয়া যায়নি। টেকনাফ ইউএনও বলেন, টেকনাফে যে ২টি ট্রলার আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন, সেই ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। যাতে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। বাকি ৩টি ট্রলারে কতজন জেলে ছিলেন ও তাদের কোথায় আটক করা হয়েছে বা কোথায় আটকে রাখা হয়েছে সেই বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জেলেদের ফেরত আনার জন্য অনুরোধ করেছেন।
১১ জেলেসহ ৫টি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। ইউএস নিউজের এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। ১২তম স্থানে রয়েছে ভারত। তবে মোট ৮৯টি দেশ নিয়ে করা এ তালিকায় পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে তালিকার ১৪তম স্থানে। ইসরাইলের নাম রয়েছে ১০ম স্থানে। শীর্ষ ৫০টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ৯ম, ইরান ১৬তম, সংযুক্ত আরব আমিরাত ১১তম, তুরস্ক ১৭তম, কাতার ১৯তম, কুয়েত ২৫তম, মিশর ৩২তম এবং জর্ডান ৫০তম অবস্থানে রয়েছে। বিশ্বজুড়ে নেতৃত্ব, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, শক্তিশালী রফতানি, আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির উপর ভিত্তি করে ২৪ সালে এই তালিকা করা হয়েছে।
বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম
গণঅভ্যুত্থানে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। জানা যায়, ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এই মামলার আসামি তুরিন আফরোজ।
শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
আসন্ন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট কতটুকু প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কি না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ তারিখে সিদ্ধান্ত হবে। এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে, বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে।
নববর্ষ সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: জাহাঙ্গীর আলম
গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। এ বিষয়ে আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে আইএসপিআর।
গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।