ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার হার্ভার্ডের আইনজীবীরা ট্রাম্প প্রশাসনের কাছে এক চিঠিতে প্রতিবাদী সুরে বলেছে, ট্রাম্প প্রশাসন ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্য যেকোনো ধরনের ‘গোঁড়ামি’ মোকাবিলায় হার্ভার্ডের প্রচেষ্টাকে ‘অবহেলা’ করছে এবং মার্কিন সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা লঙ্ঘন করছে। আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ‘তার স্বাধীনতা ত্যাগ করবে না’। এর আগে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভের কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন গত ৩ এপ্রিল হার্ভার্ডকে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বেশ কিছু দাবির একটি তালিকা পাঠিয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ৯ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল এবং অনুদান পর্যালোচনা করছে। সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্র সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬০ মিলিয়ন ডলার চুক্তিভিত্তিক অর্থায়ন স্থগিত করেছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন কুয়েট শিক্ষার্থীরা। এক ঘোষণায় তারা বলেন, "যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।" এরপর মিছিল নিয়ে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্য পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা
চীন বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটোনির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাকটর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টাররাও। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র। কারণ, গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবোট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেককিছু তৈরিতেই চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতোমধ্যেই বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশির ভাগটাই আসে চীন থেকে। অনেকেই বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। একে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বিরল খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করল চীন
ঢাবি দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সেই কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত পথ নকশা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।
ডাকসু নির্বাচন: আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে
আম্বেদকর জয়ন্তীর দিনে তেলেঙ্গানার কমারেড্ডি জেলায় দলিত কর্মীদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ উঠেছে। সোমবার লিংগমপেট মণ্ডল সদর দপ্তরে ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে যুক্ত দলিত কর্মীরা যখন বআম্বেদকরের ছবি সংবলিত ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন, তখন তাদেরকে পুলিশ আটক করে এবং একাধিকজনকে জোরপূর্বক পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, একজন দলিত কর্মীকে অন্তর্বাস পরিহিত অবস্থায় টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। কনস্টেবল রাজু জানান, ‘কয়েকজন বিআরএস কর্মী, যাদের গলায় দলের গোলাপি স্কার্ফ ছিল, ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন। বাঁধা দিলে সড়ক অবরোধ করার পর এই ঘটনা ঘটে!
ভারতে দলিত কর্মীকে আধা-উলঙ্গ অবস্থায় টেনে নিয়ে গেল পুলিশ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নের সবার লক্ষ্য এক। তবে সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে সামান্য ভিন্নতা আছে। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সব জায়গায় ঐকমত্য আছে, তার ভিত্তিতে দ্রুতই জাতীয় সনদ তৈরি করা যাবে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে বৈঠকে তিনি বলেন, স্প্রেডশিটের ‘কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশা করি, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব।’ অধ্যাপক বলেন, "আলোচনা টেবিলের দুই পাশে হলেও, এখানে পক্ষ দুটি নয়। আমরা সবাই একপক্ষ। আমাদের লক্ষ্য এক।" ববি হাজ্জাজ বলেন, 'আমরা সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব। লীগের মতো ফ্যাসিস্ট যাতে আর বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেই লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার।’
রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক, জাতীয় সনদ শিগগিরই : আলী রীয়াজ
গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিন পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। গত ২৬ ডিসেম্বর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশ আগুন দেওয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়!
গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক নারীর জোর করে হিজাব খুলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকেও লাঞ্ছিত করা হয়েছে। সোমবার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ভুক্তভোগী নারী ফারহিন ও শচীন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তখন পথিমধ্যে এই ঘটনা ঘটে।
উত্তরপ্রদেশে রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেনস্থা
ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের নিভৃত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।
সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নিরস্ত্র করার শর্তে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না। হামাস তার অবস্থানে অনড়, যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে। ইসরাইল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পন অন্তর্ভুক্ত।
নিরস্ত্র করার শর্তে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর, প্রত্যাখ্যান করল হামাস
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। এর ফলে নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছেছে। আহত আরও ১১৮ জন! এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
মেঘনা আলমের মূল টার্গেটে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীরা। হাইপ্রোফাইল এসব লোকের সঙ্গে কৌশলে সখ্য গড়ে ঘনিষ্ঠ হতেন, আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। এতে মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মো. দেওয়ান সমীর (৫৮)। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন (৫০ লাখ) ডলার দাবি করেছিল। পরে দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেফতার দেওয়ান সমীর ৫ দিনের রিমান্ডে আছে। মেঘনা আলম আছেন কারাগারে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেফতার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মেঘনা আলমের বিরুদ্ধে সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ও হাইপ্রোফাইলদের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরায় ফ্যাসিবাদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও দাহের মধ্য দিয়ে শেষ হল নববর্ষ ১৪৩২ এর আনুষ্ঠানিকতা। এ সময় হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারীরা। জুলাই রেভ্যুলেশন অ্যালেয়েন্স সদস্য ও কারুশিল্পী শিবলী হাওলাদার জানায়, প্রতিকীটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে পোড়ানো হয়েছে। ফ্যাসিবাদের প্রতি ঘৃণাই ছিল এই কর্মসূচির একমাত্র লক্ষ্য। প্রসঙ্গত, ঢাবি চারুকলায় নববর্ষকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার ডাইনি মুখাবয়ব রাতের আঁধারে পুড়িয়ে দেয়ার ঘটনায় উত্তরার মুগ্ধ মঞ্চে একরাতের ব্যবধানে ১২ ফুট উচ্চতার ফ্যাসিবাদবাদবিরোধী ডাইনি মুখাবয়ব তৈরি করে উত্তরার ছাত্র-জনতা।
উত্তরায় হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও দাহের মধ্য দিয়ে শেষ হল নববর্ষ ১৪৩২ এর আনুষ্ঠানিকতা
কাজল আরেফিন অমি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’ অমি আরও লেখেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল।
অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই
বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। টিউলিপ বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ ‘মিডিয়া ট্রায়াল’ করছে। আমার আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে লিখেছিলেন, কিন্তু তারা কোনো উত্তর দেননি। আরও বলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে—আমি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রকার গুরুত্ব দিতে বা কোনো মন্তব্য করতে পারি না।’ দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাত থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে। ববি হাজ্জাজ অভিযোগ করেছেন—টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশকে একটি চুক্তি করতে সাহায্য করেছিলেন। এই চুক্তিতে বাংলাদেশে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় অনেক বেশি ধরা হয়েছিল।
সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই: টিউলিপ
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের গাফেলতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহপাঠীরা অভিযোগ করে বলেন, আইসিইউ বিভাগে বিনা চিকিৎসায় মাইনুদ্দিনকে এক ঘণ্টা ফেলে রাখা হয়। এর পর একজন ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করেন। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভুক্তভোগী। চিকিৎসক শামীম আল আজাদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে চলে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীর অবস্থা গুরুতর হয়। তিনি এসে রোগী জীবিত পাননি। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না।
পটুয়াখালী মেডিকেলে চিকিৎসা অবহেলায় পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষার্থীদের বিক্ষোভে সেনা মোতায়েন
সোমবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে হয়েছে। এতে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও তুরস্ক। যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোকে দেওয়া হয়।’ আরো বলা হয়েছে, এই অগ্রগতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আশাবাদী অধ্যায়ের প্রতিনিধিত্ব করে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ভাগাভাগি করে প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করে।
তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠক: সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্ক
ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘ছাত্রদলের ভাই-বোনদের বিবৃতিটা চোখে পড়লো। আজকের ড্রোন শোতে শহিদ ওয়াসিমের ছবি না থাকায় তাদের ব্যথিত হওয়া শতভাগ যৌক্তিক। এই দুঃখ আমারও। যাত্রাবাড়ীর কোনো মাদ্রাসাছাত্রের ছবি না রাখতে পারার দুঃখও আছে। আরও অনেককে মিস করেছি আমি নিজেও। কিন্তু আইকনিক ইমেজ বাছাই, স্টোরিটেলিংয়ের থিমেটিক ফ্লো ঠিক রাখা এবং বেশি ইমেজ বাছাই করার সুযোগ না থাকাতে এই অবস্থায় পড়েছি আমরা।’ তিনি লিখেছেন, ‘মনে রাখবেন প্লিজ, আমি শহিদদের দলের ভিত্তিতে ভাগ করে গুরুত্ব বা কম গুরুত্ব দিয়েছি তা না। জুলাইয়ের সব শহিদই সমান। শুধু জুলাই না, এর আগের ১৬ বছরে গুম-খুনের শিকার সবার ত্যাগেই ফ্যাসিবাদের পতন। তারা প্রত্যেকেই আমাদের হিরো। আমার জুলাই-আগস্ট বা ২০১৪-১৫ সালের লেখালেখি পড়ার সুযোগ হলে দেখতে পাবেন আমি কী কী বলার চেষ্টা করেছি।’ আরো জানান, তবে জুলাই স্মৃতি জাদুঘরে সবই পাবেন। ফ্যাসিস্ট আমলের সব চিহ্ন থাকবে বলেন!
শহীদ ওয়াসিম আকরাম, মাদ্রাসা ছাত্র ও আরো অনেককে না রাখতে পারার দুঃখ আমারও, তবে ছিল কারিগরি সীমাবদ্ধতা: ফারুকী
২০১৫ সালে কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় এই হামলা হয়েছিল!
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরের মূল লক্ষ্য হলো—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা। এর আগে, গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকে দুই পক্ষই ‘গঠনমূলক’ ও ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছে। উভয় পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে। রোম আসন্ন এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হতে পারে। ইরান জোর দিয়ে বলেছে, আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। এদিকে ইউরোপ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তীক্ষ্ণ নজর রাখছে, যেন তাদের স্বার্থ রক্ষা হয়!
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলাপের সময়েই পরামর্শ নিতে রাশিয়া যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের সুমিতে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১১৭ জন। রাশিয়া এ হামলার দায় স্বীকার করলেও বলছে, এটি ছিল ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকের ওপর ‘ন্যায়সঙ্গত সামরিক হামলা’। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, হামলাটি হয়েছে পাম সানডে-র দিন। এ সময় অনেকেই প্রার্থনার জন্য গির্জায় যাচ্ছিলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘কেবল কাপুরুষরাই এমন কাজ করতে পারে’ বলে মন্তব্য করেন। এই হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানি ও ইতালি। ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়ঙ্কর’ অভিহিত করলেও বলেছেন, ‘আমি শুনেছি ওরা ভুল করেছে’। জাতিসংঘের মতে, যুদ্ধের প্রথম তিন বছরে ইউক্রেনে কমপক্ষে ১২,৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৯,৩৯২ জন আহত হয়েছেন।
সুমি হামলায় নিহত বেড়ে ৩৫, রাশিয়া বলছে সামরিক সভায় হামলা, ইউক্রেন বলছে বেসামরিকদের ইচ্ছেকৃত খুন
ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন। দীনা খালেদ জাউরুব গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বেশ পরিচিত ছিলেন। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি। খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরাইলি বোমা আঘাত হানে। এ হামলায় জাউরুব প্রাণ হারান।
ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন
এবারের হজে যেতে আগ্রহীদের জন্য এখনো মক্কা ও মদিনায় ২০টি এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি। ফলে বাড়িভাড়ার কাজ শেষ না হওয়ায় ১৩৫৮ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রোববার পর্যন্ত মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়া না করার কারণ ব্যাখ্যাসহ সোমবার রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার সব প্রক্রিয়া সম্পন্নকরণ করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। সর্বশেষ ৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। রোববার তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তাসনিফ প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
সময় ফুরিয়ে গেলেও বিশটি হজ্ব এজেন্সি বাড়ি ভাড়া না করায় ১৩৫৮ জনের হজ্ব যাত্রা অনিশ্চিত
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে সংঘর্ষ। বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়ি। এমনকি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ইউএনও মো. মাহফুজুল হক। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করে মামলা করেছে।
মাদারীপুরে দুই দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহতের পর ১৪৪ ধারা জারি
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। তার লাশ নিয়ে মিছিল করতে গলে আরও গুলিতে একজন নিহত হন।
জুলাই গণহত্যা: অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে কাজী ফজলে এলাহী (২৪) পদত্যাগ করায় সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরুপ মজুমদারসহ (২৭) কুপিয়ে আহত করেছে। দুই দফা হামলার ফলে ফজলে এলাহী চিকিৎসাধীন। ফজলে এলাহী সন্ধ্যায় বাদি হয়ে ছাত্রদলের বিতর্কিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরুপ মজুমদার(২৭), মো. আকিব(১৯) ও মো. শান্ত (১৯) সহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নতুন কমিটির বিরুদ্ধে ছাত্রলীগ ও কিশোরগ্যাঙদের যুক্ত করার প্রতিবাদে এলাহীসহ ৬ জন পদত্যাগ করেছিলেন।
নতুন কমিটির বিরুদ্ধে ছাত্রলীগ ও কিশোরগ্যাঙদের যুক্ত করার প্রতিবাদে পদত্যাগ করায় ছাত্রদলের সহসভাপতির ওপর হামলা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পাহাড় থেকে সমতল, সারা দেশে আজ নববর্ষের আমেজ। সবার অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে সারা দেশে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাতপণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তারা বাংলা একাডেমির মেলার মাধ্যমে এসব পণ্যের বিদেশে রপ্তানিযোগ্য করে তুলবে। উদ্যোক্তারা যেভাবে ৫ আগস্ট উত্তর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আরেকটি শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে দেশ। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। আজকের র্যালিতে সব জাতিগোষ্ঠী একসঙ্গে অংশগ্রহণ করেছে এবং একসঙ্গে আনন্দ করছে। আবুল কাসেম ফজলুল হক বলেন, বৈশাখী মেলার আয়োজন আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। বাংলা নববর্ষ আমরা উদযাপন করব জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে।
উদ্যোক্তারা আরেকটি বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে: আদিলুর রহমান
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় আওয়ামী লীগের দুই নেতার ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু স্বপন রায় ও গোলাম মহিউদ্দিন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) জিনাত আরা, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপেন্দ্রনাথ সিং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকসহ উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ র্যালিতে আ.লীগের ২ নেতা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসাছাত্র শহিদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর গলাচিপা বাঁশবাড়িয়া গ্রামে সোমবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। শহিদ রাব্বি ঢাকার মিরপুরের তালিমুল ইসলাম মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র ছিল এবং ১০ পারা কুরআন মুখস্থ করেছিল। উল্লেখ্য, ১৯ জুলাই শহীদ হন তিনি। কিন্তু ফ্যাসিস্টদের বাঁধায় লাশ বাড়িতে আনা যায়নি। মিরপুরে দাফন করা হয়েছিল।
গণঅভ্যুত্থানে শহিদ রাব্বির মরদেহ পুনরায় নিজ বাড়িতে দাফন
শ্রীপুরে ক্যাসিনো খেলার জড়িত থাকার অভিযোগে অভিযান পরিচালনা করে মূলহোতা মোশাররফ হোসেনসহ ৭ জন জুয়ারিকে আটক করে পুলিশ। এ পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্ত জুয়ারিরা। এতে জয়দেবপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে শ্রীপুর থানা হতে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আটককৃতরা হলেন- ক্যাসিনো পরিচালনার মূলহোতা মো. মোশাররফ হোসেন (৩১), সহযোগী মো. সেলিম মিয়া (৩২), মো. আবু বক্কর ছিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আব্দুর রহমান (৫২), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সোহেল রানা (৩৪)।
ক্যাসিনো জুয়ারিদের হামলায় ওসিসহ ৭ পুলিশ আহত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার আউটশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শামীম দেওয়ান শিক্ষার্থীকে জোর পূর্বক আউটশাহী ইউনিয়নের ভাসানী বাড়ির ভাঙা বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে শামীম দেওয়ান পালিয়ে যায়।
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেফতার করেছে পুলিশ
চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের জনতা ব্যাংক শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করে। সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই দুদকে অভিযোগ হস্তান্তর করা হবে।
৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহিদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা।’ নাছির বলেন, ‘আজ সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ‘ড্রোন শো’ হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে। শুধু শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। আবু সাঈদের একই সময়ে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।’ আরো বলেন, 'এনসিপিও আত্মপ্রকাশের কর্মসূচিতে শহিদ ওয়াসিম আকরামের নাম বলেনি। শহিদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ। তাই তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যত দিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহিদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।’
অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে: নাছির উদ্দীন নাছির
তিন দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। জানা গেছে, বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংষ্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে, তা জানতে চাইবেন। এ সফরের সময় তিনি সফরকালে বিএনপি, জামায়েত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। মিয়ানমারের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে বাস্তবায়নে বাঁধা হিসেবে দেখছে। এই কারণে গুরুত্বপূর্ণ এই সফর!
তিন দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আলোচ্যসূচির আলোকে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জরুরি সভায় উপস্থাপন করা হয়। তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট গ্রহণ করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরু হবে এবং সব আবাসিক হল আগামী ২ মে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এর আগে রোববার বিকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে রাত ৮টার মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে
মিরপুরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকেও খুঁজছে! এ ঘটনায় সোমবার মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন, হুর এ জান্নাত। অভিযোগ, অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা গ্রেফতার, জান্নাতকে খুঁজছে পুলিশ
প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন,‘ইউনূস স্যারের বাংলা নববর্ষের ভাষণ রেকর্ড করছিলাম। রেকর্ডিংটা করার জন্য বেছে নিয়েছিলাম যমুনারই ছায়াঘেরা এক সবুজ লন। রেকর্ডিং শুরু করব—কোথা থেকে উড়ে এলো একটা কোকিল। কুহু সুরে গান গাইতে শুরু করল আমাদের মাথার ওপরের গাছে বসে। স্যার হাসিমুখে বললেন, ‘যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর দরকার হবে না! সাড়ে তিন মিনিট ধরে চলল স্যারের ভাষণ। আর সেই কোকিল পুরোটা সময় গান গেয়ে সঙ্গ দিল আমাদের।’ এই ভাষণে প্রধান উপদেষ্টা জাতিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন উদ্যমে সামনে চলার প্রেরণা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তায় হঠাৎ কোকিলের গান, প্রধান উপদেষ্টা বললেন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না: প্রেস সচিব
সিঙ্গাপুরে সস্ত্রীক এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলে আসছি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতি আশা করছে যে বাংলা ১৪৩২ সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি অতীতের সব ধুলাবালি-জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখ সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’ ডিসেম্বরে নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এ সমস্যারও সমাধান হবে।
ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
সোমবার সন্ধ্যা ৭টায় চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ড্রোন শো'য়ের আয়োজন করা হয়। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে মানিক মিয়া অ্যাভিনিউতে সর্ববৃহৎ এ ড্রোন শো প্রদর্শিত হয়েছে। ঢাকার আকাশে দেখা গেল ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ‘আবু সাঈদ’, ‘পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ’, ‘২৪-এর বীর’, ‘পায়রার খাঁচা ভাঙা থিম’ এবং ‘ফিলিস্তিনের জন্য প্রার্থনার’ ছবি। গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রথমবার সর্ববৃহৎ ‘ড্রোন শো’: ফিরে এলেন আবু সাঈদ, মুগ্ধসহ ২৪-এর বীরেরা
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা। ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল-মুগাররাবা গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ে। তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও হামলা চালায়। এর আগের দিন রোববারও প্রায় ৫০০ জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল-আকসায় প্রবেশ করে ও হামলা চালায়। প্রসঙ্গত, পাসওভার হলো-ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এ উৎসব হজরত মূসা (আ.)-এর সময় মিসর থেকে ইসরাইলিদের নির্গমন স্মরণে পালিত হয়।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী
পল্লবী ও রূপনগরে নেতাকর্মী ও বাসিন্দাদের নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। তিনি তারেক রহমানের পক্ষ থেকে বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। তিনি বলেন, একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আরও বলেন, আমরা একজন বাংলাদেশি হিসেবে আমাদের দেশীয় সাংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই উপলব্ধি থেকেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।
নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা আমিনুল হকের শোভাযাত্রা
সিরাজগঞ্জর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত বৈশাখী মেলায় উঠে এসেছে ২৪ শের গণঅভ্যুত্থান ও ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত হত্যা ও নির্যাতনের ছবি। শিক্ষার্থী বিভিন্ন খাবার স্টলের পাশাপাশি এই আয়োজন করেছে। ভিসি প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, পহেলা বৈশাখ বাঙালির শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। হাজার বছর ধরে চর্চিত বাঙালির উদার ও মানবিক সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে আসছে। আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। তিনি বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপক গণহত্যায় মেতে আছে। নতুন বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর সব গণহত্যাকারীকে ঘৃণা জানাই। আরও বলেন, নতুন বছর বয়ে আনুক একটি নিরাপদ ও মানবিক পৃথিবীর বার্তা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মেলায় গণঅভ্যুত্থান-ইসরাইলের বর্বরতার ছবি
মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে টানা ৫৮ দিন ১১ জুন পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে। এবারও নিষেধাজ্ঞার আগে চাল সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার জেলেরা। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। প্রতিবছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের আওতাধীন বঙ্গোপসাগর এলাকায় ৬১ দিনের নিষেধাজ্ঞা শুরু হয় ১৫ এপ্রিল হয়ে ১৪ জুন শেষ হয়। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখতেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা এদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। যাতে নিষেধাজ্ঞা শেষে সুফল থেকে বঞ্চিত হতো বাংলাদেশের জেলেরা। এবারের নতুন পদক্ষেপে খুশি হয়ে জেলেরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এছাড়া প্রশাসন দ্রুত চাল দেওয়ার প্রতিশ্রুতি দেয়!
প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা খুশি হলেও এবারও চাল পায়নি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কাজেই সব সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে। মঞ্জু বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘসময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয়, বাঙালি বাংলাদেশি ও ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এ মাটির সন্তান। এ মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আরো বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় কাজ করছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।
সব সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সবার সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করে এ আয়োজন সফল হয়েছে। মাত্র ৮ দিনের মধ্যে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। উপাচার্য বলেন, যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়। একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে তা যেন তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সব থেকে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্রপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে। আরো বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর গণ-অভ্যুত্থানে যে সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে তা যেন আমরা হারাতে না দেই।
সবার সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছান। এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে ইউএনও'কে লাঞ্চিত করেছে দুই যুবদল নেতা। বিষয়টি স্বীকারও করেছেন এক অভিযুক্ত। অভিযুক্ত দুজন হলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে গিয়ে হামলা চালান নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন। ওই সময় তারা মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে ঘটনার কারণ জানতে চাইলে ইউএনও রয়েল সাংমাকে লাঞ্চিত করেন। অভিযুক্ত মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘একজন আমার ম্যাসেঞ্জার একটি ব্যানারের ছবি দেয়। ওই ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে বিষয়টি জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোল হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে, ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করি।’
মুজিবের নাম আছে শুনে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে যুবদল নেতাদের হামলা, তবে নাম পাওয়া যায়নি
ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমাকে বলা হয়েছে যে, তারা ভুল করেছে। কিন্তু আমি মনে করি এটি একটি ভয়ংকর। আমি মনে করি পুরো যুদ্ধটাই একটা ভয়ংকর ব্যাপার। যুদ্ধ শুরু করাটা ক্ষমতার অপব্যবহার। সে সময় আমি প্রেসিডেন্ট হলে কখনোই যুদ্ধ শুরু হতে দিতাম না। যুদ্ধটা লজ্জার।’ তবে ভুল করেছে কারা বলেছে এই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি বাইডেনের যুদ্ধ। এটি আমার যুদ্ধ নয়। আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করছি যাতে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’ ইউক্রেন বলছে, রুশ সীমান্ত থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা সেখানে ‘পাম সানডে’ উদ্যাপন করতে জড়ো হয়েছিল। জেলেনস্কি রাশিয়াকে আরও চাপ দেওয়ার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ৩০ জন নিহত, ট্রাম্প বলছেন এটি ভয়ঙ্কর, তারা বলেছে ভুল করেছে
আসামের কাছাড় জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা তাদের পাথর ছুঁড়ে মারে। এই ধরনের আরও আন্দোলন দমন করার জন্য কাছাড় জেলায় জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- এর ১৬৩ ধারার অধীনে জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘অনুমতি ছাড়া প্রায় ৩০০-৪০০ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়। এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।' বিক্ষোভরতরা সংশোধনী আইনটিকে মুসরিমবিরোধী বলে বাতিলের দাবি তুলেছে।
আসামে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও বিক্ষোভে নিষেধাজ্ঞা
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’ সালাহউদ্দিন বলেন, ‘ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা–এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।’ এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান!
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে
সম্প্রতি ‘মার্চ ফর গাজা’ নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই রোববার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরাইলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। ‘গাজা সংহতি মার্চ’ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে হামাসের দুই নিহত শীর্ষ নেতা — ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের — ছবি বহন করেছেন বিক্ষোভরতরা। গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।
পাকিস্তানে ‘গাজা সংহতি মার্চ’, লাখো মানুষের ঢল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারে জনসম্মুখে জোর করে এক নারীর চুল কেটে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাস। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরিহিত নারীর মাথার কাপড় খুলে চুল কাটেন। পাশাপাশি আরও দুই নারী ও তাদের সঙ্গে থাকা শিশুকে প্লাস্টিকের পাইপ এবং রড দিয়ে মারধর করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে হুমকি দেন তিনি। চুল কেটে দেওয়া ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত সুমন এস.এম ইলেকট্রিক কর্নারের মালিক। আর রাব্বি মা টেলিকমের মালিক। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি তোলে।
চুরির অপবাদে আখাউড়ায় এক নারীর চুল কেটে দিয়েছে সুমন দাস
‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩২ পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে পুরাতন কলা অনুষদ চত্ত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এর নেতৃত্ব দেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শোভাযাত্রার তত্ত্বাবধানে ছিল চারুকলা বিভাগ। উপাচার্য বলেন, ‘বাংলা নববর্ষ উৎসব বাঙালি জাতিসত্ত্বার এক অবিচ্ছেদ্য অংশ। একইসঙ্গে উৎসবটি সবার জন্য সার্বজনীন। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের এবারের নববর্ষের অঙ্গীকার।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩২ পালন করা হয়েছে
সোমবার সকালে নববর্ষের শোভাযাত্রার জনক ভাস্কর মাহবুব জামাল শামীমকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা প্রশাসন। যশোর কালেক্টরেট চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর শামীমের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। ভাস্কর শামীম বলেন, ‘এ সম্মাননা শুধু আমার একার নয়। যশোরের সব সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও রাজনীতিক সর্বোপরি গোটা দেশবাসীর। যশোর থেকে শুরু হওয়া পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা আজ প্রতিবেশী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিরা সাড়ম্বরে পালন করছে। এই আনন্দ আজ সবার।’ সম্মাননা অনুষ্ঠানের পরপরই দেশবাসীর কল্যাণ কামনায় শহরে একটি বর্ণিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নববর্ষে শোভাযাত্রার জনক ভাস্কর শামীমকে সংবর্ধনা
জামায়াত আমির শফিকুর রহমান ফেসবুক পেজে লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সবার প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এ নতুন বছরে মহান রবের কাছে আমি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। তিনি লিখেছেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আরো লিখেছেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে—আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।
জামায়াত আমির নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমার বিশ্বাস তরুণ প্রজন্ম দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শুভ নববর্ষ, পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রিজভী বলেন, ‘তুমুল জুলাই আন্দোলন চলছে, আমি কারাগারে। সেখান থেকে শুনছি, তারুণ্যের উদ্দীপনা-তেজ। পুলিশ বলছে, ‘গুলি করি একটা পরে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়।' তিনি বলেন, ‘বিগত ১৫ বছর একটি পরিকল্পিত ভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা করা হতো। এমন কি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমন কি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো, দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না। আরো বলেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সাথে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। তিনি বলেন, অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছে, তারা গণতন্ত্র, ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে, সেটা আমাদের বোধগম্য নয়।
নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া: রিজভী
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না। এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব। জুলাই আন্দোলন ব্যক্তির নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য জানিয়ে জাতীয় আহ্বায়ক বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই। তিনি বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে।
পহেলা বৈশাখ ফ্যাসিস্ট আমলে ছিল দলীয় হাতিয়ার, গণপরিষদ নির্বাচন এনসিপির এজেন্ডা: নাহিদ
জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’’
ঈদের শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির
কায়রোতে হামাসের প্রতিনিধিদল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে। তারা এ আলোচনার প্রতি ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ বলেও জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করছে। হামাস আরো বলেছে, যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করে ছিল ততদিন কোনও নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল। আমাদের ন্যায্য দাবিগুলো- যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরাইলি বাহিনী প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, এর মধ্যে প্রধান, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থেকে পিছপা হব না।’
যুদ্ধবিরতির আলোচনায় ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ হামাস: হামাসের প্রতিনিধিদল
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে। এবার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে ফ্যাসিস্ট রাজনীতির অভিধানে একেবারে বাইরের বিষয়। তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তবে হ্যাঁ, আরেক দৃষ্টিকোণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের আপামর জনতার মহামিলনমেলা হিসেবে বড় ঐক্যের প্ল্যাটফর্ম। এখানে মুঘল থেকে সুলতানি আমল কিংবা বর্তমান আবহ সবকিছু উপস্থিত। গতানুগতিক সংকীর্ণ রাজনৈতিক মনোভাব এখানে নেই। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ শুধু বাঙালিরই নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠি চাকমা, মারমা, গারোসহ সবার উৎসব। এবার থেকে আমরা এ উৎসবকে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম। তিনি আরো জানান, চারুকলার সিদ্ধান্তেই পুরোনো নাম ফিরেছে!
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে: সরয়ার ফারুকী
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তাও দূর হয়ে যাবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই সকাল থেকে খুব আনন্দে আছি। নববর্ষকে বরণ করছি। আরও বলেন, আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করব, আনন্দ ভাগাভাগি করব। এটা হয়েছে। এ সময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব
গাজা উপত্যকা জুড়ে ইসরাইলী হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ছয় ভাইও রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজায় ২০২৩ সাল থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত আরও ১১১ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১৫৬ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৭ ফিলিস্তিনির
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। তারা নৌপথে মালয়েশিয়ায় যাচ্ছিলেন বলে অভিযোগ। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন ২০ জন বাংলাদেশি তরুণের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের যাচাই-বাছাই করে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন। গত দুই বছরে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস ৩৫২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করেছে। সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ৮৫ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন হয়েছিল।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়েছে। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। বর্ণিল আয়োজনে এবারের সেজেছে বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এতে অংশ নেন সমাজের নানা স্তরের মানুষ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে শেষ হয়।
উৎসবের উল্লাসে শেষ হলো আনন্দ শোভাযাত্রা
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রায় দেখা গেছে, কেউ হাতে ফিলিস্তিনের পতাকা, কেউবা ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পোস্টার ও ব্যানার বহন করছেন। এ ছাড়া ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রায় তৈরি করা হয়েছে একটি বৃহৎ তরমুজের ফালির মোটিফ। আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক। ফলটির বাইরের সবুজ ও ভেতরের লাল, সাদা, কালো রঙ ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে মিলে যায়-এ কারণে এটি তাদের সাংস্কৃতিক প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। তাই ফিলিস্তিনিদের সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তাদের প্রতীক হিসেবে তরমুজের মোটিফ রাখা হয়েছে।
আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. সবুজ। সবুজের শরীরের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সবুজসহ তিনজন এক গ্যারেজে তাদের অটোরিকশাগুলো রাখে। পালাক্রমে তিনজন পাহারাও দেন। প্রায় চার মাস আগে এক রাতে সবুজের পাহারার সময় চোরচক্র দুটি অটোরিকশা নিয়ে যায়। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মানিক নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় মাতব্বররা। রাতে পুলিশ আটককৃত মানিককে ছেড়ে দেয়। পরে কয়েকজন মাতাব্বর সবুজকে চোর সাভ্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করে। সবুজের পক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার সক্ষমতা না থাকায় তিনি ওই রায় মানেনি। রবিবার কয়েকজন মাতব্বরের প্ররোচনায় সালাউদ্দিন নামে এক ব্যক্তি সবুজকে আটক করে তার অটোরিকশা নিয়ে যায় এবং তাকে চোর বলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেয়। এরপর এই ঘটনা ঘটে।
চুরির অপবাদ দেওয়ার পর জরিমানা অনাদায়ে অটোরিকশা নিয়ে গেলে শরীরে আগুন দেয় সবুজ
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে আটটার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়। ছায়ানটের নির্বাহী সভাপতি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’
ছায়ানটে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
ফিজি দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। সোমবার সকাল ৮টা ০৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার গভীরতায় ছিল বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে রোববার ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প হয়েছে।
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর পাওয়া যায়নি
ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এতে অংশ নিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। রাখা হয়েছে বিশালাকৃতির শেখ হাসিনার মুখাকৃতি, আছে মুগ্ধর ‘পানি লাগবে পানি’র আদলে শিল্পকর্ম। চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শাহবাগ হয়ে টিএসসি, শহিদ মিনার, দোয়েল চত্বর হয়ে চারুকলা অনুষদ পর্যন্ত প্রদক্ষিণ করবে। এবারের শোভাযাত্রা নতুন বাংলাদেশের প্রথম শোভাযাত্রা।
ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল
নববর্ষ ঘিরে ঢাবি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাব, সোয়াট, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন।
বর্ষবরণ উৎসব ঘিরে ঢাবি এলাকায় কঠোর নিরাপত্তা
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার জেদ্দায় শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন এ দলিলে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির এএসজি ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো। আলোচনায় শ্রম উপদেষ্টা ও ওআইসি-এএসজি উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন এবং উল্লেখ করেন, এ দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আইএলও-এর সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেনগেন্ডো বাংলাদেশকে ধন্যবাদ জানান।
ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ
গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ক্ষেপণাস্ত্র হামলার আগে আগে রোববার ইসরাইলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।
ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, ‘পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন, নতুন বাংলাদেশ গড়ে তুলি।’ পয়লা বৈশাখ সার্বজনীন উৎসব বলে নিজেদের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ ‘হালখাতা’ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এখনকার আধুনিক সময়েও এখনো এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে শহরে বন্দরে। তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করেছেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা
সিরিয়ার ১২ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলী বর্বর সেনারা। শুধু বিমান হামলাই নয়, একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা। বেশকিছু এলাকা দখলেও নিয়েছে। কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। কুনেইত্রা শহরের রাসম আল-রাওয়াদিতে ৮ ডিসেম্বর রাতে হঠাৎ হামলা চালায়। বাসিন্দা আলী আল-আহমাদ বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয়। অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয়।' গত চার মাস ধরে গ্রামটি ইসরাইলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় ৩৫০ জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। গুলি করে খুনও করছে। ইসরাইল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য সিরিয়ার দ্রুজের সমর্থন দাবি করেছে। আগ্রাসনের বিরুদ্ধে দামেস্কের বিভিন্ন অংশে, একই সঙ্গে দারা, খান আরনাবেহ, সুওয়াইদা এবং কুনেইত্রার একাধিক শহর ও গ্রামে বিক্ষোভ হয়েছে। এমনকি দ্রুজ সম্প্রদায়ও মানবিক সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে একত্রিত হয়েছে।
সিরিয়াতে সীমান্তবর্তী গ্ৰাম দখলে ইসরাইল, বিক্ষোভে ফেটে পড়ছে সিরিয়ানরা
১৪৩২ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষের জয়গানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে ছায়ানট। বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে হচ্ছে এ আয়োজন। এবার মোট ২৪টি পরিবেশনা হবে। এর মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ থাকবে। নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। শেষ হবে জাতীয় সংগীত দিয়ে। এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। এই মেরুন রঙের সঙ্গেই মানানসই রং করা হয়েছে মঞ্চের।
১৪৩২ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করছেন এমন বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না হলে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হবে। ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, অবৈধ অভিবাসীর প্রতি তাদের স্পষ্ট বার্তা হলো— যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান। স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ। এতে করে নিজের মতো করে ফ্লাইট ঠিক করে ফেরা যাবে। যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে করে নেওয়া যাবে। তারা চাইলে আবার বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরতেও পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়ায় ভর্তুকি দেবে। কাউকে যদি যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি যদি না ছাড়েন তাহলে যতদিন থাকবেন ততদিনের জন্য দৈনিক ৯৯৮ ডলার করে জরিমান দিতে হবে।
৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ ট্রাম্প প্রশাসনের
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করলে যেন স্থানীয়দের জীবিকায় ক্ষতি না হয় সেজন্য উদ্যোগ নিচ্ছে সরকার। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এজন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। কমিটিতে কৃষি, মৎস্য, ট্যুরিজম বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা থাকবেন। সভায় বলা হয়- মাছ ধরায় সহযোগিতা, পরিবেশবান্ধব জাল ও আধুনিক ডিভাইস দেওয়া হতে পারে। শুটকি মাছের বাজারজাতকরণে ব্র্যান্ডিং করা হবে। সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালন, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং, ফটোগ্রাফি প্রশিক্ষণের কথা বলা হয়। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, স্মারক সামগ্রী তৈরি, নারিকেল ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, অন্যান্যদের বৃক্ষরোপণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রেস্টুরেন্টে কাজ শেখানোর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় যুবকদ প্রশিক্ষণ দিয়ে ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা হবে, ইত্যাদি।
রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, কেউ আমাদেরকে মুগ্ধ করেন, অভিভূত করেন। তাদের গুণপনায় আমরা বশীভূত হই। তারা তাদের যোগ্যতায়, দক্ষতায়, জাদুকরী নৈপুণ্যে আমাদেরকে রূদ্ধবাক করেন, শিহরিত করেন, বিষ্ময়ে বিমূঢ় করেন। আমরা আবিষ্ট, আচ্ছন্ন, বিহ্বল হই কারো রূপে, ভূমিকায়, কর্মক্ষমতায়। তবে এই আবেশ কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা আলাদা, ব্যাখ্যাতীত এক অনুভূতি। তিনি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তেমন একজন কৃতিপুরুষ, তার গুণপনায় আমরা অভিভূত। কিন্তু তাকে একান্ত আপন করে ভালোবাসা যায় না। তিনি সর্বজনীন, তিনি সকলের। এমনকি তিনি কেবল বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের। আমাদের ভালোবাসা হচ্ছে দোষে-গুণে মেশানো একটি দল। নন্দিত ও নিন্দিত এ দল আমাদের সমতুল্য, আমাদের সমান মাপের, আমাদের কাছের, আমাদের আপন, আমাদের একান্ত নিজের, আমাদের অকারণ ভালোবাসা। এ দলই পাপে-তাপে ভরা সরল-গরল আমাদের নিয়তি। এ নিয়তি খণ্ডাবে কে?
ড. ইউনূস শুধু বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের: খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব
প্রধান উপদেষ্টার চীন সফরকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একান্তভাবেই বাংলাদেশের। অন্য কোনো দেশের ওপর আমরা এ নির্ভরশীল নয়। এটি আমাদের কৌশলগত স্বাধীনতার প্রতিফলন।’ আরো বলেন, ‘বাংলাদেশের রোগীরা ভবিষ্যতে চীনের কুনমিংয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন এবং বাংলাদেশে চীনা হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। চীন ও ভারত, উভয়ের সঙ্গে গুরুত্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য।’ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও দৃঢ় করেছে। এটি শুধুমাত্র সরকার নয়, জনগণের সম্পর্ককেও প্রতিফলিত করে।’ নর্থ সাউথ উপাচার্য বলেন, ‘চীনের সঙ্গে স্বাক্ষরিত এমওইউগুলো বিনিয়োগ, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দায়ের করা ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আরও এক লাখ মামলা প্রত্যাহারের আবেদন জমা হয়েছে। 'মাগুরার শিশু ধর্ষণের মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।' তিনি বলেন, মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা ঠিক হয়নি-এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করছি। আমাদের কাজে ভুল হবে এবং আমরা তা স্বীকার করব। তার ব্যাপারে যাচাই-বাছাই করে খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আইন উপদেষ্টা আরও বলেন, আদালতের দেওয়া জামিনের বিষয়ে আইন মন্ত্রণালয়কে দায়ী করা হয়। প্রকৃতপক্ষে জামিন দেওয়া বা না দেওয়ার একক এখতিয়ার উচ্চ আদালতের। সেখানে দোষী করা হচ্ছে আইন মন্ত্রণালয়কে। এছাড়া প্রবাসীদের ভোট দেওয়াকে নাগরিক অধিকার বলেছেন।
রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ: আইন উপদেষ্টা
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সে সব তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব করবে। এরপরে যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে, রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন যেন ফ্যাসিবাদের থাবায় নষ্ট না হয়- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সবার মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা জান দিতে প্রস্তুত। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো বহমান, সেটা আমরা বহমানই রাখব। রিজভী বলেন, মানবিক, ন্যায়বিচার দেশে ছিল না, শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিলেন। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অর্জন যেন ফ্যাসিবাদের থাবায় নষ্ট না হয়: রিজভী
বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে ঘিরে পশ্চিমবঙ্গে শনিবারের বিক্ষোভে ৩ জনের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি গ্রেফতার হয়েছেন। এরপর রাজ্যটিতে সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এই বিল দেশটির মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ পরিচালনার অধিকারকে ক্ষুণ্ন করছে। যার মোট মূল্য ১৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মুসলমানরা বলছে, এটি ভারতের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত এবং দেশের ১৫ শতাংশ মুসলিম জনসংখ্যার ওপর একটি সরাসরি আক্রমণ। রাহুল গান্ধী বলছেন, ‘এই বিলটি আজ মুসলিমদের ওপর আঘাত করছে। তবে ভবিষ্যতে অন্য সম্প্রদায়গুলোর ওপরেও প্রভাব ফেলতে পারে’। তবে মমতা ব্যানার্জি বলেছেন, এই কালো আইন পশ্চিমবঙ্গে কার্যকর করবেন না।
ওয়াকফ বিল ঘিরে মুর্শিদাবাদে ভারতীয় রাষ্ট্রীয় বাহিনী তিন জনকে খুন করেছে, মোতায়েন করেছে সেনা
রিয়াদে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে। তিনি বলেন, এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার দিকে মনোযোগী হবে। এ বছরই এ বিষয়ে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ প্রত্যাশিত। আরো বলেন, 'সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে। আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক’। একই সঙ্গে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সৌদি আরবের সঙ্গে ‘পারমাণবিক চুক্তি’র দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আইএমএফ ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে এনবিআর, তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে। তিনি বলেছেন, ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে। একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে। চেয়ারম্যান বলেন, এমনিতেই আমাদের ব্যক্তি পর্যায়ে এবং করপোরেট কর হার তুলনামূলক বেশ কম, তাই এ বছর উক্ত খাতে কর অপরিবর্তিত থাকবে। তবে আগামী বাজেটে রাজস্ব হারে বিদ্যমান বৈষম্য দূর হবে।
ট্রাম্পের শুল্ক সামাল দিতে কমবে কর আদায়: এনবিআর চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলে, এতটুকু হলে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে। কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন। তিনি বলেন, 'যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি। মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন, বিএনপি তো এটি করছে না।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে, যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, গায়বি মামলার জরজরিত! আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি। আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি, কি করব, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে কতটুকু সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে।
যারা বলছেন পরে নির্বাচন, তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন: তারেক রহমান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন- ওই ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ওই মাদ্রাসার শিক্ষক মোজাহিদুল ইসলাম ও একই ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন। শিক্ষার্থীরা বাবা মাকে নিপীড়নের কথা জানালে দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি রইসউদ্দিন।
আবাসিক শিক্ষার্থীদের নিপীড়ন, ২ মাদ্রাসাশিক্ষক কারাগারে
চারুকলা অনুষদকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়ে ভারতপন্থি এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা বলেন, মুসলমানরাই বাংলা সনের প্রবর্তক। মুসলমানমাত্রই সব ধরনের প্যাগানবাদী সংস্কৃতি ও বোধবিশ্বাস থেকে মুক্ত। কিন্তু মুসলমান হয়েও যারা তৌহিদি চেতনার প্রশ্নে আপস করবেন, তারা বড়জোর সেক্যুলার হতে পারেন। কিন্তু কোনোভাবেই আর মুসলমানি সত্তা রক্ষা করতে পারেন না। ইন্ডিয়ার মদদপুষ্ট মূর্তিবাদী বা প্যাগানবাদী সাংস্কৃতিক ষড়যন্ত্রের ব্যাপারে আমরা বাংলাদেশের সমগ্র মুসলিম জনতাকে সচেতন হতে আহ্বান করছি।
চারুকলা অনুষদকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৬৪ জন শহীদের তালিকা করা হয়েছে। আহত তালিকায় ১৪ হাজারের বেশি মানুষ রয়েছেন। প্রকৃত নিহত ও আহত ব্যক্তির তথ্য যাচাইয়ের কাজ এখনো চলমান। তিনি বলেন, এ পর্যন্ত আহত ৪৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুরে এবং একজনকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এক রোগীর জন্য সাড়ে ছয় কোটি এবং আরেকজনের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। চিকিৎসার জন্য যাদের বিদেশে পাঠানো হয়েছে বা হবে, তাদের ৭০ শতাংশ সাধারণ মানুষ। বাকি ৩০ শতাংশ ছাত্র। আরো বলেন, পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ। আহত ব্যক্তিদের চিকিৎসায় তাদের পারদর্শিতা আছে। লাহোরে এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য বিশেষ হাসপাতাল আছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২১ জনের দুই চোখ এবং ৪৫০ জনের এক চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে ১৭ জনের পা এবং ৪ জনের হাত অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, যারা সত্যিকারের মৎস্যজীবী তারা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না। জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা। যারা দাদন দিয়ে ব্যবসা করে; জেলেদেরকে আটক করে রাখে তারাই মূলত দুষ্ট ব্যবসায়ী। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করে যেতে চায়। যেখানে মানুষ বৈষম্যের শিকার, অবিচারের শিকার, যেখানে মানুষ কষ্টে আছে সেখানেই বর্তমান সরকার মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে। উপদেষ্টা বলেন, যাত্রাবাড়ীতে একটি কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে এবং যেখানে আলাদা আলাদা করে থাকবে সবকিছু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বাজারে আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা দূর করা হবে। তবে দয়া করে মাছের দাম অহেতুক বাড়াবেন না। অনেকেই জাটকাকে ইলিশ মনে করে; আবার যারা হিমায়িত ইলিশ সরবারহ করছে তারা মানুষকে ভুল বার্তা দিচ্ছে। কারণ পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এ সময় কোনো ইলিশ সরবারহ করা হবে না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জুনের পর ইলিশের দাম অহেতুক বাড়াবেন না: মৎস্য উপদেষ্টা
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা উচিত। তিনি ফেসবুকে লিখেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। উপদেষ্টা ফাওজুল কবির খানের নিরলস প্রচেষ্টায় তা কমে এখন প্রায় ৮০০ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এবারের ঈদে সারা দেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সড়কে যাত্রীদের ন্যায্য ভাড়ায় বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে সরকার সফলভাবে কাজ করেছে। তিনি বলেন, এবার দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উপভোগ করেছে। ফাওজুল কবির খান যখন নিজে রেলে চড়ে অফিস করেন, তখন মনে হয়—তিনি সত্যিই সঠিক ট্র্যাকে আছেন।’ হাসনাত বলে, ‘তিনি ঘোষণা দিয়েছেন, রেলের হাসপাতালগুলোতে এখন থেকে শুধু রেলকর্মী নয়, সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবেন। নিজের নামফলক ছাড়া সন্দ্বীপে উন্নয়ন করেছেন। বলেছেন লোডশেডিং হলে সবার আগে ঢাকায় হবে!' এছাড়া হাসনাত আব্দুল্লাহ সড়কে দুর্ঘটনার দায় নেওয়ার তার প্র্যাকটিসের প্রশংসা করেন।
বিদ্যুৎ, রেল এবং সড়ক খাতে ফয়জুল কবির খানের কাজেকর্মে উচ্ছসিত হাসনাত আব্দুল্লাহ
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উলটো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন—এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি? আরো বলেন, কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা, বললেন, উনারা নাকি নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে জনগণ? তাহলে এ দেশে নির্বাচন কমিশন আছে কেন? এই সময় তিনি প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরে মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন।
অন্তবর্তী সরকার অনির্বাচিত, জুলাই আন্দোলন বিপ্লব নয় গণঅভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ
রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে আয়োজকরা। উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলল এবং মঞ্চের ব্যানার ও পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আমরা পুলিশের সহযোগিতা পাইনি। এ কারণে আমরা সোমবারের অনুষ্ঠান বাতিল করেছি। যদিও পুলিশ বলছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল
টিআরটি ওয়ার্ল্ডকে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলের অস্থিতিশীল প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরকার কাজ করছে। মাহফুজ আলম আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচন— এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে কাজ করছে অন্তর্বর্তী সরকার: তুরস্কে উপদেষ্টা মাহফুজ
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত মোটরযান চুক্তি স্বাক্ষরিত হওয়ার দীর্ঘ এক দশক পর এই খসড়া চূড়ান্ত হলো। দক্ষিণ এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। শুধু মোটরযান চুক্তিই নয়, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত গ্রিড গড়ে তোলার কথাও ভাবছে। কাঠমান্ডু পোস্টে বলা হয়েছে, এর লক্ষ্য হলো— যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে বাধা দূর করা। কিছু পর্যবেক্ষক বলছেন, সম্প্রতি ভারতের বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট-সুবিধা বাতিল করার সিদ্ধান্ত এই চার দেশের মধ্যে এমভিএ বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তির খসড়া চূড়ান্ত, ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে বেড়েছে শঙ্কা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুয়েটের শতাধিক শিক্ষার্থী রোববার দুপুরে প্রায় ৫২ দিন পরে ক্যাম্পাসে প্রবেশ করেন। হল খুলে দেওয়ার দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা কুয়েটে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। একপর্যায়ে দুইপক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়। শিক্ষার্থীরা জানান, ৮টার ভেতর হল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছি। দাবি না মানা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
কুয়েটে রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম শিক্ষার্থীদের
রোববার সকালে সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশনমাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের ১১টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি, হতাহতের পাওয়া যায়নি
বিডা এবং বেজা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপ লাইনে আছে। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিডার চেয়ারম্যান জানান, ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। আশিক চৌধুরী বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি এবার ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। সংখ্যার দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫৮ শতাংশ।
৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান
সারাদেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে ১.৩০ মিনিটে, আবার কোনো মসজিদে দুপুর ১.৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী মুসুল্লিরা বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশনের
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। এ হাসপাতালটি রংপুরে স্থাপিত হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে। নূরজাহান বেগম আরও বলেন, বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে চীন সরকার। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে। বর্তমানে এর যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে রয়েছে। তিনি জানান, রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা সেবা নিতে পারবেন। আহতদের পুনর্বাসনের চীন সরকার এটি সহায়তা হিসেবে দিচ্ছে। এখন জুলাইয়ে আহতদের জন্য ব্যবহার হলেও পরে যাদের প্রয়োজন হবে, তাদের জন্য ব্যবহার করা যাবে। এতে দেশে ফিজিওথেরাপি সেবাও ভিন্ন মাত্রা পাবে।
উত্তরাঞ্চলে হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা
এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে। তিনি বলেন, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন নির্বাচন করছে। এ মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের আগে সব সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের সব অধিকার নিশ্চিত করতে হবে। আবু রায়হান বলেন, নির্বাচন এবং দেশ পরিচালনায় ভিনদেশী প্রেসক্রিপশন আর চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।অত্যন্ত দুঃখের বিষয় একটা গোষ্ঠী জুলাই গণ-অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এসব চক্রান্তকারীদের আহত যোদ্ধারাই জবাব দেবেন। এ সময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে মোট ১৮০ জন জুলাই আহতদের স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।
এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।