জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ফের সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এমএ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাবির আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। সভায় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাব্য সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বে অনুষ্ঠিত আলোচনার সারসংক্ষেপ বিশেষজ্ঞদেরকে অবহিত করা হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ এবং উদ্বেগগুলো বিশেষভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে সনদের বাস্তবায়নের উপায় ও কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয়। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে- তা বিবেচনায় আনা হয়।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ফের সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা হত্যাকাণ্ড ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। এ সময় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবরের মধ্যে এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে। তিনি বলেছেন, ‘আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করছি, যাতে ষোলো বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে। জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস।’ জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ জাদুঘরে যারা আসবেন, তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ। এদিকে জাদুঘর নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব।
পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা হত্যাকাণ্ড ও ভোট ডাকাতিসহ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে: ইউনূস
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটারদের কাছে টানতে টাকা ছড়ানো নিয়ে একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা, যেমন উনারা বলেন যে ১৬টা ভিসি জামায়াত ইসলামীর। তো কে কে নাম-তালিকা ঘোষণা করুক। আমরা তো বলেছি যে ঠিক আছে, যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যিই হয় তো ১৬টা, আর বাকি ভিসিরা কাদের? ওরাও তো একটা দলের। সেটা তো বলেন না। এদিকে চট্টগ্রাম মহানগর আমির শাজাহান চৌধুরীসহ কয়েকজন নেতাকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে গোলাম পরওয়ারের ভাষ্য, সাংগঠনিক প্রয়োজনে কিছু জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে, অনিয়মের কারণে নয়। তিনি বলেন, গণমাধ্যমে যেসব বিষয় এসেছে এগুলো কোনও কারণ নয়। আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে কেউ না। শৃঙ্খলা পরিপন্থী কোনও কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামায়াত। যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন।
ভোটারদের কাছে টানতে টাকা ছড়ানো নিয়ে একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা: পরওয়ার
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়। এতে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। ডাইং কারখানা, সিমেন্ট কারখানা ও ইটভাটার মতো প্রধান দূষণ উৎসকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সবচেয়ে দূষণকারী শিল্পগুলোকে চিহ্নিত করে বাজেট ও পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দূষণকারীদের নাম প্রকাশ্যে আনুন। তথ্য উন্মুক্ত করলে জনগণ নিজেরাই রাজনৈতিক চাপ মোকাবিলায় সহায়ক হবে। বন্যা প্রবাহ এলাকা বা পরিবেশগতভাবে সংবেদনশীল স্থানে বর্জ্য ফেলার কেন্দ্র স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়ার কঠোর সমালোচনা করে পরিবেশ উপদেষ্টা বলেন, এ ধরনের ছাড়পত্র অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক চাপ থাকলেও আপত্তি জানাতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে বদলি হোন, কিন্তু পরিবেশের সঙ্গে আপস করবেন না। তিনি একটি দূষণকারী সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেওয়ার উদাহরণ তুলে ধরে বলেন, দূষণকারীদের শাস্তি দিতে হবে, পুরস্কৃত নয়।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: রিজওয়ানা
ঢাকায় চারদিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’-এ সার্কভুক্ত দেশগুলো অংশগ্রহণ করছে, যেখানে দর্শনার্থীরা এক ছাদের নিচে বিভিন্ন পণ্য দেখতে পাচ্ছেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকার স্টলগুলোতে রয়েছে টেক্সটাইল, ফ্যাশন, ইলেকট্রনিক্স, প্রক্রিয়াজাত খাদ্য, গহনা, গৃহস্থালি যন্ত্রপাতি ও রান্নাঘরের সরঞ্জাম। মেলা আঞ্চলিক বাণিজ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরছে, ক্রেতাদের আকর্ষণ করছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিকাশের সুযোগ সৃষ্টি করছে। মেলা প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদপুের এসি মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার শহরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। পরে গিয়ে দেখতে পান থানার ৪ থেকে ৫টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি। তিনি খেতে গিয়েছিলেন। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুজনই দুপুরের খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। এ নিয়ে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
উজান থেকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদী এবং বড়াল, হুড়াসাগর, ফুলজোড়, করতোয়া ও ইছামতিসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর চরাঞ্চল ও বিলের নিম্নভূমি প্লাবিত হয়েছে, ফলে শীতকালীন সবজির চাষ ঝুঁকিতে রয়েছে। গত ছয় দিনে পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাত্ক্ষণিক বন্যার আশঙ্কা নেই, যদিও আগামী কয়েক দিনে পানি আরও বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পরামর্শগুলো হলো, বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা। বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা। নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো। বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা। আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায়, সেই ব্যবস্থা করা। নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে। প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা। সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা। আরো বলা হয়েছে, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে। তবে যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি। সরকারের দেনার পরিমাণ কত, তা বাজেটে প্রকাশ করা যেতো।
বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, যারা জুলাই আন্দোলন ও এর গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এই জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে। উপদেষ্টা বলেন, এই গ্রাফিতি জুলাই অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার একটি প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামক গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছিল। আগামী প্রজন্মকে জানাতে হবে, সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে আজকে নতুন দিশা দিয়েছে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। একই সঙ্গে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্রাফিতি পরিদর্শন শেষে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।
যারা জুলাই আন্দোলন ও এর গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এই জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে: জাহাঙ্গীর
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি। তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। জনগণের সেবক হতে হবে। আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ’২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন—এ দোয়াই করছি।
ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে ক্লাশ রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ১০ নাম্বার ছাত্র হলের এক তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ওই ছাত্রীকে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বলেন, এটা ভুলবশত হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ভুল নেই। রুম বণ্টনে হল প্রশাসনের তালিকায় অসঙ্গতি হয়েছে।
জাবিতে ১০ নাম্বার ছাত্র হলের এক তালিকায় ভুলবশত ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে।
সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনার নীতি নির্ধারকরা বলছেন, এ প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এ অর্জন। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী দুই বছরের জন্য ৪৯টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিল সুপারব্র্যান্ড। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এ পুরস্কারের মূল লক্ষ্য। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’ দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেওয়া হয়।
সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন।
পরবর্তী ১৫ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, এআই ব্যবসায়ের খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে পারে, যার ফলে দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য ৩৪–৩৭% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ডব্লিউটিওর ডেপুটি ডিরেক্টর জেনারেল জোহানা হিল বলেছেন, এআই বৈশ্বিক বাণিজ্যের জন্য “উজ্জ্বল সুযোগ” হতে পারে, তবে সঠিক নীতি ছাড়া এটি অর্থনৈতিক বৈষম্য বাড়াতে পারে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন; মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আখতার হোসেন এবং হুমায়ুন কবির। এ ছাড়া তিনি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন: ফয়েজ
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ সেবা চালু থাকবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চলাচল করবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি আর রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে: রেলওয়ে কর্তৃপক্ষ
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তিনি পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব, একত্রিত রাখব। আরও বলেন, আজকে সবাই একমঞ্চে। আমরা একমঞ্চে মিলিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই। কোনো মতভেদ নাই।
আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে: এ্যানি
শনিবার বিকালে পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। রাবি উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর আগে, উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দেন। দুপুরে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য মাঈন এবং প্রক্টর মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এদিকে, হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে, সালাহউদ্দিন আম্মার, আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচারী সরকার গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। রাজনীতি তখনই মানুষের জীবনে আবেদন রাখবে যখন তা জীবনধারার উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ১০০টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। পদ্মা ব্রিজ তৈরি করতে গিয়ে সরকার বেশিরভাগ টাকা লুটপাট করে ভাগ করে নিয়েছে। আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হলেও, কেউ কখনোই তাঁকে দুর্নীতিবাজ বা অসৎ প্রমাণ করতে পারেনি। বাংলাদেশকে উন্নত করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করা অপরিহার্য।
বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ১০০টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত: মঈন
বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না।
বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত: রাষ্ট্রদূত তারেক
ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে বসে থাকা যাবে না। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনও বিকল্প নেই।
কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে: তারেক রহমান
সাতক্ষীরার বিনেরপোতায় পাওয়ার গ্রীড T-3 ট্রান্সফরমারে আগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা জেলা। শনিবার ১১টার পর এ ঘটনা ঘটে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে গোটা জেলা দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।
সাতক্ষীরার বিনেরপোতায় পাওয়ার গ্রীড T-3 ট্রান্সফরমারে আগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা জেলা।
চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই কম্পিউটিং ক্লাস্টার তৈরি করার লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটি তুলনামূলক কম শক্তির দেশীয় সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করছে। শাংহাই সম্মেলনে হুয়াওয়ে জানিয়েছে অ্যাটলাস ৯৫০ ও ৯৬০ সুপারপড ২০২৬ এবং ২০২৭ সালে আসবে, যা একত্রে সুপারক্লাস্টারে পরিণত হয়ে উন্নত এআই মডেল চালাতে সক্ষম হবে। বিশ্লেষকরা এটিকে স্বনির্ভরতার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। অ্যাসেন্ড ৯৫০, ৯৬০ ও সম্ভাব্য ৯৭০ চিপগুলো এ প্রকল্পকে শক্তিশালী করবে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায়ভার এনসিপিকে দেয়া হয়। তিনি বলেন, গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে; তারা আরও শক্তিসঞ্চার করবে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আরো বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।
গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি: হাসনাত আব্দুল্লাহ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন। ব্রাক্ষণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে। ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে। জেলা সমিতিগুলোকে ব্যক্তি কেন্দ্রীক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে।
ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা
পানামা খালে পানির অভাবের মধ্যে মেক্সিকোর ইসথমাস অব তেহুয়ানতেপেক সংলগ্ন রেল করিডরকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্যের দ্রুত পরিবহনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার হুন্দাই রুট ব্যবহার করেছে, আর বড় মার্কিন অটোমেকারও আগ্রহ প্রকাশ করেছে। সরকার বন্দর ও রেল লাইনের সম্প্রসারণে ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই রুট ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে পৌঁছার সময় পানামা বা কানাডার রুটের তুলনায় অনেক কম হয়, যা দক্ষিণ মেক্সিকোর লজিস্টিক সম্ভাবনাকে বাড়াচ্ছে।
ট্রাম্পের শুল্কনীতির কারণে বাণিজ্যিক অনিশ্চয়তা বাড়ায় কানাডা ও মেক্সিকো সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মেক্সিকো সিটিতে বৈঠকের পর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষত ২০২৬ সালের ইউএসএমসিএ পর্যালোচনার আগে। কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে সর্বোচ্চ ৫০% শুল্ক এবং মেক্সিকোর খাতভিত্তিক শুল্ক সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকদের মতে, আলোচনায় অচলাবস্থা উত্তর আমেরিকার প্রতিযোগিতা কমাতে পারে। ইউএসএমসিএ নিয়ম মানা ও বিকল্প উৎস খোঁজা এখন মূল কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা মহানগরীর ১৩১টি পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমিন উর রশিদ ইয়াছিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই মন্ত্রে বিশ্বাস করে বিএনপি। শারদীয় দুর্গাপূজা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলের পক্ষ থেকে প্রতিবারই বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। এদিকে ইয়াছিন বলেন, তারেক রহমান সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান সহানুভূতি ও শ্রদ্ধা পোষণ করেন। কুমিল্লার ১৩১টি পূজামণ্ডপে আজকের এই উপহার প্রদান তারেক রহমানের আন্তরিক ভালোবাসারই বহিঃপ্রকাশ। একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা মহানগরীর ১৩১টি পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৯০ মিনিটের ফোনালাপে আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন। ট্রাম্প আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন এবং জানান, তিনি আগামী বছর চীন সফরে যাবেন, এরপর শি যুক্তরাষ্ট্র সফর করবেন। টিকটক মালিকানা ও বাণিজ্য বিষয়ক আলোচনা এ বৈঠকের মূল এজেন্ডা। সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিং টিকটকের ৮০% শেয়ার মার্কিন বিনিয়োগকারীদের হাতে রাখার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম নিশ্চিত করবে।
বিএনপি নেতা আহমেদ আযম খান বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে। আযম বলেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি। এটা শুধুমাত্র আপার হাউজের দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে- এ ব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলব। পিআর-এর এই দুয়ো তোলা থেকে বিরত থাকতে বলব। তাদের দেশপ্রেমের পরিচয় দিতে বলব।
এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী সর্বদাই দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধীতা করে আসছে। ভারত বিভক্তকালে মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধীতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আযমও বাংলাদেশ সৃষ্টির বিরোধীতা করেছেন। আজ তারা পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জামায়াত কখনো এদেশের মঙ্গল চায়নি। তারা পাকিস্তানি হানাদারদের পক্ষ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা অন্যান্য সংস্কার কর্মকাণ্ড নিয়ে কমিশনের বৈঠকের শুরু থেকে জামায়াতে ইসলামী কখনো পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচনের দাবি তোলেনি। এখন তারা আন্দোলনে নেমেছে। বিএনপি নেতৃত্বাধীন সমমনা দলও পিআর পদ্ধতির বিরুদ্ধে মাঠে নামবে। এই নেতা বলেন, ভারতের মদদে শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করতে সক্ষম হয়েছে। ভারতকে আমরা বন্ধু মনে করতাম। কারণ স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সব কিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের সঙ্গে ওই বন্ধুত্ব চাই না।
ভারত বিভক্তকালে মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধীতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আযমও বাংলাদেশ সৃষ্টির বিরোধীতা করেছেন: রেদোয়ান
সেপ্টেম্বর ২০-এ চেক-ইন ও বোর্ডিং সিস্টেম প্রদানকারী কলিন্স অ্যারোস্পেসের উপর সাইবার হামলায় লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ থাকায় ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। বিমানবন্দরগুলোতে হাতে-কলমে চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা চালু করা হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি। যাত্রীরা ভ্রমণের আগে এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট স্থিতি যাচাই করার পরামর্শ পাচ্ছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়নও সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায়। ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক। দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে। সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে। তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না।
‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি: সাইফুল
বাংলাদেশে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতি, ২০২৫ চালু করা হয়েছে, যা দেশজুড়ে নদী, খাল, হাওর ও জলাশয় খননে সরকারি অনুমোদিত ড্রেজার ব্যবহার বাধ্যতামূলক করছে। নীতি নদীর প্রবাহ, জলাভূমি, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য ও সেচ ব্যবস্থাপনা ও নৌপথ উন্নয়নে সহায়ক। কার্যক্রমের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং “ড্রেজিং মাস্টারপ্ল্যান” প্রয়োজন। অনুমোদনবিহীন ড্রেজিং নিষিদ্ধ, বিশেষ করে পরিবেশগত ঝুঁকিপূর্ণ বা তীর ভাঙনের এলাকায়। প্রয়োজনীয় কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে নদী পুনরুদ্ধার ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম বলেন, রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না। তিনি জানান, রোহিঙ্গা সংকট থাকার কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশিদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের উপরে জোর দেন। বাংলাদেশ সবসময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে। অন্যান্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা সবথেকে বড়। যেখানে এই অঞ্চলের বাংলাদেশ ছাড়াও অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।
রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না: পররাষ্ট্র সচিব
ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছিল। খুব দ্রুত ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নিয়ে এখনও কথা উঠছে। সুতরাং সবেমাত্র এ নির্বাচনও শেষ হয়েছে। সেখানে যেসব অভিযোগ এসেছে, সেসবের যর্থাথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারে, তাহলে এই নির্বাচনও পুনরায় হওয়ার সুযোগ অবশ্যই আছে। এবং আমরা সেটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফেরত যাইনি। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি, ধৈর্য ধরেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি প্রচলনে ভূমিকা রেখেছি। ভোটে একটা জাল বিছানো হয়েছিল। সেখানে আমাকে ভিলেন বানানো হয়েছিল। আবিদ বলেন, নির্বাচনের এ পরাজয়কে আমরা পরাজয় বলতে চাই না। এর মধ্য দিয়ে ঢাবিসহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।
যেসব অভিযোগ এসেছে, সেসবের যর্থাথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারে, তাহলে ডাকসু নির্বাচনও পুনরায় হওয়ার সুযোগ অবশ্যই আছে: আবিদ
ইংল্যান্ড ব্যাংক তার মূল সুদহার ৪ শতাংশে অপরিবর্তিত রেখেছে, যা গত বছরের আগস্ট থেকে পাঁচবার ধারাবাহিক কেটে দেওয়ার প্রবণতা শেষ করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কঠোর মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি কমেছে, তবে মজুরি বৃদ্ধিই মূল চ্যালেঞ্জ। যুক্তরাজ্যের অর্থনীতি ধীরে বৃদ্ধি পাচ্ছে, শ্রমবাজারে কিছু শিথিলতা এবং অতিরিক্ত সক্ষমতা আছে। ভবিষ্যতে মুদ্রানীতি সমন্বয় মূল্যস্ফীতির মূল প্রবণতার ওপর নির্ভর করবে, যাতে মাঝারি মেয়াদে ২ শতাংশ লক্ষ্য অর্জিত হয়।
কিশোরগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি মিথ্যা অপবাদও দেয়া হচ্ছে। তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবকিছু তারা দিয়েছে। ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। ফিনিক্স পাখির মতো, বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে: ফখরুল
যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। যদিও জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে, সীমান্ত ও পূর্ণ সার্বভৌমত্বের অভাবে এটি প্রতীকী পদক্ষেপ হিসেবেই থাকছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একে “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা” বলে বিরোধিতা করছে। সমর্থকরা মনে করেন, গাজার মানবিক সংকট ও বৈশ্বিক ক্ষোভের প্রেক্ষাপটে এই উদ্যোগ দ্বি-রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে এবং ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারে।
মার্কিন এক ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা খারিজ করেছেন নিউইয়র্ক টাইমস, প্রকাশক পেঙ্গুইন ও দুই প্রতিবেদকের বিরুদ্ধে। বিচারক অভিযোগপত্রকে অতি দীর্ঘ, অপমানজনক ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন। ৮৫ পৃষ্ঠার মামলায় মাত্র দুটি অভিযোগ থাকায় তা অগ্রহণযোগ্য হয়। ট্রাম্প দাবি করেন, অভিযুক্তরা ডেমোক্র্যাটদের মুখপাত্রের মতো কাজ করেছে এবং তার ব্যবসা ও সম্পদ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেছে। আদালত ২৮ দিনের মধ্যে নতুনভাবে মামলা দাখিলের অনুমতি দিয়েছে।
সুদানের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহর দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। আরএসএফ চলতি সপ্তাহে নতুন করে আল-ফাশের শহরে হামলা শুরু করেছে। শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। শিবিরটির বড় অংশ এখন আরএসএফের নিয়ন্ত্রণে। এদিকে জাতিসংঘ বলছে, এটি ক্রমেই জাতিগত সংঘাতে রূপ নিচ্ছে এবং দুপক্ষই সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে, দখল করা এলাকায় অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলনীতি চালাচ্ছে আরএসএফ। অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে আরএসএফ।
সুদানে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের ‘হেলমেট বাহিনী’ ছিল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা হত্যা করেছে। তিনি বলেন, বর্তমান সরকার আসার পর মানুষ বলতো এটি একটি এনজিওগ্রাম সরকার। এখন সেটা রূপান্তরিত হয়ে হয়েছে আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার। কারণ এই সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামায়াতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো। আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওইরকম ছিল না। আসলে তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে। আমি যদি একটা প্রমাণ দেই, আবরার যে মারা গেল, তাকে মেরে ফেললো যারা তাদের আসামিদের উকিল কারা। তিনি হচ্ছেন শিশির মনির। আপনি বুঝেন, আসামিদের উকিল। তাহলে বুঝেন তাকে মারছে কারা। মনি বলেন, এখান থেকে বুঝায় যে আসামিদের উকিল হওয়াটা চাট্টিখানি কথা না। আবরারকে মারছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা।
আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওইরকম ছিল না। আসলে তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে। আবরারকে মারছে শিবির বাহিনীরা: নিলুফার
ইসরাইলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ। এদিকে নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরাইলি সেনাবাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এ অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব।
ইসরাইলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে।
ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে দাঁড়ালো এক লাখ ডলার। এ অর্থ জমা না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত থাকবে। আদেশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এই ভিসা কর্মসূচির অপব্যবহার হচ্ছে এবং তা মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে প্রভাব ফেলছে। তবে ইলন মাস্কসহ শীর্ষ উদ্যোক্তারা বলছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রকে বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণে সহায়তা করছে। একইসঙ্গে ট্রাম্প নতুন ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করেছেন, যেখানে নির্দিষ্ট অভিবাসীরা ১০ লাখ পাউন্ড থেকে শুরু হওয়া ফির বিনিময়ে দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে। বড় বড় কোম্পানি এ বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমাদের উচিত নিজেদের তরুণদের প্রশিক্ষণ দেওয়া।’ এতদিন পর্যন্ত এ ভিসার প্রশাসনিক ফি ছিল গড়ে দেড় হাজার ডলার। আইনজীবী তাহমিনা ওয়াটসন মনে করেন, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ‘কফিনের শেষ পেরেক’ হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, নতুন বিধিনিষেধ বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করবে, কারণ এই ভিসার সবচেয়ে বড় অংশীদার ভারতীয়রাই।
ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে দাঁড়ালো এক লাখ ডলার।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে। তিনি বলেন, ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কীভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচারবিভাগের মতামত নেই। একই সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তিসঞ্চার করবে।
আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে: সালাহউদ্দিন
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জন নিহত হয়েছেন এবং ১৪৬ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি গণহত্যায় অন্তত ৬৫ হাজার ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও একজন ফিলিস্তিনি নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৫১৪ জন নিহত এবং ১৮ হাজার ৪৩১ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জন নিহত হয়েছেন এবং ১৪৬ জন আহত হয়েছেন।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চান্দিনার কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জানা যায়- ২০২২ সালের ৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ ভবনে এলডিপি’র নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রেদোয়ান আহমেদ। এ সময় তার গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট রেদোয়ান আহমেদ বাদী হয়ে সাবেক এমপি প্রাণ গোপাল দত্তসহ ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি সুমন ভূইয়া। এছাড়াও আরও ১টি মামলায়ও তার নাম রয়েছে।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চান্দিনার কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৭ম তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। জানা গেছে, বাসায় পরিবারটির চার সদস্যই থাকেন। শুক্রবার দিবাগত রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় এসি থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন। আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নিভিয়ে রাতেই তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।
সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে ভাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর বলেছে, আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে পৃথক করে ফরিদপুর-২ আসনের সাথে অন্তর্ভুক্ত করায় স্থানীয় জনসাধারণ গত ৫ সেপ্টেম্বর থেকে মহাসড়কে অবস্থান ও অবরোধসহ নানাবিধ কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচিকে পুঁজি করে নিক্সনের সোশ্যাল মিডিয়ায় একাধিক উসকানিমূলক বক্তব্য ও কার্যকলাপে ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর নিক্সন এই আন্দোলনকে সহিংস আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ভিডিওবার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবৈধ বলে উল্লেখ করেন।’ এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর জনগণের আন্দোলনে অনুপ্রবেশকারী তার অনুগত কর্মী-সমর্থকরা ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা ইউএনও কার্যালয়সহ ব্যাপকভাবে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ জানায়, কারও কোনো উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে জনশৃঙ্খলা বজায় রাখতে আইন মেনে চলুন এবং পুলিশকে সহযোগিতা করুন। মামলা দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে ভাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে: পুলিশ।
মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে ৫৫ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার শহরের ছয়টি রেস্তোরাঁয় পরিচালিত ‘অপ সেলেরা’ নামক এই বিশেষ অভিযানে বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৪৬ জন মায়ানমারের নাগরিক, ছয়জন কোরিয়ান নাগরিক এবং ১৮ থেকে ৫৩ বছর বয়সি তিনজন বাংলাদেশি নাগরিক। তাদের বৈধ কাগজপত্র ছাড়াই ওয়েটার ও রাঁধুনি হিসেবে কাজ করার সন্দেহ করা হচ্ছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য চারজন প্রাইম ম্যানেজার—তিনজন স্থানীয় ও একজন বিদেশিকেও আটক করেছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে ৫৫ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে জাহাজটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। তিনি এও দাবি করেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই ‘প্রাণঘাতী হামলা চালানো হয়েছে —যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত।' আরও লেখেন, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচারপথ দিয়ে চলাচল করছিল।
মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে জাহাজটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন: ট্রাম্প
বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে।
বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে। হাসান বলেন, এটি আমার শেষ ইচ্ছা, জীবনের শেষ নির্বাচন করার। অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে দল বঞ্চিত হবে না; বরং না দিলে আমার এলাকাবাসী বঞ্চিত হবেন। আরো বলেন, পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে। বর্তমানে চিকিৎসার ফলে আমার পায়ের অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। বরং আরও খারাপ অবস্থাতেও ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখনও জনগণের রায় আমার পক্ষে ছিল, কিন্তু ফ্যাসিবাদ সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছিল।
নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান
ধর্ম উপদেষ্টা ড.আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে। তিনি বলেন, ‘আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে রাজপথের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসেনা। স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো শত বছর পিছিয়ে যেতে হবে। আরও বলেন, ‘আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সে সূর্যের তেজদীপ্তিতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে এ দেশকে সাজাতে চাই। বিনির্মাণ করতে চাই একটি বৈষম্যহীন, লুটতরাজবিহীন, জুলুমবিহীন বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠা পাবে মানুষের মৌলিক অধিকার।
স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো শত বছর পিছিয়ে যেতে হবে: খালিদ
বাগছাসের সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়। পারিবারিক ভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
বাগছাসের সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন আবদুল হান্নান মাসউদ।
ঢামেক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি ম্যানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় ট্রলি ম্যান জুয়েলকে ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জানা গেছে, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হলে রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে। এ নিয়ে প্রথমে চিকিৎসকের সঙ্গে স্বজনদের তর্কাতর্কি হয়। পরে তারা সেখান থেকে জরুরি বিভাগে চলে আসেন। জরুরি বিভাগে এসে রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে ট্রলি ম্যান জুয়েল সেখানে বাধা দেন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে আরও লোকজন ডেকে এনে জুয়েলকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ রোগীর তিন স্বজনকে আটক করে। আটকরা হলেন—সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)।
ঢামেক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি ম্যানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কারবিহীন নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। বিশেষ একটি দলের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। সিলেটে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সংস্কার জামায়াতের দলীয় এজেন্ডা নয়, সংস্কার জনগণের আকাঙ্ক্ষা। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে আর পিআর চায় না তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড-ইউনিটের হাজার হাজার জনশক্তি খন্ড খন্ড মিছিল সহকারে অংশ নেন।
সংস্কারবিহীন নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। বিশেষ একটি দলের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে: আযাদ
রাবিতে স্নাতক ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। যাকে কোনোভাবেই ফিরিয়ে আনা চলবে না। আমরা রক্ত দেব, কিন্তু এই ক্যাম্পাসে পোষ্য কোটা ফিরতে দেব না। নির্বাচনকে বানচাল করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর আগে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ হাসান নকীব। তিনি বলেছিলেন, আমি ১ শতাংশ পোষ্য কোটা রাখারও পক্ষে নই। আমি অঙ্গীকার করছি, এই পোষ্য কোটা রাখা হবে না। এরপর পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনে নামেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাবিতে স্নাতক ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষে-বিপক্ষে জনমত যাচাই করুন। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। শুক্রবার বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির কর্মসূচিতে তিনি বলেন, ফ্যাসিস্ট ও দোসরদের এ দেশে আর সুযোগ দেওয়া হবে না। এখনো প্রশাসনের মধ্যে ফাসিস্টের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের সরিয়ে নির্বাচন দিতে হবে। সেজন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত করতে হবে। জাতীয় পার্টিসহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছিল তাদের বিচারের আওতায় আনা জরুরি।
দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি: মুজিবুর
বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বা নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে। এ ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে। নারীর সম্মানের জন্য বিএনপি এ পদক্ষেপ নেবে। দেশের মানুষের জন্য আমরা কাজ করব- এটিই আমাদের অঙ্গীকার। তারেক রহমান বলেছেন- বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কিছু বলতে নেই, আমরা সবাই বাংলাদেশি। টাঙ্গাইলে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে টুকু বলেন, নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেকটা। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। জিয়াউর রহমান যখন যা বলেছেন জনগণের জন্য তা করেছেন। খালেদা জিয়াও তা করেছেন এবং তারেক রহমান আগামীতে করবে। সবাই মিলে এ দেশটিকে গড়ে তুলতে হবে। এখানে জাতিভেদ চিন্তা করা যাবে না। মানবিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে। তিনি বলেন, পূজা যাতে সবাই ভালোভাবে পালন করতে পারে সে লক্ষ্যে গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে।
নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেটা। তাদের মোনাফেক বলা হয়: টুকু
জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, পাকিস্তানিদের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে বাংলার মানুষ লড়াই করে মাত্র ৯ মাসে বিজয় অর্জন করেছিল। সেই একই লক্ষ্যে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আর কোনো ফ্যাসিস্ট এর জন্ম হতে দেওয়া যাবে না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে চাঁদাবাজি। আমরা এ অবস্থার উত্তরণ চাই। আরও বলেন, বাংলাদেশের মানুষ যে সুখ-শান্তির স্বপ্ন লালন করে বেঁচে আছে, আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন চাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দল, নেতা ও মার্কাকে বেছে নিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই সব দল ও মার্কার মানুষেরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। পিরোজপুরের দুই-একজন মানুষ ছাড়া অন্য কোনো মন্ত্রী, এমপি তেমন কোনো উন্নয়ন করেননি। আল্লামা সাঈদীর উন্নয়ন তুলে ধরে বলেন, পিরোজপুর শিল্পকলা একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, যুব-উন্নয়ন, হাসপাতাল, রাস্তাঘাট এসব তিনিই করেছেন। শেষে বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সেই সব বিজয়ী ছাত্রদেরও রাজাকার ট্যাগিং করা হচ্ছে। রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না।
ডাকসু-জাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সেই সব বিজয়ী ছাত্রদেরও রাজাকার ট্যাগিং করা হচ্ছে। রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না: মাসুদ সাঈদী
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া নথি তৈরি করেছে। এসব নথি দিয়ে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত তথ্যে বলা হয়, টিউলিপ সিদ্দিক একটি বাংলাদেশি পাসপোর্ট (২০০১ সালে, বয়স তখন ১৯ বছর) এবং একটি জাতীয় পরিচয়পত্র (২০১১ সালে) করেছিলেন। তিনি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়নের আবেদনও করেছিলেন। টিউলিপের ঘনিষ্ঠজনেরা বলছেন, পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটি আসলে টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার বাড়ি। তিনি কখনো ঢাকায় বসবাস করেননি। আইডি কার্ডটি পুরোনো ফরম্যাটের, নতুন ‘স্মার্ট কার্ড’ নয়। তার পরিবার বলছে, তিনি শুধু শিশুকালে একবার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছিলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় কখনো ব্যবহার করেননি। এর আগে ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক স্বামীসহ ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তখন তিনি বক্তব্যে বাংলাদেশকে ‘আমাদের দেশ’ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ২০১৭ সালে যুক্তরাজ্যের এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে বলেন, আমি ব্রিটিশ এমপি। আমাকে বাংলাদেশি বলবেন না। আমি বাংলাদেশি নই।
বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া নথি তৈরি করেছে। এসব নথি দিয়ে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে: টিউলিপ
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন উপ-কমিটির চেয়ারম্যান মৌনির সাতুরি। সফরকালে সাতৌরি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। তিনি গত আট বছর ধরে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ‘অসাধারণ প্রচেষ্টার’ প্রশংসা করেন এবং বৈশ্বিকভাবে দায়িত্ব ভাগাভাগির আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে ইউরোপীয় ইউনিয়ন তার আর্থিক সহায়তার মাত্রা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেওয়া যায় না। তিনি আন্তর্জাতিক সহায়তা ও মিয়ানমারে রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। সাতৌরি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের সম্মেলন সংকট সমাধানে বৈশ্বিক ঐকমত্য গড়ে তুলতে সহায়ক হবে। সফরকালে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
রোহিঙ্গা সংকটে ইউরোপীয় ইউনিয়ন তার আর্থিক সহায়তার মাত্রা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেওয়া যায় না: সাতৌরি
মানিকনগর এলাকায় গ্যাসের সংকট সমাধান ও রাস্তা সংস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন মুগদা থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওখানে জামায়াত নেতা মতিউর রহমান আকন বলেন, মানিকনগর একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। অথচ এই এলাকায় সব সময় গ্যাসের সংকট থাকে। নিয়মিত সংকটের কারণে সব শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, গ্যাস সংকটের বিষয়টি সরকার দ্রুত সমাধান করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তায় ছোট-বড় খানাখন্দ রয়েছে। বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল করা যায় না। এই রাস্তাও সংস্কার করা প্রয়োজন। এছাড়া এলাকাবাসী গ্যাস সংকট সমাধানের দাবি জানান, অন্যথায় এলাকার জনগণকে নিয়ে মানববন্ধন ও জনসমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
মানিকনগর এলাকায় গ্যাসের সংকট সমাধান ও রাস্তা সংস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন মুগদা থানার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে নিজেদের অর্জন হিসেবে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস যদি আমরা নিশ্চিত করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে ভূমিকা রেখেছে গণ-অভ্যুত্থানে, তার জন্য আমাদের তাদের সেই নেতৃত্বের জায়গাটা দিতে হবে। ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। তিনি বলেন, কিছুটা দুঃখের বিষয় যে বাগছাসের প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ডাকসু ও জাকসুতে তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারি নাই।’ নাহিদ বলেন, ’এটার নানা বাস্তবতা ছিল। বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে এই সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।’
কিছুটা দুঃখের বিষয় যে বাগছাসের প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ডাকসু ও জাকসুতে তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই: নাহিদ
বাড়িতে এসেও শুক্রবার দুপুরে ভারাক্রান্ত হৃদয়ে ঢাকায় ফিরে গেলেন দলীয় পদ স্থগিত থাকা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এর আগে তিনি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের আগে দলের প্রতি স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন- দীর্ঘ আট বছর ধরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে জেলার ১৩টি উপজেলার ইউনিটগুলো নিজ হাতে সাজিয়ে ছিলেন। কিন্তু শুক্রবার পর্যন্ত দল থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহারে কোনো সাড়া না পেয়ে বাড়িতে এসেও ঢাকার উদ্দেশে ফিরে যান। জানা গেছে, ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় ৮ বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র এবং প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় দলের শাস্তির আওতায় পড়েন।
বাড়িতে এসেও শুক্রবার দুপুরে ভারাক্রান্ত হৃদয়ে ঢাকায় ফিরে গেলেন দলীয় পদ স্থগিত থাকা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
ঢাবি মহসিন হলের ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, ‘হাজী মুহাম্মদ মুহসীন হল ঢাবির ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু দেখতে পাচ্ছি, আমির হামজা নামক একজন বক্তা ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন, ছাত্রশিবির ডাকসু জয়ের পূর্বে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্য বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, মহসীন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা বানোয়াট রাজনৈতিক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতোপূর্বে হলের একশ শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন ডাহা মিথ্যাচারও প্রচার করতে দেখেছি আমরা, যা কখনোই কাম্য নয়।’ আরও বলেন, ‘হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপনপূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'
জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আমির হামজা দাবি করছেন, ছাত্রশিবির ডাকসু জয়ের পূর্বে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি: ছাত্রদল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন, যা গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে। পাক-সৌদির প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে। এর আগে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে। উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে ‘উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে বিবেচনা করবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।
সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে: রণধীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। তিনি বলেন, আলোচনা সভায় একটা কথা এখানে খুব জোরেসোরে এসেছে, তা হলো সংগঠন। আমার মনে হয়, ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসেছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না। একেবারে বদরুদ্দীন উমরের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। বিএনপি মহাসচিব বলেন, কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে আমার খুব বেশি মেলামেশা করার সুযোগ হয়নি। উপদেষ্টা আবরার সাহেবের বাসায় গিয়েছি, সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। বদরুদ্দীন উমর জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ, সংগ্রামের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। আমরা আজকের রাজনীতি যারা করছি, আমরা অত্যন্ত শ্রদ্ধাবোধ করি। উল্লেখ্য, শোকসভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: ফখরুল
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজ ব্যবস্থা। যেখানে মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে, একজন কর্তৃত্ব আরোপ করবে সেটা কখনো গণতন্ত্র হতে পারে না, সেটা হবে স্বৈরতন্ত্র। তিনি বলেন, যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। যা আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আরও বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি অধিকার নিশ্চিত হয় এবং এ দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়। বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএিনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে তাদের উপদেশ নিয়ে।
বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএিনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে তাদের উপদেশ নিয়ে: মঈন
নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। এরই জেরে আজ দুপুরে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে একজন নিহত হন। দুই গ্রুপই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।
জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, মুক্তিযুদ্ধে ভুমিকার কারণে জামায়াতের ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তারা লোকসানে পড়েছে। তবে ডাকসুজয়ী শিবির নেতাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত। এদিকে, ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। যেখানে বলা হয়েছে, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে। কেউ সনদবিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। পরওয়ার বলেন, জুলাই সনদে এখনও স্বাক্ষর হয়নি। এটাকেই চূড়ান্তরূপ বলা যায় না। এগুলো পরিবর্তনশীল। আলাপ-আলোচনা করে দেখা হোক। আরো বলেন, জুলাই সনদ তো একটা বিরাট বিষয়। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিলো এটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদ তো ফ্যাসিবাদবিরোধী একটা ঐতিহাসিক দলিল। এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান।
ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দিয়েছে জামায়াত, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে। কেউ সনদবিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা।
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করেছে কানাডা। কানাডা সরকার বলেছে- বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত না-ও পাওয়া যেতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।
বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন: কানাডা
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ফেসবুক পোস্টে বলা হয়, ‘২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্যে থাকা হাসিনার এজেন্টদের বর্বরোচিত হামলার বিচারহীনতার ২১ দিন! ২০০৭ সালে তারেক রহমান, ২৫ এ নুরুল হক নুর, সামনে আর কে? এরা নির্বাচনি দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচনের সময় এরা যে লীগ ও জাপার দোসরদের ফেভার করবে না তার গ্যারান্টি আছে? ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোল বাংলাদেশ! জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত কর।’
জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত কর: নুর
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব লক্ষ্য নিয়ে এগোবে। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত। আরও বলেন, প্রতীক বিষয়ে কিছু না বললেও নিবন্ধন পাওয়ার বিষয় নিশ্চিত। তবে আশা করি শাপলাই প্রতীক হিসেবে পাবো। সংস্কারের আইনি ভিত্তি এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান উল্লেখ করে নাহিদ জানান, আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটি হবে। এ ছাড়াও, দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ।
এনসিপি কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব লক্ষ্য নিয়ে এগোবে। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি: নাহিদ
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে তা এখন ইসলামের পক্ষে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। বাড্ডায় পাঁচ দফার কর্মসূচিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন। ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে, তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এই নেতা বলেন, দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা আবার কী ‘মধু’ খাওয়াবে, তা কোনোদিন মানুষের কল্যাণে পরিণত হবে না। আরও বলেন, আমাদের নীতি-আদর্শ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে–মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী–সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নীতি-আদর্শ রেখেছেন, তার বাইরে কেউ শান্তি বা মুক্তি কখনো পাবে না। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন তাদের অধিকার বুঝতে পারে। যারা দেশের ক্ষমতা দখল করেছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পরিবর্তন সময়ের দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পরিবর্তন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, দেশের প্রতিটি মানুষের ন্যায় ও মর্যাদা নিশ্চিত করা।
আমাদের নীতি-আদর্শ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে–মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী–সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়: রেজাউল
রংপুরে বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। সাহস থাকলে গণভোট দেন। জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেব। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আর একটি হাসিনার জন্ম হবে, আর একটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। তিনি বলেন, যখনই পিআর পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান। সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ। সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী- পাঁচ বছর পর ২৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাহলে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন? সার্ভেতে ৭০ ভাগ মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। পরওয়ার বলেন, পিআরের মধ্য দিয়ে সবার অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশিশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়- তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই তারা পিআর ঠেকাতে চায়।
সাহস থাকলে গণভোট দেন। জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেব: পরওয়ার
বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে, নির্বাচনে তারা বেশি আসন পাবে না, অতীতেও পায়নি। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। ভোলা-৩ নির্বাচনি আসনের দুই উপজেলায় তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে দেওয়া হয়েছে। যারা কোনো দিন আমাদের মঙ্গল চায় না। ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। ১৭ বছর পর কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়।
জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে, নির্বাচনে তারা বেশি আসন পাবে না: হাফিজ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী— এ তিনদিন সরকারি ছুটির দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমস্যা হয়। এছাড়া মহাজোটের পক্ষ থেকে পূজার সময় দেশব্যাপী নিরাপত্তা জোরদার এবং প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারের খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। গত বছরের মতো এবারও দুর্গাপূজায় দেশজুড়ে সেনাবাহিনীর টহল নিশ্চিত করা ও দুর্গাপূজার নিরাপত্তা তদারকির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের দাবিও করা হয়।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী— এ তিনদিন সরকারি ছুটির দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর নিরাপত্তার দায়িত্বে আবারও ফিরেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অন্যদিকে দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা। জানা যায়, বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ রাতারাতি হাজারখানেক আনসার সদস্য দায়িত্ব ছেড়ে চলে গেলে সেখানে অস্থায়ীভাবে বিমানবাহিনী মোতায়েন করা হয়। একই সময়ে এপিবিএনকেও টার্মিনালের ভেতরে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। আরও জানা যায়, এপিবিএন অভিযোগ তোলে যে, তাদের এয়ার সাইডে থাকা অফিসকক্ষ থেকে মালামাল সরিয়ে দিয়েছে অ্যাভসেক। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও হয়। আরও জানা যায়, সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। একক কমান্ড, রেগুলেশন এবং নিয়ন্ত্রণ নিশ্চিতের জন্য এখানে কার্যকর সব সংস্থাই বেবিচকের একক কর্তৃত্বে কাজ করবে এপিবিএন ও অ্যাভসেক তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর নিরাপত্তার দায়িত্বে আবারও ফিরেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
নাটোরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে। যখনই পূজা আসে, তখনই একটা চক্র নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। দুলু বলেন, তারেক রহমানের নির্দেশে সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিয়ে সকল সম্প্রদায়ের পাশে থেকে সকলের জান-মাল রক্ষা করবে নেতাকর্মীরা।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে: দুলু
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পরিষদের নেতারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে। পরিষদের উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে, এখন সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন মহড়া শেষ হয়েছে। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ মহড়া সমাপ্ত হয়েছে। মহড়াটি ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস জাভেদ তানভীর খান সমাপনী বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন মহড়া শেষ হয়েছে।
টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন। তিনি জানান, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিল।
টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি।
বাংলাদেশ যেন টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে অগ্রসর হতে পারে, সে জন্য পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না। এখনই সময় বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানির বিকল্পসমূহ, বিশেষ করে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন বিবেচনা করার। এদিকে কার্ল পেজ বলেন, ভাসমান বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণযোগ্য এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে বহু দশক ধরে শক্তি জোগাতে সক্ষম। পেজ বলেছেন, বিশ্বব্যাংকের মতো প্রধান উন্নয়ন অর্থায়নকারী সংস্থাগুলোর কাছে এখন আর পারমাণবিক শক্তি কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এসব প্রযুক্তি গ্রহণ করছে। পেজ বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির কৌশলগত কেন্দ্র হতে পারে এবং পরমাণু উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্ব দিতে পারে। অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি একটি নতুন জাতীয় বিদ্যুৎনীতি প্রণয়ন করেছে, যার লক্ষ্য সৌরবিদ্যুতের প্রসার ত্বরান্বিত করা।
বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না। এখনই সময় বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন বিবেচনা করার: ইউনূস
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানান, দুইটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করার প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেন, উভয় পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। কোনোটিই ত্রুটিমুক্ত হয়। তবে দুটি পদ্ধতিই প্রয়োজন। ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।
দুইটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করার প্রস্তাব দেয়া হয়েছে: বদিউল
লক্ষ্মীপুরের রায়পুরে কাজি হাছানুজ্জামান ও অজিউল্লাহ হাফজিয়া মাদ্রাসায় এক শিশু ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক আতাউর ও শরীফ হোসেনকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে আহত শিক্ষার্থী মাহমুদ হাসানকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রের মামা ফিরোজ আলম জানান, ওই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্র মাহমুদুর রহমান পড়া না পারার কারণে শিক্ষক শরীফ হোসেন ৬টি বেত্রাঘাত করে। বৃহস্পতিবার আবার একই কারণ দেখিয়ে হেফজ বিভাগের প্রধান আতাউর রহমান ১২টি বেত্রাঘাত করে। এ সময় মাহমুদ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থ হয় পড়ে। পরে তার মা শাহিনুর বেগমকে মাদ্রাসায় ডেকে এনে বাড়িতে পাঠিয়ে দেন কর্তৃপক্ষ। মাহমুদ জানান, মারধরের পর দুই শিক্ষক হুমকি দিয়েছেন, ঘটনাটি মাকে জানালে জবাই করে ফেলা হবে অথবা মাদ্রাসার ছাদ থেকে ফেলে হত্যা করা হবে।
রায়পুরে মাদ্রাসায় এক শিশু ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক আতাউর ও শরীফ হোসেনকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তা ভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেয়া যাবে। আরও বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই। সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন।
শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তা ভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না: দুদু
গাজায় সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২৮ জন। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন ফিলিস্তিনি। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩ ও আহত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জনের বেশি। এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ নিয়ে অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ৪৩৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৪৭টি শিশু।
গাজায় সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২৮ জন।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার সাত বিভাগীয় শহরে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এর আগে বুধবার জানানো হয়, শুক্রবারের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে থাকবেন সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। অন্যদিকে সিলেট মহানগরের নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরে সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনা মহানগরে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। জামায়াতের ৫ দফা দাবি হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন; উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার সাত বিভাগীয় শহরে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
নওগাঁর শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার ভোরে সীমান্তের পাশ থেকে বিজিবি ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী। আটককৃতদের আদি নিবাস পাবনা জেলায়। তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
নওগাঁর শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ।
কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। এর আগে, গত বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হয়। তবে অভিযুক্তের বিচারের দাবিতে ‘তৌহিদি জনতার’ ব্যানারে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। সেই রাতেই অভিযুক্ত মহসিনকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার কটূক্তির অভিযোগের জেরে বিক্ষুব্ধরা চারটি মাজারে ভাঙচুর করে। একপর্যায়ে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। নির্বাচনে যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। এক থেকে দেড় বছরে এই ভঙ্গুর অবকাঠামো ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু কমিশনের দেয়া প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি। আরও বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। এছাড়া ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে জোর দেন তিনি।
রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে: ইফতেখারুজ্জামান
প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে ভারতীয় কয়েকজন ব্যবসায়ী ও করপোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা শুধু বাতিলই নয়, পরবর্তী সময়ে তাদের ভিসা আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ফেন্টানিল প্রিকার্সর বা কাঁচামাল হলো সেই মূল রাসায়নিক উপাদান, যা থেকে প্রাণঘাতী সিন্থেটিক মাদক ফেন্টানিল তৈরি হয়। যুক্তরাষ্ট্রে মাদকজনিত অতিমৃত্যুর প্রধান কারণ এই ফেন্টানিল। মার্কিন দূতাবাস জানায়, মাদক পাচার প্রতিরোধে ভারত সরকার ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানিপণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন।
ফেন্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে ভারতীয় কয়েকজন ব্যবসায়ী ও করপোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। তিনি বলেন,গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনোও গণতান্ত্রিক হতে পারে না। আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।
গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনোও গণতান্ত্রিক হতে পারে না: জাহিদ
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে। ফলে টানা দ্বিতীয়বারের মত চার বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ পেল বাংলাদেশ। এর আগের ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়, বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল। তাই উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল। এ কারণে আশঙ্কা তৈরি হয়েছিল যে, সীমিত অংশগ্রহণ পুনর্নির্বাচনের পথে বাধা হতে পারে। তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে।
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
কক্সবাজার শহরে এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় মাথায় কুরআন শরীফ রেখে আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঐ আওয়ামী লীগ নেত্রীর নাম রোজিনা আক্তার। রোজিনা আক্তারের অভিযোগ, প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে বাঁচাবেন। অতিরিক্ত অর্থের জন্য রাজি না হলে হত্যার পর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা নুরউদ্দিনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরে প্রচলিত রয়েছে। এদিকে বিএনপি নেতাকর্মীদের মতে, কুরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার ঘটনা শুধু কক্সবাজার নয়, দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নুরউদ্দিন খাঁন বলেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি।
কক্সবাজার শহরে এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় মাথায় কুরআন শরীফ রেখে আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন।
সম্প্রতি নিউইয়র্ক কনস্যুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওখানকার বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা লিখেছেন, একেকজন বলছে, আমি নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে ফেলেছি। আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। ঘটনা ঘটেছে নিউইয়র্ক কনস্যুলেটে। আমি অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে গিয়েছি, আয়োজনে সহায়তা করেছি। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার পুরো বিষয়টি নিউইয়র্ক কনস্যুলেট লিখিতভাবে, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ভিডিও ফুটেজসহ নিউইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিসকে জানিয়েছে। স্টেটস ডিপার্টমেন্ট এবং সিক্রেট সার্ভিসকে একইভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি এখনও তদন্তাধীন। তদন্ত সম্পন্ন হলে নিউইয়র্ক কনস্যুলেট ও দূতাবাসকে সুনির্দিষ্ট করে জানাবে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা। তদন্তে যে অভিযোগ পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে মামলা করতে হবে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযোগ জানানো হয়েছে। এটাই যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া। আরো লিখেছেন, মানবতাবিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপোষের কোনো ঘটনা ঘটে নাই।
নিউইয়র্ক কনস্যুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় আওয়ামী লীগের একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল। আলাপকালে ড. ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইইউর একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে, এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। এদিকে ইউনূস স্মরণ করিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ইউনূস বর্তমানে কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে এ নিয়ে ছয়বারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে ইসরাইলকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরাইলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্যদেশ এ খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে। ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। অনুমান নয়, ঘোষণা নয়— এটা এখন নিশ্চিত।’ প্রায় দু বছর ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে এ নিয়ে ছয়বারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ২৪ ঘন্টায় একনজরে ১২৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।