প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং। তিনি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। চার দিনব্যাপী ঢাকার বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন বিদেশি বিনিয়োগকারীদের বড় অংশ চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ভ্রমণ করেছেন। আর মঙ্গলবার চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী নারায়নগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। এ সময় তারা খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। পরিবহণ ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে খোলা চিঠিতে রাবি শিক্ষক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ লিখেছেন, বাংলাদেশের বয়স ৫৪ পেরোলেও দেশের প্রতিটি বিভাগের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। যখন দেশে মেট্রোরেল, হাই-স্পিড ট্রেন, উন্নত স্টেশনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, তখনও রাজশাহীর মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত। রাজশাহী হতে চট্টগ্রাম রেল যোগাযোগে কিছু সামান্য স্থানে ডাবল ডুয়েল গেজ লাইন স্থাপনই কেবল যথেষ্ট! এই রেলপথ চালু হলে রাজশাহী অঞ্চল তথা উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি উৎপাদন, পর্যটন, শিক্ষা ও চিকিৎসা খাতে অভাবনীয় উন্নয়ন ঘটবে। এই সময় তিনি অপার সম্ভাবনা বর্ণনা করে উপদেষ্টার সদয় উদ্যোগ দৃষ্টি কামনা করেন।
রেল উপদেষ্টার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের খোলা চিঠি
উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে জেলা আদালতে গিয়েছিলেন মানিকগঞ্জের জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দিন। আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে চান জামিন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, মহিউদ্দিনের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলা চালায়। তিনি পরিকল্পনা করে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ করান। তার পরিকল্পনায় জুলাই-আগষ্টে মানিকগঞ্জ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
মানিকগঞ্জ জেলা আ. লীগ সভাপতি কারাগারে
দুদক জানায়, ৩৮তম বিসিএস থেকে ৪৩তম বিসিএসসহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারকারীদের তালিকা প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন বলে টিম প্রমাণ পেয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান জনপ্রশাসনে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন ৮৯ হাজার ২৩৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে বেশিরভাগই নিয়োগ পেয়েছেন আওয়ামী শাসনামলে। যাদের অনেকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটায় শুধু প্রাথমিক ও গণশিক্ষায় ২৯ হাজার ৪৮৫ জন, পুলিশে ২৩ হাজার ৬৩ জন চাকরি পেয়েছেন।
মুক্তিযোদ্ধার ভুয়া সনদে বিসিএসসহ সরকারি চাকরি, প্রমাণ পেয়েছে দুদক
মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে লিখেছেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে তারা সুযোগের অভাবে সৎ। তারা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। তিনি আরো লেখেন, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত!
বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারি
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না। তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে, তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে।' তিনি সোমবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'তোমাদের দেশকে উন্মুক্ত করতে হবে, কারণ আমরা জাপানে কোনো গাড়ি বিক্রি করি না বরং তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে।' ইসরায়েলকেও শুল্ক ছাড় দেবেন না বলে জানান ট্রাম্প। বলেন, ভুলে যায়েন না, ওদের বাৎসরিক ৪ বিলিয়ন ডলার সহযোগিতা দিই!
শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প
বিশ্ব খাদ্য কর্মসূচি এক্সে জানিয়েছে, ১৪টি দেশের জন্য নতুন আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। কোন কোন দেশে এ সহায়তা বন্ধ করা হয়েছে তা উল্লেখ করেনি সংস্থাটি। সংস্থাটি বলেছে, ‘যদি এটি বাস্তবায়িত হয়, তবে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের সামিল।' জাতিসংঘ জনসংখ্যা তহবিলকেও ট্রাম্প প্রশাসন জানিয়েছে এ কথা, তারা দুটি কর্মসূচি বন্ধ করছে। যার মধ্যে, একটি কর্মসূচি ছিল আফগানিস্তানের জন্য, অন্যটি সিরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর বার্ষিক বাজেট ছিল ৪২.৮ বিলিয়ন ডলার, যা বিশ্বজুড়ে বিতরণ করা সমস্ত সাহায্যের ৪২ শতাংশ।
মার্কিন সহায়তা বন্ধ লাখ লাখ মানুষের জন্য ‘মৃত্যুদণ্ড’ : জাতিসংঘ
প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিডা আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এ সমঝোতা স্মারক সই হয়। নিলোর্নের বাংলাদেশ ইউনিট ‘নিলোর্ন বাংলাদেশ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সমঝোতা স্মারকে সই করেন।
আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে তিনপুরুষ ও দুজন নারী বলে জানিয়েছেন ওসি। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৫
বর্তমান সরকারের প্রতি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আছে জানিয়ে নুরুল হক নুর বলেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটি দল গঠন করেছে এবং বাকী দুই জন এখনো সরকারে আছে, ইতোমধ্যেই বিএনপিসহ অন্যান্য দল এবং আমরাও বলেছি যে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে রাজনৈতিক দলগুলো গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিস্কারভাবে ঘোষণা দিয়েছিল ৫ আগস্টের পূর্বে যে, ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষ এ বিষয়টিতে সারা দিয়েছিল। ৫ আগস্ট শুধু মাত্র ফ্যাসিবাদের পতন হয়নি, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পতন হয়েছে।
ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করা দরকার: ভিপি নুর
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা গেছে, মার্চে ২৪৮ জন কন্যাশিশু এবং ১৯৪ জন নারী অর্থাৎ মোট ৪৪২ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২৫ জন কন্যাসহ ১৬৩ জন। ২ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ২ জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। ৫৫ জন কন্যাশিশুসহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মার্চ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৫ জন, এর মধ্যে ২ জনকে হত্যা করা হয়েছে। ১৮ বছরের নিচে ২ জন গৃহকর্মী হত্যার ঘটনা ঘটেছে। ৬ জন কন্যাশিশুসহ ৮ জন অপহরণের শিকার হয়েছেন।
মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩: মহিলা পরিষদ
শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘সরাসরি আলোচনা’ করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ‘একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা’ বলে অভিহিত করেছেন! ট্রাম্প বলেন, 'ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয়, তবে সেটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে'। উল্লেখ্য, এর আগে ইরান এই ধরনের বৈঠক প্রত্যাখ্যান করেছিল।
ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়েছে। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল পুনরায় হামলা শুরু করার পর থেকে ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আক্রমণে আহত হওয়া আরও ১৩৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে পৌঁছেছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচির পর ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান লিখেন, গাজায় ইসরাইলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের উপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বার্তা দিয়েছে যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না। তিনি আরো লিখেন, তোমরা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছো এবং তা ছেড়ে যাবে না। আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। এই সময় তিনি বাংলাদেশের মতো মহৎ প্রাণদের সমর্থন যতদিন থাকবে ফিলিস্তিন প্রতিরোধ চালিয়ে যাবে বলেন!
আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: বাংলাদেশিদের অবস্থান প্রসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূত
গণঅভ্যুত্থানে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গাজায় সংহতি প্রকাশ ও গণহত্যার বিরুদ্ধে দেশে বিক্ষোভ মিছিলের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলি নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে।
ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার: প্রেস সচিব
বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ট্রাম্প বলেন, গাজা উপত্যকা একটি মৃত্যুফাঁদ এবং বিপজ্জনক জায়গাটি পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন। আমি বুঝতে পারছি না, ইসরাইল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা ইসরাইলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। তিনি আরো বলেন, শারীরিকভাবে ফেরত জিম্মিরা ক্ষতবিক্ষত না হলেও মানসিকভাবে ছিল! ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি দূর করবেন।
অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে প্রস্তুত, যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে: ট্রাম্প
গাজার ৫০ শতাংশেরও বেশি অঞ্চল দখলে নিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনা জানিয়েছে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় সংলগ্ন এলাকা হলো গাজা সীমান্তের আশপাশ। যেখানে সেনাবাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের সামরিক বাফার জোনের আকার দ্বিগুণ হয়েছে। ইসরাইলি সেনারা নেতজারিম করিডর নামে পরিচিত জমিও দখল করেছে। যা গাজা শহরসহ উত্তরাঞ্চলকে বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। যেখানে ২০ লাখেরও বেশি লোকের আবাসস্থল রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল আরেকটি করিডর তৈরি করতে চায়। যা দক্ষিণ গাজার মধ্য দিয়ে রাফাহ শহরকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।
গাজার ৫০ শতাংশের বেশি অঞ্চল ইসরাইলের দখলে
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মিছিল থেকে বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের ৮ জেলায় বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে বাটা কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, বাটা একটি ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি অথবা চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ত নয় বরং বাটা একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন কোম্পানি, ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।
বাটার বিবৃতি: বাটা একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন কোম্পানি, ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য এক গভীর হুমকি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মানে শুধু মিঠা পানি লবণাক্ত হয়ে যাওয়া নয়। এটা মানে আমাদের ভূখণ্ড হারানো, জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়া। ফসলহানি, পানির সংকট ও গণ-বাস্তুচ্যুতি সংঘাত সৃষ্টি করবে। বাংলাদেশের এক-তৃতীয়াংশ ডুবে গেলে, বাকি দুই-তৃতীয়াংশে প্রচণ্ড চাপ পড়বে। উপকূলীয় নারীদের লবণাক্ত পানির ক্ষত এবং কৃষকদের আশাহীনতা তুলে ধরে উপদেষ্টা বলেন, তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা প্রয়োজন। ভবিষ্যতে সেনাবাহিনীর কাজ শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, বরং জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনাও হতে পারে। তিনি আরও বলেন, শতকের মাঝামাঝি এক মিটার সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি হলে ২১টি উপকূলীয় জেলা ডুবে যেতে পারে। তিনি জানান, ২১০০ সালের মধ্যে ৫২টি ছোট দ্বীপ রাষ্ট্র, যেমন মালদ্বীপ, সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। এটা শুধু গাছ বাঁচানোর লড়াই নয়, এটা দেশ বাঁচানোর লড়াই। আমরা ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভিন্ন বাংলাদেশ পাবে, যা আজকের মানচিত্রে কল্পনাও করা যায় না।
জলবায়ু পরিবর্তন জাতীয় নিরাপত্তায় বড় হুমকি: পরিবেশ উপদেষ্টা
কুড়িগ্রামের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করনের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা প্রদান করে বিএসএফ। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকা করনের কাজ চলছে। এ অবস্থায় সীমান্তের কাছাকাছি আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাঁধা প্রদান করেছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবি'র মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোন উত্তেজনা নেই।
ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যদি বিচার বিভাগের সংস্কার না করা হয় তাহলে কোনো ক্ষেত্র বা সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। প্রধান বিচারপতি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সে প্রস্তাবনার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। তবে এখনও অনেক পথ বাকি, যার মধ্যে কিছু পথ দুর্গমও।
বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি
প্রেস সচিব জানিয়েছেন, চিঠিতে ড. ইউনূস বলেছেন, ‘আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব কর্মকাণ্ডের বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক সভার জন্য দয়া করে প্রয়োজনীয় সময় দেবেন। আমি আপনাকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের অনুরোধ রাখবেন।’ চিঠিতে আরও বলা হয়, ‘এ দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে পুরো বিষয়টি দেখভাল করছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের প্রধান কর্মপন্থা হলো তুলা, গম, ভুট্টা, সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বৃদ্ধি করা। যুক্তরাষ্ট্রের তুলার বাজারের প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করছি, যা পুরোপুরি শুল্কমুক্ত সুবিধা।’ এই চিঠিতে বাংলাদেশ থেকে নতুন উদ্যোগ, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
প্রেস সচিব জানিয়েছেন, দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। আইজিপি বলেছেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অতি দ্রুত গ্রেপ্তার করা হবে। পুলিশ টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। শফিকুল আলম বলেন, সরকার কোনো আইনসম্মত প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিডা-র চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, যখন আমরা বিনিয়োগ সামিট আয়োজন করেছি, তখন দেশের অভ্যন্তরে এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হওয়া অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল স্থানীয় উদ্যোক্তাদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীর, এসব প্রতিষ্ঠান আমাদের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল। যারা এই বর্বর ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তারা প্রকৃতপক্ষে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার শত্রু।
ফিলিস্তিন ইস্যুতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের নির্দেশ
জামায়াত নেতা রেজাউল করিম বলেন, ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী ভূখণ্ড হিসেবে পরিণত হয়েছে। তাই তাদের পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আমরা শুধু ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই না। পৃথিবীর বুকে যেখানেই ইহুদি থাকবে সেখানেই তাদের বয়কট করা হবে। এছাড়া তিনি ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গাজায় হামলা বন্ধ না হলে মুসলিম যুবক-যুবতীরা ইসরায়েল অভিমুখে মার্চ করে অবৈধ ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে বাধ্য হবে।
পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে হবে: ড. রেজাউল করিম
এক ভিডিও বার্তায় মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল-মত-জাতি-পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ঢাকার রাজপথে গাজা ইস্যুতে শনিবার সশরীরে বিক্ষোভ করবেন আজহারি
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, সবার অংশগ্রহণের মধ্যদিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা। শুধুমাত্র কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয়, এমন ঐকমত্য গড়ে তুলতে হবে তা যেন প্রকৃতপক্ষেই জাতীয় হয়ে উঠে। এবি পার্টির সঙ্গে সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, এর বাইরে সংস্কার বিষয়ে কীভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায়, তা নিশ্চিত করতে হবে। কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ কাজ পরিচালনা করা হবে। খুব শিগগিরই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে।
সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা: আলী রীয়াজ
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করাতে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্ক রুবি বলেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে। হাভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের সঙ্গে যোগাযোগ না করে শিক্ষার্থীদের ভিসা বাতিল ও গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
ফিলিস্তিন ইস্যুতে ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রার প্রথম দিনে আজ দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীদের ৭০ জনের দলকে চট্টগ্রামের দুটি বিশেষ শিল্প এলাকা পরিদর্শন করানো হয়। কারখানা পরিদর্শন শেষে ইয়াংওয়ান করপোরেশনের পক্ষ থেকে কেইপিজেডে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। আগ্রহী বিনিয়োগকারীরা ইয়াংওয়ান গ্রুপের বিনিয়োগ, উৎপাদিত পণ্য, রপ্তানির পরিমাণ, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কী কী বাধা ইত্যাদি বিষয়ে জানতে চান। কারখানার সুপরিবেশের কথা উল্লেখ করা হয়, বলা হয় প্রশাসনিক কিছু জটিলতা সত্তেও বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায় প্রতিষ্ঠানটি!
বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনি নারী পুরুষ, শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না। জাতিসংঘকে সক্রিয় হবার আহবানও জানান। তিনি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান, গড়িমসি বন্ধ করতে বলেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে গভীরভাবে সংযুক্ত থাকার নির্দেশনা দেন।
ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের
সোমবার ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স গাজার ওপর ইসরাইলের চলমান হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, ‘আমরা জোরপূর্বক কোনো জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ, গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল– এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি’। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ আরও বলেন, ‘গাজার ওপর ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট এল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন।
ইসরাইলের বিরুদ্ধে ফরাসী প্রেসিডেন্টের নিন্দা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, জবরদখলের বিরুদ্ধে অবস্থান
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠিতে লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের ওপর অগ্রাধিকারমূলক সুবিধা প্রত্যাহার করে সব রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করে। অথচ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে ৬ দশমিক ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। কাঁচা তুলা ও লোহার স্ক্র্যাপের ক্ষেত্রে আমাদের শুল্ক হার যথাক্রমে শূন্য ও এক শতাংশ। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তুলা আমদানিকারক দেশ। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে। বর্তমানে আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্যের ওপর শুল্ক হার শূন্য এবং আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার চিন্তাভাবনা চলছে। এতের আরও বলা হয়, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি অনুযায়ী, উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা যৌথভাবে দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ
গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। আরো বলা হয়, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্ব পালনের দাবি করছে। এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ। ১৯৬৭ সালের পূর্বের সীমানায় দ্বীরাষ্ট্র সমাধানের প্রতিও জোরারোপ করা হয়েছে।
গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল হয়েছে সারা দেশে। সায়েন্সল্যাব, মোহাম্মদপুর ও বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের খবর পাওয়া গেছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বুয়েট শিক্ষার্থীরাও। এছাড়া, রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে জাবি, রাবি, জবি, বেরোবি, বাকৃবি, রুয়েট, চুয়েট, গবি, মাভাপ্রবি ও ডুয়েট ক্যাম্পাসেও। এছাড়া জেলায় জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে।
দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা বলেন, ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে। আল জাজিরাকে সাক্ষাৎকারে জিহাদ বলেন, "ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে।" ইসরাইলী মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। তরুণরা বলেন, এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং কার্যকর অবস্থান নিতে আমরা সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এদিকে, আজ সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ অবস্থান ছিল!
গাজায় হামলার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস লেখেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক্ফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে, এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। আরও লেখেন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই।
মোদি নিজেকে উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল: সারজিস
ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। গাজায় চলমান সহিংসতা ও মানবিক সংকটের বিরুদ্ধে সোমবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান তারা। তারা প্ল্যাকার্ড বহন করেন, প্রার্থনায় অংশ নেন এবং গাজায় চলমান সহিংসতা, দমন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনের ওপর দখলদারিত্বের অবসানের দাবি জানান। ইস্টার্ন ইউনিভার্সিটি সোমবার সব একাডেমিক কার্যক্রমও স্থগিত রাখে। এছাড়া সারাদিন ব্র্যাক, ইউল্যাব, ইস্ট ওয়েস্টসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সারাদিন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নো ওয়ার্ক, নো ক্লাস এবং কর্মসূচি পালন করেছে।
গাজায় সহিংসতার প্রতিবাদে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মানববন্ধন
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে এনসিপির ঢাকা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে। এতে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশে যেমন ‘জুলাই বিপ্লব’ ঘটে গেছে, তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন ‘জুলাই’ আসবে। তিনি বলেন, বিশ্বের কিছু শক্তি এখন পর্যন্ত ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। গোয়েন্দা তৎপরতার জন্য ইসরায়েল থেকে আওয়ামী লীগের আমলে যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে বাতিলের দাবি করেন। ইসরায়েলের নৃশংসতার পাশাপাশি ভারতের সংসদে পাস হওয়া মুসলমান বিরোধী বিতর্কিত ওয়াক্ফ বিলের কঠোর সমালোচনা করে সমাবেশে বক্তব্য দেন এনসিপির নেতারা।
গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে আখতার হোসেন বলেন, ফিলিস্তিনেও একদিন জুলাই আসবে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে হেফাজতে ইসলামের নায়েবে আমির জসিম উদ্দিন বলেছেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহিদদের রক্তের পথ ধরেই বিজয় এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরাইলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। তিনি বলেন, মূলত ইসরাইলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। গাজায় তাদের হামলা রীতিমতো যুদ্ধাপরাধের শামিল। বর্বর হামলার জন্য ইসরাইলি বাহিনীকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। এছাড়া তিনি অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মজলুম ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না: মুফতি জসিম উদ্দিন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তুরস্কের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে মরক্কোতে। রাবাতে গতকাল রোববার গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষাধিক মানুষ। জার্মানির বার্লিনেও বিক্ষোভ হয়েছে।
গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
একনজর টিম গাজায় চলমান, অবিরাম গণহত্যা এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন সম্পর্কে পুরোপুরি সচেতন। আমরা বিশ্বের অসংখ্য মানুষের সাথে একত্রে বিশ্বশক্তি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তাকে তীব্র নিন্দা জানাই। আজ ৭ এপ্রিল ২০২৫, সারা বিশ্বে অনুষ্ঠিত “দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা” কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে, একনজর তার সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বব্যাপী ডাকা ধর্মঘটের ডাকের প্রতি সাড়া দিয়ে আজ সোমবার, ৭ই এপ্রিল — দিনজুড়ে একনজরে সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ (PUSAB) থেকে জানা গেছে, 'দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। যারমধ্যে রয়েছে: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, আর্মি ইনস্টিটিউট ওফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-সিলেট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়, আরটিএম টেকনিকাল ইউনিভার্সিটি, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, খুলনা খান বাহাদুর ইউনিভার্সিটি, রবীন্দ্র মৈত্র ইউনিভার্সিটি, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, সাউদার্ন ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সাইন্সেস, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, প্রাইমারি ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, চট্রগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি! এছাড়াও অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ৭ এপ্রিল ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে "নো ওয়ার্ক, নো স্কুল" কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
'দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
রোববার ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘MARCH For Palestine’ এর আহ্বানে ৭ এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান রইল।
‘MARCH For Palestine’ এর আহ্বানে আগামীকাল রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংহতির আহ্বান
ইসরাইলের কারাগারে ‘খেতে না দিয়ে’ ফিলিস্তিনি ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ আহমেদকে হত্যা করা হয়েছে। মেগিদ্দো কারাগারে ছয় মাস কোনো অভিযোগ ছাড়া কারাগারে ছিল সে। হঠাৎ করে পড়ে যাওয়ার পর মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওয়ালিদ। ওয়ালিদের পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে তার ময়নাতদন্ত করে ইসরাইল। আর ময়নাতদন্তটি প্রত্যক্ষ করেন চিকিৎসক ড্যানিয়েল সলোমন। তিনি জানিয়েছেন, ওয়ালিদ তীব্র পুষ্টিহীনতা, প্রদাহ, কোলনের সমস্যা ও স্ক্যাবিসে ভুগছিল। রয়টার্স বলছে, আহমেদের ওজন অস্বাভাবিক রকম কম ছিল এবং তার পেশী সরু হয়ে গিয়েছিল।
ইসরাইলের কারাগারে ‘খেতে না দিয়ে’ ফিলিস্তিনি কিশোরকে হত্যা
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার দুই ইসরাইলি বন্দির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এক বন্দি বলেন, আমরা মুক্ত বাসাতে নিঃশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ, তারা দেখতে চাই। আমাদেরকে বাঁচাও। ইসরাইলি আর্মি আমাদের ওপর বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমরা যে ভবনে থাকি সেখানেও বোমা মারা হয়েছে। অথচ আমরা মুক্তি চাই। এই বন্দি আরও বলেন, হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছে। তারা বোমার কবল থেকে রক্ষা করে ৩০ মিটার মাটির নিচে টানেলের ভেতরে নিয়ে এসেছে আমাদেরকে। এখানে কোনো সূর্য্যের আলো নেই। আরেক বন্দি বলেন, "তোমরা সরকারের কথা বিশ্বাস করো না। তারা তোমাদের বলছে যে তারা হামাসকে চাপ দিচ্ছে কিন্তু আসলে তারা বোমা হামলা ছাড়া কিছুই করছে না। এমনকি এতে আমরাও আহত হচ্ছি।" ভিডিওতে তারা তাদের মুক্তির জন্য ইসরাইল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন: ভিডিওতে দুই ইসরাইলি জিম্মি
গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি গাজাবাসীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরাইলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে। তিনি বলেন, আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়। এদিকে গাজাবাসীর কষ্টে মন কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানারও। তিনিও বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনা করেছেন।
গাজায় ইসরাইলি আগ্রাসনে ক্রীড়া উপদেষ্টার প্রতিবাদ
ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা। এরপর তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। শেখ বশিরউদ্দীন বলেন, ‘ভালো হয়েছে। আমরা একটা ধারণা পেয়েছি যে আমাদের ধরনের অর্থনীতি যারা আছে, পালটা শুল্ক আরোপের কারণে তারা কী অনুসরণ করছে এবং আমরা কী পদক্ষেপ নিতে পারি।’ উপদেষ্টা বলেন, আমাদের পর্যায়ের যোগাযোগের পদ্ধতিগুলো কী, আকাঙ্ক্ষাগুলো কী, শুল্ক ও অশুল্ক বাধাগুলো কী এবং ব্যবসা করতে গিয়ে যেসব জায়গায় তাদের সমস্যা হচ্ছে, বৈঠক থেকে সেগুলো বোঝার চেষ্টা করেছি। আমাদের অর্থনীতির জন্য যেগুলো সহায়ক, সেগুলো তো আমরা করতেই চাই।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিতের সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে। আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। এ দেশে ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটির বেশি। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। কিন্তু আমরা ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি আবারো বলছি, এ বছর নির্বাচন হতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই আদায় করব, ইনশাআল্লাহ। তিনি আরও লিখেছেন, ভোটের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে, আমরা তাদের মেনে নিয়ে সহযোগিতা করব। আগাম আরও দুই লাখ গালির জন্য ধন্যবাদ, তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।
আমি আবারো বলছি, এ বছর নির্বাচন হতেই হবে: ইশরাক
রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। তিনি বলেছেন, হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে তা সহ্য করা হবে না। কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তা দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বছর হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ সময় তিনি মসজিদের কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী তিন মাসের মধ্যে মসজিদের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।
হজ এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা
চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল। দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’
চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল, দোয়া চাইলেন জামায়াত প্রার্থী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এজাহারে এই দম্পতির ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ১২১ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, হাছান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামি নুরান ফাতেমার বিরুদ্ধে ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
হাছান মাহমুদ ও তার স্ত্রীর ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, "দেশের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনসেবার জন্য সৃজনশীলভাবে কাজ করতে হবে। একটি অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুসরণ করে কাজ করতে হবে। অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে।" মতবিনিময় সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। কয়রা, আশাশুনি, সুবর্ণচর ও পটিয়াসহ দেশের পানি দুষ্প্রাপ্য এলাকায় সুপেয় পানি নিশ্চিতকরণে জলাশয় ও পুকুর খনন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে: পরিবেশ উপদেষ্টা
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নজরুল ইসলাম খান বলেন, দেশে সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান। আসলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সফল হবে না। বিএনপি প্রথম নানা খাতের সংস্কার প্রস্তাব করে আসছে। উল্লেখ্য, আব্দুস সালাম পিন্টু সুদীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনি এলাকায় আসেন।
দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম পিন্টু
রোববার আইএসপিআর জানিয়েছে, মিয়ানমার ভূমিকম্পে আহদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রেপচারসহ মোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসা টিম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল রোববার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছে। এদিন ৫০ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। শনিবার মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করলে এরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে।
মিয়ানমার ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনী: আহতদের মধ্যে ১৫ অস্ত্রোপচার, ৪৫৭ রোগীকে চিকিৎসা
রংপুরে পাঁচদিনের সফরে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহিদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন। বেরোবি ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান বিচারপতি এর আগে জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি
এনসিপি কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষ শান্তিতে নি:শ্বাস নিতে পারছে। গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের মনে ভয়ে কাঁপুনি ধরছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মান মর্যাদা উঁচু থেকে উচ্চতর অবস্থানে পৌঁছাচ্ছে। এই রমজানে লোডশেডিংয়ের সমস্যা হয়নি। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটা ইনসাফভিত্তিক সমাজ কায়েম করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য।
চাঁদাবাজ-টেন্ডারবাজদের মনে ভয়ে কাঁপুনি ধরছে: এনসিপি নেতা শিশির
গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এক হাজার ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। আহত করা হয়েছে তিন হাজার ১৮৪ জনকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির বোমা ও ড্রোন হামলায় এ সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ১৫ হাজার ২২৫ মানুষ। ইসরাইলি হামলায় গাজায় ১৫ চিকিৎসক হত্যার নতুন একটি ফুটেজে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই গাড়িতে স্পষ্ট চিহ্ন থাকার পরও গুলি চালানো হয়েছে।
গাজায় ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, যেকোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও, দুর্নীতির অভিযোগ আপসযোগ্য নয় এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। আরও বলেন, চিঠি বিনিময় কখনো আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। টিউলিপের সাথে দুদক যোগাযোগ করেনি বা অপরাধ সম্পর্কে জানে না প্রশ্নে মোমেন স্পষ্ট করে বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে। নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর পূর্ণাঙ্গ চার্জশিট তৈরি করা হয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। হাসিনা, জয়, পুতুলসহ পলাতক সবার ক্ষেত্রেই!
আদালতের আদেশ না মানলে পলাতক ঘোষণা করা হবে টিউলিপকে: দুদক চেয়ারম্যান
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা জোরদার করা হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, ভুক্তভোগীদের দক্ষতার সাথে শনাক্তকরণ, চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। মানব পাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, আমরা বিমসটেক এবং অন্যান্য দেশের সাথে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি।
মানবপাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানায়, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়।
এপ্রিলে এলপিজির দাম নির্ধারণ ১ হাজার ৪৫০ টাকা
ডোনাল্ড ট্রাম্পের রিসিপ্রোকাল ট্যারিফের বিরুদ্ধে যুক্তরাজ্যের বাণিজ্য রক্ষায় অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তির চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। নূন্যতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্যের উপর । এই শুল্কারোপকে হুমকি হিসেবে দেখছে দেশটির সরকার। তারা বাণিজ্য খাতে এসব বাধা নিরসনে জোটগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাজ্যের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, শুল্ক ‘ঝড়’ থেকে যুক্তরাজ্যের বাণিজ্য খাত রক্ষা করতে নতুন শিল্প নীতি ব্যবহারে প্রস্তুত সরকার।
ট্রাম্পের শুল্ক ‘ঝড়ের’ বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার স্টারমারের
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেখেন, ‘গাজার জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় এবং প্রেসিডেন্ট এল-সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময়, আমরা মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজার সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব।' ফরাসি প্রেসিডেন্ট রোববার সন্ধ্যায় কায়রোতে যাবেন। সোমবার সকালে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিশরের রাজধানীতে অনুষ্ঠিত হবে। ম্যাক্রোঁ গাজা উপত্যকা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে মিশরের এল-আরিশ বন্দরও পরিদর্শন করবেন। তিনি মানবিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ‘যুদ্ধবিরতির পক্ষে প্রচেষ্টা’ চালাবেন।
মিশর ও জর্ডানের সঙ্গে গাজা সম্মেলনের ঘোষণা ম্যাক্রোঁর
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’ চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও প্রধান উপদেষ্টা আরব আমিরাত সফরে বিষয়টি আলোচনা করেন এবং আরব আমিরাত এই বিষয়ে সহায়তা করতে চায় বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের জায়গায় ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’
আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব: উপদেষ্টা আসিফ মাহমুদ
আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন, তাদের টাইম বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি'র চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই সময় তিনিও তদন্ত দলের সাথে উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘তদন্ত কর্মকর্তারা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন।’ টিএফআই সেলের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে। পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে। সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে। সেখানে বোমা ফিট করা ছিল। সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে, তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে।
আয়নাঘরে ‘টাইম বোমা’, তদন্তকারীদের হত্যার চেষ্টা: চিফ প্রসিকিউটর
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক তিন মাস কার্যকর না করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেবে সরকার। একই সঙ্গে চিঠিতে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে। একটি প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন। অন্যটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইউএসটিআরে দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার বিকালে যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বিষয়ক বৈঠক হয়, এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার, চিঠিতে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার আবেদন করা হবে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে গাজাবাসীর হরতাল পালনের অনুরোধে ৭ এপ্রিল পুরো দেশে বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন সারজিস আলম। তিনি লিখেন, গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল-মত নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরাইলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।’ তিনি আরো লেখেন, আমরা সরাসরি যুদ্ধ করতে পারব না হয়ত। কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে দলীয় ব্যানার ছাড়া আমরা সবাই একসাথে নেমে খুনী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে পারি।
গাজাবাসীর সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান সারজিসের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে আমরা আশা করছি অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই দাখিল করতে পারব। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, কোনো অপপ্রচার বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না!
জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই: তাজুল ইসলাম
জুলাই গণহত্যা মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার প্রিজনভ্যানে করে হাজির করা হয়েছে। যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এর আগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যাত্রাবাড়ীতে গণহত্যা: এসি তানজিল-ওসি হাসান ট্রাইব্যুনালে
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ভারতের নতুন মুসলিম ওয়াকফ বিলে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছে।’ তিনি বলেন, প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় ১০ লাখ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ, মাদরাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের বোর্ডে এটা দেখা যায় না! তিনি আশা করেন, বিজেপি পুনর্বিবেচনা করবে।
ওয়াকফ বিলে সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ
রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে।
রাজধানীতে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে
ইসরাইলে দ্বিতীয় ‘থাড’ তথা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম পরিবহণ বিমান, একটি আমেরিকান সি-ফাইভএম সুপার গ্যালাক্সি, দক্ষিণ ইসরাইলের নেভাটিম বিমানঘাঁটিতে অবতরণ করে এবং আবার উড্ডয়নের আগে প্রায় আট ঘন্টা সেখানে অবস্থান করে। থাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম, একটি উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা। ইসরাইলে মোতায়েন করা থাড সিস্টেমটি ইয়েমেনের হুথিদের ইসরাইলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে। গত বছর প্রথম থাড ব্যাটারি ইসরাইলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় ১০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলে দ্বিতীয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র
দুই দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’। রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। পরিষদ বলছে, তারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে। পরিষদের দুই দফা দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ–সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।
শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান
হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া তিনজন ইসরাইলি তেল আবিবের সাপ্তাহিক সমাবেশে যোগ দিয়েছেন গাজায় যারা এখনও বন্দি রয়েছেন তাদের ফেরত আনার জন্য আহ্বান জানিয়েছেন। লিরি আলবাগ, ওমের ওঙ্কার্ট এবং গাদি মোজেস সবাই গাজার মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার সমালোচনা করেছেন, এই আক্রমণটি গাজায় এখনও বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলছেন। তারা বলেন, কোনও জয় নেই, যতক্ষণ না পর্যন্ত ৫৯ জন বন্দি বাড়ি ফিরে না আসবে! ৮০ বছর বয়সি গাদি মোজেস ইসরাইলি সরকারকে আহ্বান জানিয়েছেন, যুদ্ধ শেষ করুন, সেনাবাহিনী গাজা উপকূল থেকে প্রত্যাহার করুন এবং সেই চুক্তির দ্বিতীয় ধাপটি বাস্তবায়ন করুন যা ইসরাইল স্বাক্ষর করেছে।
গাজায় হামলার সমালোচনা করেছেন মুক্তি পাওয়া ইসরাইলি বন্দিরা
প্রেস সচিব মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ফেসবুকে জানান, দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদি নেতিবাচক ছিলেন না। হাসিনা অসম্মান করলেও মোদি প্রধান উপদেষ্টাকে সম্মান করতেন বলেও জানান। এই লেখার পরিপ্রেক্ষিতে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস কূটনৈতিক সূত্রে জানিয়েছে, প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। টাইমস অব ইন্ডিয়া বলেছে, প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সাল থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন। নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরে বলেছেন, ‘এই বিষয়ে ক্রমাগত গড়িমসি প্রধান উপদেষ্টার সুনাম নষ্ট করবে। সংখ্যালঘুদের উপর আক্রমণ বানোয়াট অভিযোগ বলে বাংলাদেশিদের দাবিকে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলা হয়েছে। এছাড়া হাসিনাকে ফেরত দেওয়ার কথারও ভিত্তি নেই বলেছে।
মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে প্রেস সচিব শফিকুলের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ভারতীয় মিডিয়া
গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় আওয়ামী লীগপন্থি ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। আবেদন করা আইনজীবীদের মধ্যে রয়েছেন— ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামিম, মোরশেদ হোসেন শাহীনসহ ৯৩ জন।
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, ইভ্যালি থেকে মুজাহিদ হাসান ফাহিম ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করলেও পরবর্তীতে বাদি টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি।
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে দরকষাকষির উদ্যোগ নিয়েছে সরকার। ভালো কিছু হবে বলে আশা করা যায়। সালেহউদ্দিন আহমেদ বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, রমজান এবং ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা গেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে, রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
গাজায় ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার মতে, শহরটিতে বৃহস্পতিবার থেকে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ‘পানি সরবরাহে বাধার কারণগুলো এখনো স্পষ্ট নয়। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি- যাতে শহরটিতে ইসরাইলি বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরাইলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে। এর পূর্ণাঙ্গ পানি সংকটে পড়বে গাজা।
গাজায় ৭০ শতাংশ পানি সরবরাহ বন্ধ করল ইসরাইল
মালয়েশিয়ার সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন। দগ্ধ বাংলাদেশি শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি মালয়েশিয়া। তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে গেছে।
মালয়েশিয়ায় দগ্ধ বাংলাদেশি শ্রমিক
টিউলিপ সিদ্দিক লন্ডনে শেখ হাসিনার এক ঘনিষ্ঠজনের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ মাথায় নিয়ে কয়েক মাস আগে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান। এবার বাংলাদেশে নিজের নামে থাকা এক বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন। টিউলিপ সিদ্দিক অবশ্য দাবি করেছেন যে তিনি কোনো অন্যায় করেননি। ডেইলি মেইলকে তিনি বলেছেন, ২০০২ সালে বাবা-মায়ের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি উপহার হিসেবে পান এবং বৈধভাবে বোন আজমিনার কাছে ২০১৫ সালে এটি হস্তান্তর করেন। ডেইলি মেইল অনুসন্ধান করে জেনেছে এখনো ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক। তবে টিউলিপের দাবি হেবা দলিল করেছেন, যেটিও ভুয়া হেবা প্রমাণিত হয়েছে।
ফ্ল্যাট প্রশ্নে আবারও ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করার অভিযোগ, প্রশ্নবিদ্ধ টিউলিপ
শনিবার এক বিবৃতিতে ওআইসি দারুল আরকাম স্কুলে ইসরাইলী হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার শামিল। এমনকি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে, যেন তারা জাতিসংঘ সনদের অধ্যায় ৮ অনুযায়ী অবিলম্বে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য প্রবেশ নিশ্চিত করে ও আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় দায়বদ্ধতা কার্যকর করে। একই সঙ্গে দখলদার বাহিনীর অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি
ভারতের ওয়াকফ আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে তিনি লিখেন, ‘ভারতে মোদি সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশংকা করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, ‘ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’ তিনি লিখেন, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’
ওয়াকফ বিল মোদি সরকারের মুসলমানবিরোধী পদক্ষেপ: আসিফ নজরুল
যুক্তরাষ্ট্রে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বৈধভাবে অবস্থান করা ইউক্রেনীয়দেরকে সাত দিনের মধ্যে দেশটি ছাড়ার নির্দেশনা দিয়ে এক মেইলে বলা হয়েছে,অন্যথায় মার্কিন সরকার তাদের খুঁজে বের করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ই-মেইলটি ভুল করে পাঠানো হয়েছে এবং ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর তৈরি করা ‘ইউক্রেনিয়ান প্যারোল প্রোগ্রাম’ বাতিল করা হয়নি। কতজন ইউক্রেনীয় এই ই-মেইল পেয়েছিলেন তা স্পষ্ট নয়। তবে ই-মেইল পাওয়ার পর তারা অনেক ভীতির শিকার হন!
ভুল করে আশ্রিত ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্র ছাড়ার নোটিশ
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার জন্য বিক্ষোভ হয়েছে। জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। একই দিনে ওয়াশিংটনসহ বিভিন্ন রাজ্যেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অব’ নামে বিক্ষোভে হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ লেখা প্ল্যাকার্ড। এছাড়া বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরা এ বিক্ষোভের ডাক দেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবনসহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্কবিরোধী বিক্ষোভ হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
মাগুরার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলিত টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় যুবদল নেতা মুন্সী মিরান হোসেনের (৪৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধরা রাত সাড়ে ১০ টার দিকে হামলায় জড়িত ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় বিএনপি নেতা জামিরুল ইসলামের নাকোল গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। অপরদিকে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতির নেতৃত্বে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।
টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা নিহত, বিএনপি নেতার বাড়িতে আগুন
ওড়িশা ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। বাসটি উলটে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আহত হয়েছেন আরও ১৫ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়।
ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি
মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৫০৮ জন। এছাড়া, এখনও নিখোঁজ আছেন ২২০ জন। দেশটিকে সহায়তা করতে বিশ্ববাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা। ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধারকারী পাঠায় চীন, রাশিয়া, ভারত এবং বাংলাদেশ! পৃথিবীতে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তায় নেতৃত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প দাতব্য সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তবু মিয়ানমারকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সেইসঙ্গে জানিয়ে দিয়েছে, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রই সবসময় নেতৃত্ব দেবে, এমন চিন্তা করা অযৌক্তিক।
মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪
বিএনপি নেতা হারুনুর রশীদ বলেছেন, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। তিনি বলেন, আজকে উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। গোটা জাতি দাবি জানিয়ে আসছে, আমরা রোডম্যাপ চাই নির্বাচনের। হারুনুর রশীদ বলেন, আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো। তিনি বলেন, এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। রোডম্যাপ না আসলে বিএনপিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার। সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, কোনো প্রলোভনে পা দেবেন না। জামায়াত ৩০০ আসনের ৩টি আসনও পাবে না। বিরোধী দলও হতে পারবে না।
দ্রুত নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ দিন: হারুনুর রশীদ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় জনতা সাবেক আওয়ামী রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মুজিবুল হকের ভাতিজা আব্দুল আউয়াল সুমন। এর প্রতিক্রিয়ায় জনতা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও নুরুল ইসলাম।
স্থানীয় জনতা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে
বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রত্যেকটি গুম, খুন থেকে শুরু করে ১৭ বছরে যারা শহিদ হয়েছেন প্রত্যেকটি খুনের বদলা আমরা নিতে চাই। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো, শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয় আর সেই গণতান্ত্রিক সরকারই এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে; এটাই আমি আশা করি। যে সরকার নির্বিচারে গুম, খুন, হত্যা করল আমরা এই ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে বিচার করতে চাই এবং তাদের ফাঁসি চাই। এই সময় তিনি ১৭ শহীদ ও আহত পরিবারে সহায়তা দেন।
১৭ বছরের খুনের বদলা নিতে চাই: আনিসুর রহমান
ইসরাইলের হামলার পর সিরিয়ার টিয়াস বিমানঘাঁটি দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক। হিসার এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাসামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। সেখানে এস৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। এছাড়া তুরস্ক টি৪ বিমানঘাঁটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে, তার রেঞ্জ ৬০০ কিলোমিটার। অর্থাৎ তেল আবিব থেকে সম্ভব্য শত্রু এসেট ফ্লাই করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটা ট্র্যাকিং করতে সক্ষম হবে। ইসরাইল তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমানঘাঁটি প্রতিরোধের চেষ্টা করছে। তবে তুরস্ক ঘাবড়ে যায়নি। তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশে আন্দোলনের পিছনেও ইসরায়েলের হাত রয়েছে বলে সন্দেহ পোষণ করছে বিশ্লেষকরা। আলেপ্পোতে মেনাঘ সামরিক বিমানঘাঁটিতে একটি নতুন ঘাঁটি নির্মাণকাজ শুরু করেছে তুরস্ক। এখানে সাঁজোয়া যান, লজিস্টিকসামগ্রী এবং নির্মাণ উপকরণ মোতায়েন করা হয়েছে।
ইসরাইলের হামলার পর সিরিয়ার টিয়াস বিমানঘাঁটি (টি৪) দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক
যুক্তরাষ্ট্র আর বিশ্বব্যাপী মানবিক সহায়তার ক্ষেত্রে এককভাবে বেশি ভার বহন করবে না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যেহেতু চীন ও ভারতও ধনী দেশ, তারাও সহায়তায় অংশগ্রহণ করুক। তিনি মিয়ানমারে ভূমিকম্পের পর সহায়তায় ধনী রাষ্ট্রগুলোকে সহায়তা করতে আহ্বান জানান। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সাহায্য ৯০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেন। এর মানবিক সহায়তা ও অনেক সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র মিয়ানমারে ভূমিকম্পের পরে ধীরগতি দেখিয়েছে এমন অভিযোগ অস্বীকার করে রুবিও বলেছেন, মিয়ানমার ‘কাজ করার জন্য খুব একটা সহজ জায়গা নয়’, কারণ ক্ষমতাসীন সামরিক জান্তা যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না এবং যেভাবে তারা চায় সেভাবে দেশটিতে কাজ করতে বাধা দেয়।
চীন-ভারতও ধনী দেশ, তারাও মানবিক সহায়তা করুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের মহাসচিব আলী আল-কারদাঘি শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে জারি করা এক ফতোয়ায় সব মুসলিম দেশকে ‘ইসরায়েলী গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার’ আহ্বান জানিয়েছেন। ১৫ দফা–সংবলিত ওই ফরমানে আলী আর কারদাঘি বলেন, ‘গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে। গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ। আরও বলেন, *এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল, জল বা আকাশপথে সুয়েজ খাল, বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ।" তার এ ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও ১৪ জন ইসলামিক ব্যক্তিত্ব।
ইসরাইলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের ফতোয়া জারি
এবারের ঈদে যথোপযুক্ত ও সময়োপযোগী ব্যবস্থা কার্যকর করার ফলে দেশের কোথাও বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। এনামুল হক সাগর বলেন, ঈদ উদযাপন আরামদায়ক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। ছুটি শেষে মানুষ নিরাপদে কর্মস্থলে ফিরতে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আরো বলেন, আমাদের নির্দেশিকা ঢাকায় আসা-যাওয়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অনেক সাহায্য করেছে। এর ফলে দেশে আগের বছরের তুলনায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা কম ঘটেছে। তিনি বলেন, ছুটির দিনগুলোতে বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিছু লোক নিহত ও আহত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন।
ঈদের ছুটিতে দেশে বড় ধরনের কোনো অপরাধ ঘটেনি: পুলিশ সদর দপ্তর
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে এ সংলাপ। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে। পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে, বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা উল্লেখ করা হয়নি। ভবিষ্যৎ আন্তরাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে এবারের সংলাপে। এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার।
চলতি মাসেই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ
জামায়াতের ঢাকা উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামীর দাবি হচ্ছে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন। সেটির জন্য এ বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এ জন্য আমরা মেয়রসহ কাউন্সিলর প্রার্থী দিয়ে দিয়েছি। তিনি বলেন, জামায়াতের মেম্বার-চেয়ারম্যান প্রার্থীরা কাজ করছেন। জাতীয় সরকার আইন প্রণয়ন করবে। কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই। রেজাউল করিম বলেন, খুনখারাবি যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে দেশে ৯৯ শতাংশ অপরাধ রোধ করা সম্ভব। কেননা এরাই ইজারাদার আর পাহারাদার। এছাড়া তিনি সংখ্যালঘু সংখ্যাগুরু বাইনারি অতিক্রম করতে বলে বলেন, মন্দির যেন পাহাড়া না দিতে হয় এমন ব্যবস্থা নিতে হবে।
বছর শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত: রেজাউল করিম
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বর্তমান সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই সরকারকে সহযোগিতা করছি। তাদের পাশে রয়েছি। যাতে কোনো মতেই ব্যর্থ না হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। পার্থ আরও বলেন, সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে। প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।
মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা দেশের ভালো কিছু নিয়ে আসবে: পার্থ
ফেসবুকে ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে; অন্যথায় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ। তবে তার কমেন্টবক্সে এই পোস্টের প্রচুর বিরোধিতা দেখা গেছে, যেখানে ডক্টর ইউনুস সরকারের প্রতি নেটিজেনদের সমর্থন দেখা মিলেছে।
২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: ইশরাক
বিএনপি-হেফাজতের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম। এতে লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার ও হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও একমত পোষন করেন বিএনপি ও হেফাজতে ইসলামের নেতারা। সালাহউদ্দিন আহমেদ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই; কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরনের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই। ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করলেও মাঝেমধ্যে জুন বলাতে উদ্বেগ রয়েছে। এছাড়া শাপলা ও মোদী বিরোধী আন্দোলনে হত্যার বিচার নিয়েও দুটি সংগঠন একমত পোষণ করেছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।