শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে- দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।’ আরো বলেন, হিন্দু ধর্ম মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে। ইউনূস বলেন, সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে বলে প্রধান উপদেষ্টা আশা করেন।
বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে- দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তবর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নের জন্য টিম হিসেবে কাজ করছে। এরই মধ্যে সুপারিশের প্রায় অর্ধেক বাস্তবায়ন করা হয়েছে। ছয়টি সংস্কার কমিশনের তাৎক্ষণিক কার্যকর করার মতো প্রায় ৭০ ভাগ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, যে সকল সংস্কার প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট, সেসব বিষয়ে বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি না। উপদেষ্টা জানান, কিছু প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে তা তেমন নয়। এ বিষয়ে কমিশনের সভাপতির সঙ্গেও আলোচনা করেছি। উদাহরণস্বরূপ, সংসদীয় স্থায়ী কমিটির প্রধান কে হবেন, তা কেবল কার্যপ্রণালীর বিধি পরিবর্তনের মাধ্যমে সমাধান করা সম্ভব; সংবিধান সংশোধনের দরকার নেই। আসিফ নজরুল বলেন, বাকি পাঁচটি কমিশনের কোন সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য তা নিরূপণে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কাজ চলছে। কিছু সুপারিশের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে।
অন্তবর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নের জন্য টিম হিসেবে কাজ করছে। ছয়টি সংস্কার কমিশনের তাৎক্ষণিক কার্যকর করার মতো প্রায় ৭০ ভাগ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব: আসিফ নজরুল
সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, দেশে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস চালু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এ ছুটি দিচ্ছে। নবজাতককে লালনপালনে মায়ের মতো বাবারও দায়িত্ব আছে। কিন্তু আমাদের দেশের বিদ্যমান আইনে পিতৃত্বকালীন ছুটির কোনো বিধান নেই। ফলে সরকারি চাকরিজীবীরা ইচ্ছা থাকলেও কাজ করতে পারছেন না। আরও বলেন, অনেক সময় অসুস্থ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয় কর্মজীবী বাবাকে। এমন বাস্তবতায় নবজাতকের দেখভাল অনেক সময় যথাযথভাবে হয় না। এ পরিস্থিতিতে দিন দিন পিতৃত্বকালীন ছুটির দাবি জোরদার হচ্ছে। সরকারও পিতৃত্বকালীন ছুটির জন্য বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বিশ্বের ৭৮ দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। ভারতে শিশু ভূমিষ্ঠ হওয়ার ৬ মাসের মধ্যে সবেতনে ১০ দিন পিতৃত্বকালীন ছুটি ভোগ করেন। তারা চাকরিজীবনে এই ছুটি দুবার পেয়ে থাকেন। পাকিস্তানে পিতৃত্বকালীন ছুটি সবেতনে এক মাস। তারা চাকরিজীবনে তিনবার এ ছুটি ভোগ করেন। এছাড়া অন্যান্য যুক্তি তুলে ধরা হয়।
সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। সরকার পিতৃত্বকালীন ছুটির জন্য বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের উদ্যোগ নিয়েছে।
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনাকে সরকার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কেও অনুরূপ হামলার ঘটনা ঘটে। প্রেসসচিব শফিকুল আলম বলেন, নিউইয়র্কের ঘটনায় যেমন বলেছিলাম, সহিংসতা কোনো প্রতিবাদ নয়; ভয়ভীতি সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতা নয়। লন্ডনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরোচিত আচরণের কোনো স্থান নেই গণতান্ত্রিক সমাজে। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যেমন মৌলিক স্বাধীনতা, তেমনি তা পালন করতে হবে দায়িত্বশীলতা ও সম্মানের সঙ্গে। বাংলাদেশ সরকার মেট্রোপলিটন পুলিশকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সিসিটিভি ফুটেজসহ সকল প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রবাসী রাজনৈতিক নেতা ও কমিউনিটি সংগঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন প্রকাশ্যে সহিংসতা ও ভীতি প্রদর্শনকে প্রত্যাখ্যান করেন। সরকার জানিয়েছে, ডিম, মুষ্টি আর দলবদ্ধ হামলা দিয়ে কোনো যুক্তি প্রতিষ্ঠিত হয় না; বরং বিশ্বকে দেখায়, আপনাদের কাছে আর কোনো যুক্তি অবশিষ্ট নেই।
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনাকে সরকার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে।
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান গাইলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ছিল ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গানে আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধ নতুন মাত্রায় প্রতিফলিত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আরো বলেন, একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন চিন্তা ও সৃষ্টির উৎস হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল নানা সীমাবদ্ধতা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আরো বলেন, গুম খুনসহ যেকোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রুপ দিতে চায় সরকার। সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সময়ে মানবাধিকার কর্মীদেরকেই গুম করা হতো। কমিশনকে বিগত সময়ে ডোনার ফান্ড খরচ করে কিছু লোককে চাকরি-বাকরি দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে। জুলাই গণঅভ্যুত্থানে এই মানবাধিকার কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক।
গুম খুনসহ যেকোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রুপ দিতে চায় সরকার: আসিফ নজরুল
গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের দাবি দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। সরকার এ বিষয়ে সংবেদনশীল।
গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা, আইন উপদেষ্টা; নৌপরিবহণ উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে আইজিপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ নিয়ে প্রেস সচিব শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে, বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়: শফিকুল
রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়। সরকার বলেছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এ ঘটনায় তাৎক্ষণিক এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, শুক্রবার গোয়ালন্দে ইমাম মাহদী দাবি করা নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘তৌহিদী জনতা’। এদিকে, এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেলেও প্রশাসন পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেনি। বিক্ষুব্ধরা বলেন, নুরা পাগলা কালিমাকে বিকৃতি করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। মৃত্যুর পর পবিত্র কাবার আদলে ১২ ফুট উঁচু বেদিতে শরীয়ত পরিপন্থিভাবে তাকে দাফন করা হয়েছিল। এরপর থেকে আমরা কবর নীচু, রং পরিবর্তন এবং ইমাম মাহদী লেখা দরবার শরীফের নাম অপসারণের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা কবরের রং ও ইমাম মাহদী লেখা সাইনবোর্ড অপসারণ করলেও কবর নীচু করে নাই।
গোয়ালন্দে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়।
দামি ঘড়ি, আইপ্যাড উপহার পেয়েও ফিরিয়ে দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি লিখেছেন, কিছুদিন আগে শ্রীলংকায় এক মন্ত্রীপর্যায়ে বৈঠকে গেলে সেখানকার বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে আমাকে একটি উপহার প্রদান করা হয়। একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। ঘড়িটি আমি হাতে পরি, পছন্দ হয়, লোভ হয়। দেশে ফিরে এসে, মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে ঘড়িটি তোষাখানায় জমা দেওয়ার জন্য পাঠাই। আরও লেখেন, গত পরশু আবার এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) আমার সঙ্গে দেখা করেন। ফেরার সময় বলেন সামান্য উপহার নিয়ে এসেছি। উপহারটি খুলে দেখি একটি আইপ্যাড। বাসার আইপ্যাডটি পুরনো হয়ে গেছে, তাই লোভ হয়। আইপ্যাডটি তাকে ফিরিয়ে দিই। পাশে সোফায় বসে আমার কাণ্ড দেখে অন্য একজন উপদেষ্টা মিটিমিটি হাসছেন। তবে কোনো উপহারই গ্রহণ করি না এমন নয়। বিদেশি মন্ত্রী, রাষ্ট্রদূতরা দেখা করার সময় স্যুভেনির, বই নিয়ে আসেন। অ-বাণিজ্যিক পণ্য, বা মূল্যসীমার মধ্যে কোনো খাবার, যেমন- চকলেট। সেগুলো গ্রহণ করি। বিনিময়ে তাদের নিজের লেখা বই উপহার দিই। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।
দামি ঘড়ি, আইপ্যাড উপহার পেয়েও ফিরিয়ে দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক গেজেটে বলা হয়েছে, “এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নাম্বার ‘২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স’ শিরোনাম এবং উপশিরোনাম ‘এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট অ্যান্ট্রিসমূহ এবং উপশিরোনাম ‘বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট অ্যান্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও অ্যান্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে গেজেট প্রকাশ করেছে সরকার।
আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার সকাল পৌনে ১১টার দিকে ঢামেকে যান উপদেষ্টা। এদিকে এদিন সকালে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। তার ৪ টি সমস্যা রয়েছে— নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখেরও ইঞ্জুরি আছে। মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন পরিচালক।
আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন সমাজকল্যাণ উপদেষ্টা।
অন্তবর্তী সরকারের এক বিবৃতি বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্রের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে বলা হয়, আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে আমাদের সফল উত্তরণ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। আরও বলা হয়, কেবল নুরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত। সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। এছাড়া নুরের রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে ও সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়ে বলা হয়, জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।
জুলাই আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার।
শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। প্রেস উইং জানায়, বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী শাদিদ ঢামেকের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন এবং তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপরে যেকোনও ধরনের বল প্রয়োগের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেই নিশ্চয়তা চান। প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিএমপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রতিনিধি দল পরিবারের সব সদস্যের সঙ্গে কথা বলেন। চিকিৎসার খোঁজখবর নেন। শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যেকোনও উন্নততর চিকিৎসার আশ্বাস দেন। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন। প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা ফাওজুল কবির খানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব এবং উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে। এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও সদস্য হিসেবে থাকছেন। প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করার এখতিয়ারও দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৯১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।