মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করেছেন জামায়াত নেতা কাদের মোল্লা। এতে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষণ কর্মকর্তা রাজা মিয়া আহত হন। জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা নমিনী-আমিরসহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার স্ত্রীর অবসরভাতার কাগজপত্র দেখান। কাগজপত্র যাচাই করে দেখেন হিসাবরক্ষণ কর্মকর্তা। কাগজে ভুল থাকায় স্বাক্ষর করেননি তিনি। স্বাক্ষর না করার কারণে কাদের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করেন।
সোমবার গভীর রাতে মিরপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ময়লা কামালসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- কামাল হোসেন ওরফে ময়লা কামাল, তাইজুল ইসলাম রায়হান, সঞ্জিত কুমার মিত্র ও লোকমান হোসেন মোল্লা। এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আগামী বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান তারা। বক্তারা বলেন, বিগত ৪০ বছর থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন থেকে তারা বেতনবিহীন শিক্ষার্থীদের পাঠদান করে আসলেও সরকার তাদের প্রতি বৈষম্য চালু রেখেছে। তারা বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসমূহ জাতীয়করণসহ দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা না হলে দেশের সব শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করবে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ছুটির পর হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম চালানোর জন্য ৪৯টি বেঞ্চ গঠন করেছেন। এই বেঞ্চগুলো আগামী রোববার, ২২ জুন, সকাল ১০:৩০ মিনিট থেকে কাজ শুরু করবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৭ জুন এই আদেশ প্রকাশিত হয়, যেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম ও বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্ত বিচার কার্যক্রমের সুষ্ঠু চালনার নিশ্চয়তা দেবে।
ঢাকার পল্লবীতে এক প্রতিবাদ সভায় বিএনপি নেতা আমিনুল হক বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চায় বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রুপরেখার বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব বলেও জানান তিনি। তিনি গত ১৭ বছরের অবাধ নির্বাচন আন্দোলনের কথা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন। বিএনপি ক্ষমতায় এলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন। সভার আয়োজন করে এসপিজিআরসি কুর্মিটোলা ও উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৮ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। আরো জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১-৫০ ও আরেকজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৩১ জনের।
২০২৫ সালের সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ করেন সরকারি কর্মচারীরা। এ অধ্যাদেশের আওতায় কিছু অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুত করা যাবে, যা কর্মীরা দমনমূলক বলছেন। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে কর্মীরা সরকারকে আলটিমেটাম দিয়েছেন, দাবি না মানলে বিভাগীয় সম্মেলন ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। বিক্ষোভে ‘কালো আইন’ বাতিলের দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
শীর্ষ সামরিক নেতাদের হারানোর পরও ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে, যা ইসরায়েলকে বিস্মিত করেছে। মার্কিন বিশ্লেষক ট্রাইটা পার্সির মতে, ইরানের পুনর্গঠন ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল তেল আবিব। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করছে। সোমবার ভোরে নতুন হামলায় তেল আবিব ও হাইফায় কমপক্ষে পাঁচজন নিহত ও অনেকে আহত হয়েছেন। ইরান ও ইসরায়েলের টানা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হচ্ছে।
তেহরানে ইসরায়েলের হামলায় সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, অন্তত একজন কর্মকর্তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে হামলার সময় তিনি বাড়িতে না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ভুক্তভোগী বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম বলেন, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নেই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে, বাকিটুকু ধ্বংসস্তূপ।’ জানা গেছে, হামলার আগে সতর্কতা দেওয়ায় প্রাণহানির ঝুঁকির কম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ ‘টার্গেট’, সেখানে তিনি নিরাপদে আছেন—আমরা তাকে হত্যা করব না, অন্তত এখন না। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর কিছুক্ষণ আগে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।
ভারতের ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে বন্ধুর সামনেই কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘিরে আতঙ্কিত ওড়িশা, প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জানা গেছে, বন্ধুর সঙ্গে ভিকটিম গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে যান। আর সেখানেই পুরুষ বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনেই কলেজছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ চলছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। এমতাবস্থায় নাগরিক সেবাদান করা শতভাগ বিঘ্নিত হতে পারে। তিনি বলেন, 'বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার সদিচ্ছা আছে, তাই ধৈর্য্য ধরছে সরকার। ইশরাক অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে।' উপদেষ্টা বলেন, শপথ না নিয়েই ডিএসসিসির মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে ইশরাক সরকারি কাজে বাধা দেয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন। এক্ষেত্রে ‘ক্রিমিনাল অফেন্সের’ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার বিতর্কিত ওসি আলী মোহাম্মদ রাশেদকে ৯ মাস পর বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আসামি মুক্তি, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ জমি দখলের সহযোগিতাসহ একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি উত্তর বিভাগে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিদর্শক আমিনুল ইসলাম। দৈনিক যুগান্তরের প্রতিবেদন ও পুলিশের গোয়েন্দা সংস্থার রিপোর্টে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় জিএমপি সদর দপ্তর এই সিদ্ধান্ত নেয়।
হোলি আর্টিজান হামলা মামলার ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এতে সাত জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালে বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল, যা হাইকোর্ট নৃশংসতা ও দেশের ভাবমূর্তি ক্ষতির বিবেচনায় আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করে। ২০১৬ সালের ওই হামলায় জঙ্গিরা ২২ জনকে হত্যা করে, যাদের মধ্যে বিদেশিরাও ছিলেন। ওই রাতে মুক্তির অভিযানে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
গত ২৪ ঘণ্টায় আরও ২৮টি ইসরায়েলি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান, যার মধ্যে একটি গুপ্তচর ড্রোনও রয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি সংবেদনশীল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল এবং সফলভাবে প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন আরও কয়েকটি দাবি করেছে তেহরান। তবে ইসরায়েল এসব দাবি অস্বীকার করে বলেছে, তাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।