শনিবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তৌহিদ হোসেন বলেন, ইসরাইলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। উপদেষ্টা ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আইসিজে ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ইসরাইল ‘অপ্রচলিত অস্ত্র’ ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি পারমাণবিক রিয়্যাক্টরগুলো লক্ষ্যবস্তু হয়, তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত। আশা করছি, পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না।’ আরও জানান, এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলার শিকার হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইলের এ সবকটি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানাই—তারা যেন ইসরাইলকে চাপ প্রয়োগ করে। তবে গাজায় দেড় বছর ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে আমাদের খুব বেশি প্রত্যাশাও নেই। উপস্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরাইলি আগ্রাসনের অষ্টম দিনে পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি ওঠেছে। নিউ ইয়র্ক টাইমসকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা জানেন যে ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে প্রস্তাবিত তিনটি নাম থেকে দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। সাধারণত সর্বোচ্চ ধর্মীয় নেতা নিয়োগ প্রক্রিয়া কয়েক মাসব্যাপী হয়, তবে যুদ্ধকালীন অবস্থায় আশু বিপর্যয় দ্রুত সামলাতে খামেনি প্রক্রিয়া দ্রুততর করছেন। তবে তিনজনের নাম না জানা গেলেও জানা গেছে, তিনজনের মধ্যে আলি খামেনির ছেলে মোজতাবা নেই।
শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি।’ তিনি বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।
বিডা ও বেজা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘উচ্চ-প্রভাবসম্পন্ন বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওয়ান-স্টপ সার্ভিস সম্প্রসারণ ও মানোন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যার সমাধান এবং বড় বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরি; এই চারটি প্রধান অগ্রাধিকারের ওপর জোর দিচ্ছে বিডা ও বেজা।’ তিনি বলেন, এ সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হলেও, আমরা বিনিয়োগের গতি ধরে রাখতে চাই। বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা ও আশ্বাস দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ ও লাভজনক হয়।’
বাজার সমিতির এক সভায় বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থি দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে। তিনি বলেন, ‘যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।’ আরো বলেন, ‘গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।’
হেফাজতে ইসলাম জায়োনিস্ট গণহত্যাকারী রাষ্ট্র ইসরাইলের ধ্বংস অনিবার্য উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন শাসকগোষ্ঠী সবসময় ইসরাইলের সব আগ্রাসন ও যুদ্ধাপরাধ সমর্থন দিয়ে গেছে। শুধু তা-ই নয়, বিলিয়ন-বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তাও দিয়ে যাচ্ছে ইসরাইলকে। জার্মানিসহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশও এতে জড়িত। ইসরাইল একা নয়। সংগঠনটি বলছে, ইসরাইলের ভাগ্য মিশে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের মোড়ল দেশগুলোর পতনের সঙ্গে। ফলে পৃথিবী ক্রমে একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদের দাসত্ব, ভোগবাদিতা ও উদাসীনতা পরিহার করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আসন্ন সেই মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই বিবৃতিতে হেফাজত পাশ্চাত্যের ভুয়া মানবতা উন্মোচন করে ইসরাইলের ধ্বংস কামনা করে।
রাজশাহী শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র বাতিল করেছে, কারণ থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। আসামি ট্রাংকের সিল ভেঙে ১৫টি প্রশ্নপত্র নষ্ট করেন। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আট জেলায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বোর্ড চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করবেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। মামলা দায়ের করা হবে শেরেবাংলা নগর থানায়। জানা গেছে, রোববার সকালে কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেবেন দলটির অন্যতম নেতা সালাহউদ্দিন আহমেদ। পরে সালাহউদ্দিন শেরেবাংলা নগর থানায় মামলা করবেন। মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের।
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, মতৈক্য কমিশন অপ্রয়োজনীয় এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ফরিদপুরে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি সংস্কারের ধীরগতির সমালোচনা করে আওয়ামী লীগের লোকজনের দলভিত্তিক অনুপ্রবেশ ঠেকানোর আহ্বান জানান। অন্যান্য নেতারা যুব সমাজকে দলীয় কার্যক্রমে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন, যা বিএনপিকে গ্রামীন থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত শক্তিশালী করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে এরইমধ্যে অনেক ভালো কাজ করেছে এবং আমাদের পথ দেখাচ্ছে। আমরা আশা করব, যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, সবাই মিলে তাদের সহযোগিতা করব। তিনি বলেন, আমাদের সংগ্রাম, জনগণের সংগ্রাম বলতে পারি-প্রাথমিকভাবে সফল হয়েছে। জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই আমরা ৩১ দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে। আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে আমরা অনুপ্রাণিত হয়েছি। কতগুলো বিষয়ে একমত হয়েছি উল্লেখ করে তিনি জানান, যে সংস্কারে এখন ঐকমত্য আসছে না, ঐগুলো নির্বাচনের পরে আমরা আলোচনা করব।
২০২৬ সালের এপ্রিলের সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি জোরদারে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সংগ্রহসহ নানা কার্যক্রম চলছে। আচরণবিধির খসড়া চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনি সংস্কার নিয়ে সুপারিশের অপেক্ষায় আছে কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ২২ জুন শেষ হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি নির্ধারিতভাবে এগোচ্ছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।
এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশে দুর্নীতি গভীরভাবে প্রোথিত এবং রাজনীতিক, আমলা ও শিক্ষকদের মধ্যে এটি চালু রাখার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের অনৈতিক উপঢৌকন গ্রহণের সমালোচনা করেন। অর্থনীতির প্রধান সমস্যা হিসেবে তিনি দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কথা বলেন। বিদ্যুৎ খাতে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি সরকারি ভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ এবং ছাদে প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদরায়ি ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন। তিনি প্রমাণ হিসেবে হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। এগুলো পোস্ট করে লেখেন, 'এটি ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনার চিত্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথে ইউরেনিয়াম সমৃদ্ধির পরবর্তী ধাপ।’ আরও বলেন, ‘বিমান বাহিনী কেন্দ্রীয় এই স্থাপনার পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদনে ব্যবহৃত ভবনগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা অব্যাহত রেখেছি।’
জি-৭ সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনকে "আত্মরক্ষা" বলা হলেও বিশ্লেষকরা এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের রূপ বলে উল্লেখ করেছেন। গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা উপেক্ষা করে পশ্চিমারা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলাকে সমর্থন দিচ্ছে। অথচ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব হামলা ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে মারাত্মক পরিবেশগত ক্ষতি করতে পারে। নেতানিয়াহু ও তার ‘ইসরায়েল ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী প্রভাবশালী মহল যুক্তরাষ্ট্রকে আরেকটি বিপর্যয়কর যুদ্ধে ঠেলে দিতে পারে, যা ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতো হতে পারে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।