ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১–৯ ওয়ার্ড) আসনে তিন প্রার্থী নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তার কার্যালয়ের হলরুমে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন, এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪৫৭টি, যা মোট ভোটের ৬০ দশমিক ৮৯ শতাংশ। বৈধ ভোট ছিল ২ লাখ ২৩ হাজার ১৪৪ এবং বাতিল ভোট ৫ হাজার ৩১৩টি।
নির্বাচনি বিধান অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রার্থীদের বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ পেতে হয়, যা এই আসনে ২৭ হাজার ৮৯৩ ভোটের সমান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন পেয়েছেন ৮৮২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা পেয়েছেন ৫ হাজার ২২৪ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। ফলে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বিএনপির মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে রায়হান সিরাজীর বিজয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।