ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় বিএসএফ পিছু হটে। ঘটনাটি ঘটে শ্রীরামপুর ইউনিয়নের আউলিরহাট বাবুলকামাত সীমান্তের ৮৪৬-এর ১/২ এস পিলারের মাঝামাঝি এলাকায়, যা পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা অন্ধকারে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করার চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়রা তাদের শূন্যরেখার ওপারে আটকে রাখে। পরে বিজিবি ও জনতার কঠোর প্রতিবাদের মুখে শনিবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের ফলে সীমান্তে রাতভর উত্তেজনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।