দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া লাইভ সিসিটিভির মাধ্যমে যাত্রীদের সামনে দেখানোর দাবিতে সোমবার লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি ও লুটপাট বন্ধে এই উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কয়েকটি বিমানবন্দরের কর্মকর্তা ও ব্যবস্থাপককে বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী, পর্যটক, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী ও বিশেষ করে প্রবাসী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে লাগেজ চুরি ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নোটিসের অভিযোগ অনুযায়ী, কার্গো হোল্ড থেকে লাগেজ নামানো থেকে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হচ্ছে। কার্গো খালাস, ট্রলিতে তোলা, র্যাম্প দিয়ে পরিবহন এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত উচ্চমানের ক্যামেরা বসানো ও অ্যারাইভাল লাউঞ্জের পর্দায় সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে লাগেজ খোলা হলেও তা সংশ্লিষ্ট যাত্রীকে সরাসরি দেখানোর দাবি করা হয়েছে।