ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ায় একটি ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংস পরিস্থিতির অনুকরণে দেখা যায়, একদল সন্ত্রাসী ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে। সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এপিসি যানসহ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহড়ার অংশ হিসেবে আহত সেনাসদস্য ও অন্যান্য আহতদের উদ্ধারে একটি হেলিকপ্টারও অংশ নেয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৫৭৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।