নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ জারি করা হয়। তাকে সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, জেলা ও মহানগরের মজলিসে আমেলার অনুমোদন ছাড়াই এবং জেলা সভাপতিকে না জানিয়ে ৯ এপ্রিল মহানগর কাউন্সিল আয়োজন করা হয়েছে। এতে ব্যক্তিগত প্রভাব বিস্তার, স্বেচ্ছাচারিতা ও সংগঠনের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টির অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
চিঠিতে ঘোষিত কাউন্সিল স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৬ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করতে বলা হয়েছে।