বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সংগঠনটি সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার বদলে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুরও প্রস্তাব দেয়। বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষায় এ ব্যবস্থা জরুরি বলে সভায় বিটিএমএ প্রতিনিধিরা জানান। তারা ব্যাংক গ্যারান্টি দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন। ব্যবসা পরিচালনার সুবিধায় ইডিএফ বণ্টনে সমতা ও আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স সহজ করার বিষয়ও তারা উত্থাপন করেন।
সভায় বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার জানায়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি হাইকোর্ট বিভাগে বিচারাধীন। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অন্য বিষয়গুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।