পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে র্যাব সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও ধর্মীয় স্পর্শকাতর এলাকাগুলোতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় র্যাবের স্ট্যাটিক ও মোবাইল টিম মাঠে থাকবে এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে। ধর্মীয় আবহ নষ্টের আশঙ্কা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণকে র্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।