সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যাতে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়বে। সামরিক ও বেসামরিক কর্মচারীদের জন্য এ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে তিন ধাপে মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং পেনশনও ধাপে ধাপে বাড়ানো হবে। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী, সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগী এর সুবিধা পাবেন। বার্ষিক অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে আনুমানিক এক লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সব গ্রেডে মোবাইল ভাতা চালু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা পাবেন। ওয়ান র্যাংক ওয়ান পেনশন ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।