বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, সুন্দরবনে দস্যুতা, মাদক ও মানবপাচার দমন এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকারের দিকনির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দস্যু চক্রগুলো কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ডাকাত ছোট সুমন ও তার সহযোগীরা সম্প্রতি আত্মসমর্পণ করেছে।
জিয়াউল হক আরও বলেন, জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের ফলে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়েছে। তিনি সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করে জানান, ঘটনার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।