ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীর গুলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সহকর্মীদের মধ্যে বাগবিতণ্ডার পর এক সদস্য গুলি চালান।
নিহতদের মধ্যে রয়েছেন সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার। অভিযুক্ত হেড কনস্টেবল অবধেশ কুমার সিং। বাহিনীর সদস্যদের ভাষ্য অনুযায়ী, কথা-কাটাকাটির পর তিনি একটি অফিসকক্ষে ঢুকে নিজের জন্য বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
গুরুতর আহত চার সদস্যকে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। অস্ত্রসহ অবধেশ কুমার সিংকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।