২০২৬ সালের ৩ মে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঢাকায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও টেলিভিশন কর্মকর্তারা।
১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, ত্যাগী সাংবাদিকদের স্মরণ এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহতের অঙ্গীকারের প্রতীক হিসেবে পালিত হয়।