বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হৃদ্স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সহজলভ্য করার অঙ্গীকারে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে। ২৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে হাসপাতালটির কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন, অগ্রগতি এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ হাসিনা বানু উপস্থিত ছিলেন। টিটন বলেন, দক্ষ চিকিৎসক, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নত কার্ডিয়াক চিকিৎসা সম্ভব, যা বিদেশে চিকিৎসার প্রয়োজন ও সংশ্লিষ্ট ব্যয় কমাতে পারে। হাসিনা বানু হৃদরোগের বংশগত ঝুঁকির কারণে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
৩০ সেপ্টেম্বর “Celebrating Life, Care & Recovery” অনুষ্ঠানে হাসপাতালে চিকিৎসা নেওয়া হৃদরোগীরা চিকিৎসা ও সুস্থতার অভিজ্ঞতা ভাগ করেন। মাসব্যাপী কর্মসূচি শুরু হয় “The 100 KM Walking Challenge” দিয়ে। রোগী ও স্বজনদের কার্ডিয়াক হেলথ চেকআপের সুযোগ দেওয়া হয় এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব জানানো হয়।