সিস্টেম আপগ্রেডেশনের কারণে প্রি-পেইড বিদ্যুতের রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। বুধবার, ৪ নভেম্বর সকালে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত ১০টা থেকে শুক্রবার ৬ নভেম্বর রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা রিচার্জ কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এই সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে বলা হয়েছে। প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে সৃষ্ট সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, সব প্রি-পেইড মিটার ব্যবহারকারী এই সমস্যার আওতায় পড়বেন না। কেবল যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, তাঁদের রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে। সাময়িক রিচার্জ সমস্যা বা অন্য কোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।