বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে তিনি মামলাটি করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে তদন্ত ও প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিরা হলেন ‘সার্চলাইট’ সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং প্রতিবেদক জাহিদ হোসেন। অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর সংবাদ ও রাত ৯টার ‘সার্চলাইট’ অনুষ্ঠানে বিচারককে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়।
আরিফুল ইসলামের দাবি, ওই প্রতিবেদনে অসৎ উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত ও আংশিক কেটে দেখানো হয়েছে। ১৫ অক্টোবর তার সাময়িক বরখাস্ত চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কারণে হয়েছে—এমন পরবর্তী দাবিও তিনি মিথ্যা ও মানহানিকর বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিচারক মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলার তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রমাণ হিসেবে তিনি আদালতে একটি পেনড্রাইভ জমা দিয়েছেন।