আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে একটি কোর কমিটি সক্রিয় রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন মোট এক লাখ চার হাজার ৬৬ জন সদস্য, যার মধ্যে সেনাবাহিনীর ১০ হাজার, বিজিবির ৪ হাজার ১২৩, রাজশাহী রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪০৫, র্যাবের ১ হাজার ৬ এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ জন সদস্য রয়েছেন।
রাজশাহী বিভাগে মোট ৫ হাজার ২৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে।