নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যুবদলের এক আলোচনা সভায় গুম ও নিখোঁজ হওয়া নেতাকর্মীদের দ্রুত সন্ধান এবং নির্যাতনের অভিযোগে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে অজিফা খাতুন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সহসভাপতি ও নোয়াখালী জেলা সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন, বিগত সরকারের সময়ে তাদের বহু নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে এবং দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুল মাঠ থেকে শুরু হওয়া র্যালি প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়।