জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও গবেষকেরা টেকসই কৃষির জন্য রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ‘N-FertiSmart’ নামের এই প্রযুক্তির মাধ্যমে নাইট্রোজেন সার ব্যবহারে প্রায় ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনা দেখছেন গবেষকেরা। ‘N-FertiSmart: Remote Sensing Based Precision Nitrogen Management for Sustainable Agriculture in Bangladesh’ প্রকল্পটি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ২৬-৩৪ নম্বর স্টলে প্রদর্শন করা হচ্ছে।
প্রযুক্তিটি পুরো জমিতে একই মাত্রায় সার প্রয়োগের বদলে জমির বিভিন্ন অংশের চাহিদা বিশ্লেষণ করে নির্দিষ্ট স্থানে ও পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহারের সিদ্ধান্ত দিতে পারে। গবেষণা দলের মতে, অতিরিক্ত নাইট্রোজেন সার কৃষকের উৎপাদন ব্যয় বাড়ায় এবং অপচয়, ফলন কমে যাওয়া, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও পরিবেশদূষণের ঝুঁকি তৈরি করে। প্রকল্পে যুক্ত আছেন ড. মো. আতাউল গনি, ড. এ এম এম গোলাম আদম, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফ।
অধ্যাপক নাসির উদ্দিন জানান, আইসিটি মন্ত্রণালয়ের ১০ লাখ টাকা অনুদানে প্রায় এক বছর আগে গবেষণাটি শুরু হয়। NDVI, B11 ও LULC র্যাস্টার ডেটা বিশ্লেষণ এবং PDR হিসাবের মাধ্যমে জমির নাইট্রোজেন চাহিদা ও ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়। গবেষণায় হেক্টরপ্রতি সুপারিশকৃত ১৭৪ কেজির বদলে ১৩৫ দশমিক ৯০ কেজি নাইট্রোজেন সার ব্যবহারের সম্ভাবনা উঠে এসেছে।