মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা কমাতে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোগ হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে আগেভাগে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলে জলাতঙ্ক বিষয়ে সচেতনতা তুলনামূলক বেশি হলেও প্রান্তিক পর্যায়ে তা কম; সেখানে রোগে মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। তাই শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। তিনি জানান, আগের মতো সারা দেশে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। এবারের প্রতিপাদ্য ছিল, “Stronger Together: একসাথে, আরও শক্তিশালী-জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”।
তিনি বলেন, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত, তাই প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে দেশের জলাতঙ্ক পরিস্থিতি, প্রতিরোধ কার্যক্রম, কুকুরের টিকাদান কর্মসূচি এবং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের উদ্যোগ তুলে ধরা হয়। এর আগে কেআইবিতে র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।