কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির সমেষপুর গ্রামে কৃষকেরা পলিনেট কাঠামোর নিচে প্লাস্টিকের ট্রেতে কোকোপিট ব্যবহার করে সবজির চারা উৎপাদন ও বিক্রি করছেন। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির চারা বিক্রি জুলাইয়ের শেষ থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলে। সমেষপুর ও আশপাশের এলাকায় বর্তমানে অন্তত শতাধিক পরিবারের সদস্য চারা উৎপাদনের সঙ্গে যুক্ত।
স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, সমেষপুরসহ আশপাশে ৪০ একরের বেশি জমিতে কপির চারা উৎপাদন হচ্ছে। ১২ ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থের প্রতিটি বেডে আড়াই থেকে ৩ হাজার চারা হয়। এলাকায় প্রতি মৌসুমে আনুমানিক ১০ থেকে ১২ কোটি চারা বিক্রি হয়। জমিতে উৎপাদনের খরচ তুলনামূলক কম হলেও অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় চারা নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হয়।
প্রবাসফেরত হোসাইন রাব্বি ও তাঁর বাবা আনোয়ার হোসেন ঝড়, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি কমাতে এই পদ্ধতি গ্রহণ করেছেন। সমেষপুর ও সিন্দুরিয়াপাড়ায় প্রায় ৬০টি পলিনেটে এ বছর অন্তত ১২ লাখ চারা বিক্রির আশা করা হচ্ছে। তবে বাঁশ, পলিথিন ও কাঠ দিয়ে প্রতিটি শেড নির্মাণে কমপক্ষে ১৪ হাজার টাকা খরচ হওয়ায় কৃষকেরা পদ্ধতিটিকে ব্যয়বহুল বলছেন।