এপ্রিল-জুন ২০২৫ : বাংলাদেশে ভারতের রফতানি কমেছে ৬ শতাংশের বেশি
কলকাতার বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। আকস্মিকভাবে গত ৮ এপ্রিল তা বাতিল করা হয়। এর এক সপ্তাহ পর অর্থাৎ ১৫ এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতাসহ আরো বেশকিছু পণ্য আমদানি বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারতে এ বিধিনিষেধের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কুইক এস্টিমেট হিসাব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন—তিন মাসে বাংলাদেশে ভারতের পণ্য রফতানি কমেছে ৬ দশমিক ১৯ শতাংশ। শুধু জুনেই বাংলাদেশে ভারতের পণ্য রফতানি কমেছে ১১ দশমিক শূন্য ৬ শতাংশ।