ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল- তা নিয়েও ভাবতে হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে তানজীমউদ্দিন বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ১ম বর্ষ থেকেই আজেবাজে কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, না হয় চোরাবালিতে হারিয়ে যেতে হবে।