কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে একটি পিকআপ ভ্যানে পাচারের সময় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ক্যাম্পের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে স্থাপিত চেকপোস্টে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার মৃত বাছা মিয়ার ছেলে জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচি পাড়ার মৃত জহির আহমেদের ছেলে মো. তারেক (১৯)। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে সন্দেহভাজন পিকআপটিকে থামিয়ে গাড়ি ও এতে থাকা ব্যক্তিদের তল্লাশি করা হয়। চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায় এবং দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পিকআপটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।