শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যেই নতুন নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত সড়কটি ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছিল। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা।
ধসে পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের অন্তত আরও পাঁচটি স্থানে ছোট অংশে ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাশের খাল থেকে কাটা মাটি সড়কে ব্যবহার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং বা মাটি ধরে রাখার ব্যবস্থা নেওয়া হয়নি।
দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ; প্রতিষ্ঠানের পক্ষে তা বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জিয়া জমাদ্দার। তিনি টানা বৃষ্টিতে মাটি সরে যাওয়াকে ধসের কারণ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কথা বলেছেন। গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।