চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে ওসি, আওয়ামী লীগ নেতা এবং বিএনপি নেতাকর্মীদের। এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। মঞ্চে ছিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাব্বুল হোসেনকে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক এবং আবু হানিফ। এছাড়া ওসিও উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেছেন, এখন কোনো দলীয় সরকার নেই। দলমত নির্বিশেষে প্রতিযোগিতাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্রের মেরামত চেয়েছে তারা, শাসক নয় শুধু শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দলের কার্যালয়ে তিনি আরো বলেন, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই অন্তবর্তী সরকারকে দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিতে হবে। তিনি আরো বলেন, ছয় মাসে দেড় শতাধিক আন্দোলন, ভারতে ষড়যন্ত্রে সৃষ্ট বন্যা ও সাম্প্রদায়িক সংঘাত এবং ব্যাপক দুর্নীতি ও অস্থিতিশীলতা ছিল সরকারের কাঁধে। এইসব অবস্থা ভালোভাবে মোকাবেলা করার জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান। অপারেশন ডেভিল হান্ট এবং রাজনৈতিক সমন্বয় টিম শুরুতেই দরকার ছিল বলে মন্তব্য করেন।
নীলফামারী সৈয়দপুর উপজেলার ব্রম্মোত্তর গ্রামে সোমবার রাত সাড়ে দশটায় বৈদ্যুতিক শর্টকাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অঙ্কে কোটি টাকা ধারণা করা হচ্ছে। এছাড়াও অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ায় ২টি গরু, ৩টি ছাগল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান চাল, নগদ অর্থসহ সব ধরনের ধরনের মালামাল পুড়ে গেছে। পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে নিঃস্ব। উপজেলা জামায়াতের আমির সহায়তার আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসন ও বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নিচে কেবল আফগানিস্তান অবস্থান করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের এ নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতিবিরোধী কথা বললেও দুর্নীতিকে লালন ও প্রশ্রয় দিয়েছে। সিপিআই অনুসারে বাংলাদেশের স্কোর ২৩, বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ভালো দিক থেকে বাংলাদেশের স্কোর দুই ধাপ অবনতি হয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫১তম হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টায় উপজেলার বৈরাগীচর মন্ডলপাড়া ঘাটের নিচে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রাজু ইব্রাহিম প্রামাণিকের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ওসি নাজমুল হুদা জানিয়েছেন, মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জান মালের হেফাজত। এজন্য ফ্যাসিবাদের দোসর, নৈরাজ্যকারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্টরা জনগণের সম্পদ অন্যায়ভাবে লুট করেছে, প্রতিবাদ করলে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে দমন করেছে! সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যাচ্ছেতাই ব্যবহার করেছে।
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনসহ মোট ৮১ জনকে আটক করা হয়েছে। গাজীপুর পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান শুক্রবার আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার রাতে ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জনসহ এই চার দিনে সর্বমোট ৩৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আদানি পাওয়ারের থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশ। এর আগে এই প্রতিষ্ঠানের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিরোধের ফলে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক নামিয়ে আনে বাংলাদেশ। মঙ্গলবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আদানি পাওয়ারের সাথে ২৫ বছর মেয়াদি চুক্তি করে। এরপর ঝাড়খণ্ডে আদানির দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে বাংলাদেশ। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের চেষ্টায় এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশে একচেটিয়া ব্যবসায় করছে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চেয়েছেন তারা। এই সময়ে তারা ষড়যন্ত্রমূলক তদন্ত ও পাতানো রায় মানেন না বলে জানান। বিডিআর নাম ফিরিয়ে আনা, স্বাধীন তদন্ত করে মূল হোতাদের বিচার এবং পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করার দাবিও জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা এই সপ্তাহেই কার্যকর হবে। ভারতের জন্য বছরে ৩০০ কোটি ডলারের ইস্পাত রপ্তানি খাতে এটি বড় ধাক্কা হতে পারে। কূটনীতিকরা একে মোদির জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এর আগে ট্রাম্প চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করেছেন এবং কানাডা ও মেক্সিকোর জন্যও ২৫% শুল্ক ঘোষণা করেছেন, যদিও তা আপাতত স্থগিত রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। বিচার শুরু না হলেও এই ১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১১৫ বার! চার বার বদল হয়েছে তদন্ত সংস্থা। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স! পিবিআইকে মামলাটি হস্তান্তর করার আগে ছয় বছর কোনো তদন্ত হয়নি এমন অভিযোগ উঠেছে। র্যাব এতো কাল তদন্ত করার সময় চেয়েছে কেবল। এদিকে অপেক্ষার প্রহর গুণতে গুণতে ক্লান্ত সাগর-রুনির পরিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি! তবে অন্তবর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত নিষ্পন্ন করতে পদক্ষেপ নিয়েছে।
দুই সপ্তাহ স্থগিতের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার ১০ ফেব্রুয়ারি ফের শুরু হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, বিচারকার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, 'রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি।' চিকিৎসাগতভাবে একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল উল্লেখ করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন জানান। ১৯ সালের দুর্নীতির মামলার আসামি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্প্রতি অস্ত্রোপচার হওয়াতে বিচার স্থগিত করেছিল আদালত।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়া হবে। তবে এটা চাকরিতে কোনো কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই চাকরি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে হবে। আহতদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আজীবন বয়ে বেড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি এই সময়ে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনকে সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সম্প্রতি অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮৪ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির অনুমোদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শকের মন্তব্যকে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সমিতি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। বেনজির গঙদের নজিরবিহীন দলবাজি ও দুর্নীতিকে পুলিশকে ডুবিয়ে দেওয়ার কারণ হিসেবে বলেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে ২১ জেলায় স্থানীয়ভাবে ১০০টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত এখনো অফিশিয়াল প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। তখন যাদের নমিনেশন দেওয়া হবে তারাই প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্বাচনের জেনোসাইড হবে!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।