কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন অব্যাহত আছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে মানবিক মর্যাদা না দেওয়া এবং এক বছরেও চাকরি স্থায়ী না করার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী (২৩) নামে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেন। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে জেনেছেন ওই শ্রমিক অ্যালুমিনিয়াম ফসফাইড নামে বিষাক্ত পদার্থ সেবন করেছেন, যা তাদের প্রতিষ্ঠানে ছিল না।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হচ্ছে সমাজের মুরুব্বি। তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সামাজিক শক্তিগুলোকে এক করতে পারি; তা এমন শক্তি তৈরি হবে যে, রাষ্ট্র যদি কোনো উলটা-পালটা সিদ্ধান্তও নেয় তাহলে আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য হবে। তিনি বলেন, আগামী দিনে আলেমরা যদি জনগণের সঙ্গে আরও মিশতে পারে, সংসদে যদি ৫০ জন আলেম এমপি হয় এবং ৩ থেকে ৪ জন মন্ত্রী হয়; তাহলে দেশের চেহারা পালটে যাবে। সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। তাহলে আমরা সহিহ আকিদা ও কুরআনের তালিম এবং নিদের্শনা দিতে পারব।
বনানীতে দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারভেজ মোশারফ (২৩) নামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। সন্ধ্যার পর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। টেক্সটাইল ও ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারি হয়। ওই সময় পারভেজ মোশারফের বুকে ছুরিকাঘাত করা হয়।
বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশিকায় বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে। এই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটেছে, তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। এই এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি আবশ্যক।
এনসিপি'র যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদত্যাগ করেছেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দপ্তর সেলে জমা দিয়েছি। ১৮ এপ্রিল তিনি লিখেছিলেন, 'এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য রাতের আঁধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়—সব বের করছি।' আরো বলেন, ‘কিন্তু ওদের এগেইনস্টে কিছু করা যায় নাই। প্রশাসন তো হেল্পফুল না। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা অ্যাকটিভলি কাজ করছে। লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। ’
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। হাসনাত বলেন, বৈঠকে বিলাসী জীবন প্রশ্নে কোনো আলাপই হয়নি। বলেন, ‘র’ এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আরও বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। উল্লেখ্য, ঐ প্রতিবেদনের শিরোনাম ও প্রতিবেদনের অংশবিশেষ পরিবর্তন করা হয়েছে। তবে ক্ষমা চায়নি!
বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অনেকে এ উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা। আরো বলেন, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বরের মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন। কর্ণেল অলি আহমদ সরকারের উদ্দেশে বলেন, আপনারা কি দেশের জন্য কাজ করছেন, নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? বিনা কারণে যখন তখন মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ এবং সর্বত্র বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। জনগণের ভোগান্তি চরমে। অলি আহমদ বলেন, কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না বা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়াও সঠিক হবে না। সাবধান ও হুঁশিয়ার করে বলতে চাই, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে। এই সময় তিনি সচিবালয়ে নিয়োগ বাণিজ্য হচ্ছে বলেও অভিযোগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত কমিটিকে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর প্রায় এক মাস আগে সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো জবাব পায়নি সার্চ কমিটি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সার্চ কমিটিকে আরও সময় দেয়া হবে। দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ৫৫টি। ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে গত বছর ২৬ অক্টোবর। ক্রিকেট বোর্ডের সভাপতিসহ কয়েকজন পরিচালক পরিবর্তন হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের কমিটি গঠন হচ্ছে সার্চ কমিটির প্রস্তাবে। এর মধ্যে গত ৭ মাসে ২৬টির নতুন কমিটি পাওয়া গেছে।
২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা গাজার বাসিন্দা। ইসরাইলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি, প্রায় ১৮ মাস ধরে। নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ হামলায় একইঙ্গে তার পরিবারের আরও ১০ সদস্যও নিহত হন। ফ্রান্সে একটি চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। মৃত্যুর আগে ফাতিমা প্রোফাইলে লিখেন, ‘আমি মরলে, আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই। আমি চাই এমন এক মৃত্যু, যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না।’
সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, সরকারের প্রেস উইংকে অনুরোধ করছি; আপনারা অনুগ্রহ করে গত ১ বছরে ভারতে "Cow Vigilante" এবং বিজেপি-আরএসএস গং এর হাতে কতজন মুসলিম/বৌদ্ধ/ খ্রিস্টান ধর্মের অনুসারী নিহত হয়েছেন, তার একটা তালিকা তৈরি করুন এবং নিন্দা-পত্র আদলে Chief Adviser GOB কার্যালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিবৃতি আকারে প্রকাশ করুন। আরও উল্লেখ করেন, প্রতিটি ঘটনায় নিহতদের নাম, যে কারণে তাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত, তারিখ, স্থান, জড়িত ব্যক্তিসহ উল্লেখ করবেন। প্রেস উইংয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন সাংবাদিক আছেন যারা এই কাজটি বেশ সহজেই করতে পারবেন।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এছাড়া দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থীও এই তালিকায় রয়েছেন। গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ডেটা, তাদের কার্যকলাপ ও সোশ্যাল মিডিয়ায় তৎপরতার ওপর নজরদারি করছে। এআই দিয়ে এ কাজ করাতে নিরীহ শিক্ষার্থীরাও শাস্তির আওতায় এসে যেতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, ‘আমরা যশোরের শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। আরও লিখেছেন, এ হত্যাকাণ্ডটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, তারা যেন কোনো অজুহাত তৈরি না করে কিংবা কোনো প্রকার ভেদাভেদ না করে, সব সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।
ভ্লাদিমির পুতিন ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে মানবিক বিবেচনায় ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন। তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন। পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনো পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুতিন বলেন, ‘আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে। তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উসকানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে’।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আজকের থানা পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের ছুটির সংখ্যা খুবই কম!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।