ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আগুনে পুড়ে গেছে বলে আজ সকালে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ডিএমপি, একই কথা বলছে পিবিআই। ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া সময়সাপেক্ষ। এজন্য ছয় মাস সময় মঞ্জুর হয়েছে। এআইজি তালেবুর রহমান বলেন, এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার নিউজ করছেন, যা সঠিক নয়।
হাতিরপুলের একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাবির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। এসআই মো. ইকবাল হোসেন জানান, আমরা ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকত। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। রুমমেট জাহিদ হাসান জানান, পিনাক রঞ্জন মাস খানেক আগে থেকেই একটু ডিপ্রেশনে ছিলেন। চুপচাপ থাকতেন, কিছুই বলতেন না।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে দুই মাসের মধ্যে ৭২৫ সৈনিক নেবে কাতার। তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। কুয়েতে চাকরিকালে একজন সৈনিক প্রতি মাসে আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা বেতন পান। আরও বলেন, উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করছেন। প্রতি তিন বছর পরপর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন। আরও বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসীবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সকলেই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব। আরো বলেন, সকলেই মুক্তি পেলেন একটা লোক মুক্তি পেলেন না এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের!
কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কি হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না। আরও লিখেছেন, কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন। প্রসঙ্গত, ভিসির পদত্যাগ দাবিতে অনশন শিক্ষার্থীদের অনশন চব্বিশ ঘন্টা পেরিয়েছে। ইতোমধ্যে হিট স্ট্রোকসহ নানাভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সোমবার মারধরের ঘটনায় আজকের সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ২ নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃতরা হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অব স্কলার্সের কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজ হত্যায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক পর্যায়ে ২ শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, পারভেজ বন্ধুদের সাথে হাসাহাসি করছিলেন। পিছনে থাকা এই দুই মেয়ে ও তার চার বন্ধু ছিল। পরে দুই মেয়ে এসে বলে আমাদের নিয়ে কেন হাসাহাসি হচ্ছে! এ নিয়ে বাকবিতন্ডার জেরে পারভেজ খুন হয়েছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ৩৫টি দল সংস্কার প্রস্তাবনা দিয়েছে আর বিএনপিসহ ১৫ দলের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিদিন আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবিহিত করা হচ্ছে। তিনি দিকনির্দেশনা দিচ্ছেন এবং তার দিকনির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক। তিনি বলেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গেও আলোচনা করবে ঐকমত্য কমিশন। আজ বিএনপির সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে প্রাথমিকপর্যায়ের আলোচনা শেষ হবে আশা করছি।
সুদানের এল-ফাশের শহরে আধা-সামরিক বাহিনীর হামলায় ৩০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আরএসএফ-এর খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে। এই সংঘাতে এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আর্থনা সম্মেলনে বলেছেন, বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে। আরো বলেন, যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও, জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি। এর আগে, কাতার পৌঁছালে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ বলেন, ২০২৩ সালের ৫ আগস্ট ডিবি কার্যালয়ে আগুন লাগায় কিছু নথি নষ্ট হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ থেকে ৯ মাস সময় চাওয়া হলেও আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। এর আগে, গত ১৫ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ মে ধার্য করেন আদালত।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। দফা ওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়। বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। একইসঙ্গে বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে। বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সবকিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।
মঙ্গলবার চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার পারমাণবিক আলোচনার আগে মঙ্গলবার তার এ সফর। ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি—যেটি পরবর্তীতে বাতিল হয়ে যায়—সেই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল চীন। জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সই করেছিল। এদিকে ওমানের মধ্যস্থতায় আব্বাস আরাগচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির।
জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেওয়ায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের প্রায় এক মাস পেরিয়ে গেলেও কোনো নোটিশ জারি কিংবা চিঠি দেওয়া হয়নি। ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নোটিশ জারি করলেও শিক্ষকদের ব্যাপারে নিশ্চুপ প্রশাসন। গুঞ্জন উঠেছে, সমঝোতার মাধ্যমে ফের নিজেদের জায়গায় ফিরে আসবেন অভিযুক্ত শিক্ষকেরা। এছাড়া অভিযোগ উঠা আরও ১০ শিক্ষকের বিষয়ের তদন্তেও তেমন অগ্রগতি নেই। তবে প্রশাসন বলছে খুব দ্রুতই অনুমোদিত হবে!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।