ইসরাইল সেনাবাহিনী বলছে, ইসরাইলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। অভিযোগ রয়েছে বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথিদের কাছে। এর আগে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এতে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, আটজন হয় আহত।
লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। খালেদা জিয়াকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে। বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন ফুটপাতে। অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে তিনি দেশে ফিরছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্রে উত্তরণ সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে তার দেশ পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে। মুনির বলেন, ‘পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায়। তবে সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব’। তিনি বলেন, বেলুচিস্তানে বিদেশ-প্ররোচিত সন্ত্রাসবাদ এখনো সবচেয়ে বড় হুমকি। যারা সহিংসতা উসকে দিতে চায় ও এই প্রদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ‘ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’। বেলুচিস্তানের আর্থসামাজিক উন্নয়নে সরকারের অনেকগুলো প্রকল্প ইতোমধ্যেই সুফল দিতে শুরু করেছে বলেও জানান।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য-দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা। পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে। নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা সাড়ে ৫ হাজার অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের ১৫ বছরে ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি। পুলিশের কাছ থেকে লুট হওয়া এক হাজার ৩৭৫ অস্ত্র এবং দুই লাখ ৫৭ হাজার ৮৪৯ রাউন্ড গোলা-বারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে! আইজিপি জানিয়েছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে!
বেগম খালেদা জিয়ার অভ্যর্থনায় যানজট এড়াতে পার্কিংয়ের নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনাগুলো হলো— সকল সাংবাদিকের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখা, অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করা, গুলশানে আগত সকল সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করা, অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখা, গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করা এবং গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করা!
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার। দেশটিতে নতুন করে গঠিত হতে যাচ্ছে বিএসএফ ১৬টি ব্যাটালিয়ন। যার মাধ্যমে প্রায় ১৭ হাজার সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায়। একইসঙ্গে স্থাপন করা হচ্ছে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টারও। শুধু পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করার জন্যই নয়, বরং পূর্ব সীমান্ত, বিশেষ করে বাংলাদেশ সীমান্তেও নজর রাখতেই এ পদক্ষেপ নিচ্ছে দেশটি। দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ এর একটি জম্মুতে এবং অন্যটি মিজোরামে। পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ ও সমন্বয় বাড়াবে জম্মুর হেডকোয়ার্টারটি। আর মিজোরামের হেডকোয়ার্টার মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের পূর্ব অংশে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়াবে।
সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় পাঁচ দফা দাবিসহ সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকবে শিক্ষক সমিতি। দুই দিন ধরে চলছে শিক্ষক সমিতির ক্লাস বর্জন। তারা বলছেন, ১৮ ফেব্রুয়ারির পর শিক্ষকদের বিরুদ্ধে সাইবারবুলিং, সামাজিক ও মানসিক অবমাননার তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তি দিতে হবে, পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়েটবিরোধী অপপ্রচারে লিপ্ত সবাইকে শনাক্ত করা ও আইনের আওতায় নিতে হবে। বিকালে শিক্ষার্থীদের ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য সব শিক্ষকের সঙ্গে আলোচনা করেন। তবে কোনো সুরাহা হয়নি।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদেরা সাম্প্রতিক কালের বাংলাদেশের শ্রেষ্ঠসন্তান। দেড় যুগের জুলুম নিপীড়ন দুঃশাসনে দেশের মানুষ ব্যর্থ হয়ে হাল ছেড়ে যখন আকাশের দিকে তাকিয়েছিল- ঠিক সেই মুহূর্তে নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। তাদের শাহাদতবরণ বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই সময় জেলার ১৪ জন শহিদ ছাত্র-জনতার পরিবারের মধ্যে ১২ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। মোট টাকার পরিমাণ ২৮ লাখ টাকা। রেজা-উন-নবী বলেন, রাষ্ট্রের কাজ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা।
বগুড়ার আদমদীঘিতে ক্লাশে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় হৃদয় হোসেন নামে দশম শ্রেণির এক ছাত্রের মারপিট করেছে প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে। পরে আহত শিক্ষকের স্ত্রী আদমদীঘি থানায় ওই ছাত্রসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই ছাত্র ও অন্যদের শাস্তি চেয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
ইসলামী ছাত্রসেনা নেতা ও ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। মুরাদপুরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে মিশে হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্রধারী কিছু যুবক অবরোধকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। হামলায় সংগঠনের অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। এছাড়া ষোলশহর থেকে পুলিশ ১০ অবরোধকারীকে আটক করে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। স্বর্ণের নতুন দাম―দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। ২০২৪ সালের এপ্রিলে খাদ্য মূল্যষ্ফীতি ছিল দুই অংকের ঘরে; অর্থাৎ ১০ দশমিক ২২ শতাংশ। এছাড়া গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হারও কমে হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ; যা মাচে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিবেদন প্রকাশ করা হয়।
রাজশাহীতে কিস্তি দিতে না পারায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে জহুরুল ইসলাম (৫৫) নামে এক ঋণগ্রহীতাকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সইতে না পেরে ওই এনজিওর কার্যালয়ের ভেতরেই জহুরুল বিষপান করেন। গত ২৯ এপ্রিল দুপুরে বানেশ্বরে আরআরএফ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষপানে জহুরুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এনজিওর কয়েকজন কর্মকর্তা তাকে রাস্তায় ফেলে আসেন। খবর পেয়ে জহুরুলের নিকটাত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তাকে রামেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখন।
সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন, কারণ ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ‘নবায়ন’ এবং ‘পুনরুজ্জীবিত’ করতে চায় রোম। এছাড়া তিনি ইতালিতে বাংলাদেশ কমিউনিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরো এমন নাগরিক প্রয়োজন বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখায়। এই লোকেরাই সমস্যা তৈরি করে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুই দেশ এই বিষয়গুলো মোকাবিলায় ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।