ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে। আলজাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইল-সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরাইলের দিকে লক্ষ্য করে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিবিসি বলছে, রোববার ইসরাইলের হামলার পর তেহরানের তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। আটক ৯৯ জন বিদেশির মধ্যে রয়েছে ৮১ জন থাই, বাংলাদেশি ১২ পুরুষ, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন। পরবর্তী ব্যবস্থা নিতে আটককৃত সব বিদেশিকে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, বেরায় নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের বিল দিতে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নবজাতকের স্বজনেরাই এক নিঃসন্তান দম্পতির কাছে সন্তানকে স্বেচ্ছায় দত্তক দিয়েছেন। ওই দম্পতি বিনিময়ে হাসপাতালের ১০ হাজার টাকা বিল পরিশোধ করেন এবং বাড়তি ৫ হাজার টাকা নগদ দেন। নবজাতকের নানা বলেছে, অভাবের কারণে দত্তক দিয়েছেন। এদিকে মা জয়া দাশের স্বজনরা জানান, সন্তান প্রসবের পর টাকা না থাকার কথাটি হাসপাতালের নার্সকে জানালে তিনি নবজাতককে বিক্রির প্রস্তাব দেন। পরে তার নিঃসন্তান এক আত্মীয়ের কথা বলে বাচ্চাটি নিয়ে নেন নার্স।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে সোমবার খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার রাতে ছাত্র-জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম।
ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, আসামি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, শাহাবুলকে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের দিন হত্যা করা হয়।
ইরান-ইসরাইল উত্তেজনা বাড়তে থাকায় নিজ দেশের নাগরিকদের আপাতত ইসরাইল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। তবে ইতোমধ্যেই যেসব ব্রিটিশ নাগরিকরা ইসরাইল বা অধিকৃত ফিলিস্তিন এলাকায় অবস্থান করছেন, তাদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই এই পরামর্শ জারি করা হয়েছে।
রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি খোজিন জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের শেষ নাগাদ চালু হতে পারে। ঢাকায় রাশিয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় ও সোভিয়েত পারমাণবিক শিল্পের ৮০ বছর পূর্তির সময়ে এই প্রকল্পের অগ্রগতি গুরুত্বপূর্ণ। রোসাটমের সহায়তায় নির্মিত এই ১,২০০ মেগাওয়াট ইউনিট পরীক্ষামূলক চালুর প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন যুগের সূচনা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা।
ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরাইলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে। যদিও ইসরাইলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। জানা গেছে, দূতাবাসের জরুরি পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে। আর কর্মীদের ইসরাইল ত্যাগ করার বিকল্প হলো স্থলপথে জর্ডান যাওয়া।
সিলেটের গোয়াইনঘাটে জাফলং থেকে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকিয়ে বিক্ষোভ করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনাটি অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। প্রধান অভিযুক্ত জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে। একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে কয়েকজন নেতাকে শনাক্ত করা গেছে। দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া শুরু হলেও এখনো পুলিশের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে।
৫ থেকে ১৩ জুন ঈদুল আজহার ছুটিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ১৪ হাজারের বেশি কল এসেছে, যার মধ্যে ১৩,৮৩১ জন পুলিশি সহায়তা চেয়েছেন। হাট, রাস্তা ও নদীতে চাঁদাবাজি এবং জোরপূর্বক পশু সরানোর অভিযোগ পাওয়া গেছে। মোট ১,২৭১টি ঈদ-সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়া ৪ হাজারের বেশি মারামারির অভিযোগ, এক হাজারের বেশি অ্যাম্বুলেন্স চাওয়া এবং প্রায় এক হাজারটি অপরাধমূলক কার্যকলাপের রিপোর্ট আসে। অনেক অভিযোগ পুলিশ তাৎক্ষণিকভাবে সমাধান করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল লালপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, দুর্নীতি ও দখলদারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি সরকারকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সুষ্ঠু বিচার ও শাসনের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে যোগ্য হয়েও যারা চাকরি ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের অধিকার আদায়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।
নিশ্চিদ্র প্রতিরক্ষার প্রতীক হিসাবে পরিচিত ইসরাইলের আয়রন ডোম এবারে একযোগে চালানো ইরানের ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তীব্র স্রোতে শক্তি হারিয়েছে। ইসরাইলের এই গর্বকে চূর্ণ করে তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরও গুঁড়িয়ে দিয়েছে ইরান। গত কয়েক দিনে ইরান থেকে ছোড়া শতাধিক মিসাইল ইসরাইলের আকাশ প্রতিরক্ষার নানা স্তরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হামলার স্রোত ঠেকাতে গিয়ে বারবার ওভারলোড হয়ে পড়েছে ‘আয়রন ডোম’। বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যত ব্যর্থ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯ জন। এ নিয়ে চলতি বছর ৩০ জনের মৃত্যু হলো। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৮৮ জনে। আরও জানায়, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩ জন, ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
২০২৫ সালের মার্চ শেষে বাংলাদেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা, যা ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা বেশি। আগের সরকার আমলে বিতরণ করা অসংখ্য সন্দেহজনক ঋণের কারণে এই বৃদ্ধি ঘটেছে। এখন একাধিক ব্যাংক প্রকৃত ঋণচিত্র প্রকাশ করছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ঋণ খেলাপি উদ্বেগজনকভাবে বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলোর মোট ঋণের ২৪.১৩ শতাংশই খেলাপি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন চারজন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২৯১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।