ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি চান, তাহলে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত। আরাগচি লেখেন, ‘ইরানিদের দৃঢ়তা ও জটিলতা বিশ্বের কাছে সুপরিচিত, যা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল। আমাদের স্বাধীনতাকে মূল্য দেই এবং অন্য কাউকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দেই না।’ আরও লেখেন, ‘শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়েছে যে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস এড়াতে ইসরাইলের ‘বাবার’ কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করেন না। যদি ইসরাইলের ভ্রম তাদেরকে ভুল দিকে পরিচালিত করে, তাহলে ইরান তার আসল ক্ষমতা উন্মোচন করতে দ্বিধা করবে না আর তা ইরানের শক্তি সম্পর্কে যেকোনো বিভ্রান্তির অবসান ঘটাবে।
ব্লুমবার্গ জানিয়েছে, ইসরাইলি সরকার অনুমান করেছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, ইরান প্রায় দুই সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। যার ফলে ইসরাইলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
কঙ্গো-রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। ট্রাম্প বলেন, তার বিশ্বাস, গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে। এদিক যুদ্ধবিরতি বিষয়ে হামাস বলেছে, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরাইল বলছে, যুদ্ধ তখনই শেষ হবে, যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে।
মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির। বলা বাহুল্য, আল-আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে— বেন-গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। জানা গেছে, তিন সপ্তাহ আগে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তার দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গেভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন ১,২২০ দিনের বেশি সময় ধরে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ রাশিয়ার অংশ করে নেবার পরিকল্পনা করছেন এবং সে লক্ষ্যে যুদ্ধ জোরদার হয়েছে। ইউক্রেনের সামনে প্রায় ৬৯৫,০০০ রুশ সৈন্য অবস্থান করছে, বিশেষ করে কৌশলগত শহর পোকরভস্ক ঘিরে রুশ সেনা ব্যাপক জড়ো হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য স্থগিত করলেও, ইউরোপ ও কানাডা ২০২৫ সালের প্রথমার্ধে ৩৫ বিলিয়ন ডলার সমপরিমাণ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্য ও নরওয়ে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, আর ইউক্রেন নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে কাজ করছে। ইউক্রেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা রাশিয়ার জন্য বড় উদ্বেগের কারণ। ইউরোপীয় ইউনিয়নের সদস্যর মধ্যে ঐকমত্য না হওয়ায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হয়নি, তবে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।
ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মরতেজা কার আমুজিয়ান বলেন, ‘জায়নবাদী ইসরাইলি বাহিনীর সরাসরি ও লক্ষ্যভিত্তিক হামলায় আমাদের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন।’ তিনি আরও জানান, ‘এ যুদ্ধে ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।’ আমুজিয়ান বলেন, ‘আইসিসির সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এটি ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং এর অ্যাডিশনাল প্রোটোকল-১ এর ৫২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বেসামরিক অবকাঠামো ও সংবাদকর্মীদের সুরক্ষার কথা বলা হয়েছে।’ তিনি জানান, বেসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দোষীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেবে।’
মাদারীপুরের বরিশাল খাল, যা একসময় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নৌপথ ছিল, দীর্ঘ দখল ও দূষণের কারণে বন্ধ হয়ে পড়ে। আট কিলোমিটার দীর্ঘ খালটি অবৈধ স্থাপনার কারণে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছিল। জেলা ও পৌর প্রশাসন একযোগে খালটি উদ্ধারে ও খননের উদ্যোগ নিয়েছে, যার কাজ শুরু হয়েছে ইটেরপুল এলাকা থেকে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, বলছেন পানিপ্রবাহ ফিরলে শত শত বিঘা জমিতে কৃষিকাজ আবারও শুরু হবে এবং ঐতিহ্যবাহী নৌযান চলাচল ফিরিয়ে আনা সম্ভব হবে।
কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটকের প্রাণঘাতী জঙ্গি হামলার উল্লেখ না থাকায় এসসিও প্রতিরক্ষা সম্মেলনের যৌথ বিবৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ উপেক্ষিত হওয়ায় ভারত একে পাকিস্তানপন্থী বিবৃতি বলে মনে করে। প্রতিরক্ষামন্ত্রী সীমান্তপারের সন্ত্রাসে মদদ দেওয়া দেশগুলোর সমালোচনা করেন। এই হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ে। বিমান হামলা ও পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করে।
তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। এদিকে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে।
বার্ষিক নিষেধাজ্ঞা শেষ হলেও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মিলছে না, ফলে হতাশ চাঁদপুরের জেলেরা। স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়ে কেজিপ্রতি ৩,০০০ টাকা পর্যন্ত উঠেছে। বাজারে ভিড় থাকলেও অনেক ক্রেতা খালি হাতে ফিরছেন। জেলে ও ব্যবসায়ীরা নদীর পরিস্থিতিকে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা অব্যাহত থাকলে সামনের মৌসুমে ইলিশের পরিমাণ বাড়তে পারে।
জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনেইরো বলেন, বর্তমান সিরিয়ার সরকার উপকূলে সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে ‘অপ্রতিরোধ্য প্রবেশাধিকার’ দিয়েছে। তিনি বলেন, ‘মার্চের সহিংসতার পর পালিয়ে যাওয়া আলাউই সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জব্দ এবং তাদের মধ্যে হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেফতারের ঘটনার খবর এখনও আসছে।’ পিনেইরো জানান, তার কমিশন ‘এই বসন্তে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা কমপক্ষে ছয়জন আলাউই নারী অপহরণের ঘটনা নথিভুক্ত করেছে,’ যাদের মধ্যে দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি এ ঘটনাগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করায় সিরিয়া সরকারের প্রশংসা করেন এবং সরকারের বরাতে বলেন, ‘অসংখ্য সন্দেহভাজন হামলাকারীকে’ গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি গির্জায় দায়েশ হামলার নিন্দা জানান।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম উলামা বুঝতে সক্ষম হয়েছেন যে, এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে। এসব ইসলামি শক্তির ধারাকে অক্ষুণ্ন রেখে যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ই হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায়। আরো বলেন, আমাদের সংগঠনের ভিশন হলো জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে এসে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দ্বিনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন। সবশেষে বলেন, দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচনের সুযোগ কাজে লাগাতে হবে।
দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি’। রুমিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি। সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।
মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, জেলা আদালতগুলো গোটা দেশের জন্য একযোগে স্থগিতাদেশ জারি করতে পারবে না। এ রায়কে ট্রাম্পের প্রশাসনিক এজেন্ডার পক্ষে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি একটি ঐতিহাসিক জনমত সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু উগ্র বামপন্থি বিচারক প্রেসিডেন্টের আইনগত ক্ষমতা খর্ব করে আমেরিকান জনগণের নির্বাচিত নীতিকে রোধ করার চেষ্টা করছেন। এসব বিচারক শুধু সংশ্লিষ্ট মামলার বিষয়ে রায় না দিয়ে পুরো জাতির জন্য আইন নির্ধারণ করার চেষ্টা করছিলেন।’ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে অভিবাসন ও সামাজিক ইস্যুতে ট্রাম্পের নীতি রুদ্ধ করায় ট্রাম্প প্রশাসন জেলা বিচারকদের সমালোচনা করে আসছেন।
ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে এখন ঠেকেছে ৪৭ নম্বরে গিয়ে। অথচ শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১তম। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ১০টা ১৩ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৫৬। অথচ গতকাল শুক্রবারের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১০২। এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৮১, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে—উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার বাটাম। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৬, ১৫৯, ১৫৮ ও ১৪৫।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।