সরকারের ব্যয় সংকোচন নির্দেশনার মধ্যেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে বড় একটি কর্মকর্তা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা ও সম্মানী মিলিয়ে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলে অভিজ্ঞ কর্মকর্তা থাকা সত্ত্বেও এতসংখ্যক ঢাকা-ভিত্তিক কর্মকর্তাকে পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইসি সূত্র অনুযায়ী, প্রশিক্ষণে নিয়োজিত একজন কর্মকর্তা এক দিনের জন্য ৮ হাজার টাকা এবং দুই দিনের জন্য ১৬ হাজার টাকা সম্মানী পাবেন। এর সঙ্গে টিএ-ডিএ বাবদ আরও ১২ থেকে ১৪ হাজার টাকা যোগ হবে। ২৫ কর্মকর্তার যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে প্রায় ৮০ লাখ টাকা খরচ হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকা ও স্থানীয় পর্যায় থেকে মোট ৩৫ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশন সরকারের ব্যয় সংকোচন নীতি অনুসরণের চেষ্টা করছে; তবে ঢাকা থেকে এত কর্মকর্তা পাঠানোর বিষয়টি তাঁর জানা নেই। বিশেষজ্ঞ ড. আবদুল আলীম বলেন, পাশের জেলার অভিজ্ঞ কর্মকর্তাদের যুক্ত করলে ব্যয় কমানো যেত। প্রতিবেদনে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রশিক্ষণের ব্যয় ৪২ লাখ ২৬ হাজার টাকা বলা হয়েছে; আইনশৃঙ্খলাসহ অন্যান্য খাতে ব্যয় এর তিন গুণের বেশি হতে পারে।