২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পার হলেও চট্টগ্রামে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে তেমন অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্তের গতি আরও কমে গেছে এবং কোনো দপ্তর থেকে আর খোঁজ নেওয়া হচ্ছে না। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে মোট ১৫১টি মামলার মধ্যে মাত্র একটি মামলার প্রতিবেদন দেওয়া হয়েছে, বাকিগুলো এখনো তদন্তাধীন।
নিহত ছাত্রনেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, ওমর নুরুল আবছার ও মাহবুবুল আলম মাসুমের পরিবার জানায়, অন্তর্বর্তী সরকারের সময় কেউ কেউ খোঁজ নিয়েছিল, কিন্তু নতুন সরকার আসার পর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, এসব মামলায় ২১ হাজার ৯০৬ জন নামীয় এবং অন্তত ৩০ হাজার অজ্ঞাত আসামি রয়েছে।
স্বজনদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, তদন্তের অগ্রগতি না থাকায় তাদের প্রিয়জনদের হত্যার বিচার হয়তো আর হবে না।