নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও—এই দুই ভাগে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য মোট ২৬টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
সব ধরনের গণমাধ্যমের জন্য উন্মুক্ত সেরা রিপোর্টের দুটি বিভাগে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন। ডিআরইউ সদস্যদের ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন জমার শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বর্ষসেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এ আয়োজন সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার ইতিবাচক প্রক্রিয়া। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, নগদ ডিআরইউর সঙ্গে তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে কাজ করেছে। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া বলেন, উন্নত ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি এবারও পুরস্কারের সঙ্গে রয়েছে।