প্রধানমন্ত্রী তারেক রহমানকে বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় পৌঁছালে তাকে স্বাগত জানান লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় ও প্রতিনিধি পরিচয়ের পর লালগালিচা সংবর্ধনায় দুই প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে ওঠেন। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় এবং দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয় এবং দুই প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রধান হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে তিনি মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বুলেট ট্রেনে বেইজিং আসেন।
এই সফর বাংলাদেশের এশীয় কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতা হিসেবে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে।