জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে সুদানে ২ হাজার ২৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেসামরিকদের ওপর ব্যাপক হামলার ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বছরের প্রথম ছয় মাসে অন্তত ১ হাজার ৩৯০ জন বেসামরিক নিহত হন, যাঁদের ৮০ শতাংশের বেশি ড্রোন হামলায় মারা যান। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও ৮৪০ জন নিহত হয়েছেন। নথিভুক্ত হতাহতের দুই-তৃতীয়াংশের বেশি ঘটেছে কর্দোফান অঞ্চলে; এরপর রয়েছে দারফুর। প্রবেশ ও তথ্য সংগ্রহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
প্রথম ছয় মাসে বাজারে অন্তত ৩৯টি, বেসামরিক যানবাহনে ২০টি, জ্বালানি স্থাপনায় ১৭টি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১৬টি ড্রোন হামলা নথিভুক্ত হয়েছে। মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, নথিভুক্ত কিছু কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে ১১টি রাজ্যে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ২৯টি ড্রোন হামলার জন্য আরএসএফকে দায়ী করা হয়েছে, যা লাখো মানুষের জরুরি সেবা ব্যাহত করেছে।