স্পেন সরকার ঘোষণা করেছে যে তাদের ভূখণ্ডে অবস্থিত কোনো সামরিক ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়নি এবং ভবিষ্যতেও তা হবে না। সোমবার মাদ্রিদে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, রোটা ও মোরন দে লা ফ্রন্টেরা ঘাঁটিগুলো স্পেনের সার্বভৌম নিয়ন্ত্রণে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের কোনো অভিযানে ব্যবহৃত হচ্ছে না। তিনি বলেন, জাতিসংঘ সনদের বাইরে বা স্পেনের সার্বভৌম সিদ্ধান্ত ব্যতীত এসব ঘাঁটি কোনো সামরিক অভিযানে ব্যবহৃত হবে না।
আলবারেস সাম্প্রতিক মার্কিন হামলাকে একতরফা পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানান, এ বিষয়ে মাদ্রিদকে আগে থেকে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অনিশ্চিত করছে। পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, উত্তেজনা হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটাতে পারে এবং তেলের দাম বাড়াতে পারে।
স্পেন সব পক্ষকে উত্তেজনা প্রশমন ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলারও নিন্দা জানিয়েছে।