বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অকুতোভয় যুবক নূর হোসেন জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা সৃষ্টি করেছিল বলে উল্লেখ করেন পরওয়ার। তাঁর মতে, সেই গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে।
পরওয়ার বলেন, দীর্ঘ আন্দোলন ও বহু আত্মত্যাগের পরও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। তিনি ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নাগরিক অধিকার হরণের প্রবণতার সমালোচনা করেন। জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, জবাবদিহিমূলক সরকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।