সোমবার পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ দমন, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দ্বিপক্ষীয় দলিলে স্বাক্ষর হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে দলিলগুলো বিনিময় করা হয় এবং পরে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদন, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা গুরুত্ব পায়।
এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর।