সৌদি আরবের তায়েফে ক্রাউন প্রিন্স ক্যামেল ফেস্টিভালের চূড়ান্ত পর্বে আনুমানিক ২৭ কোটি থেকে ৪৯ কোটি ২০ লাখ সৌদি রিয়াল, বা ৭২ মিলিয়ন থেকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের ১১৪টি উট প্রতিযোগিতা করেছে। ফাইনালে চারটি চ্যাম্পিয়নশিপ রেস হয়; প্রথম রাউন্ডে ৩৫টি, দ্বিতীয়টিতে ১৩টি, তৃতীয়টিতে ৪৬টি এবং চতুর্থটিতে ২০টি উট অংশ নেয়। সৌদি ক্যামেল ফেডারেশন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি করেছে।
এবারের উৎসবে মোট ৫ কোটি সৌদি রিয়াল, প্রায় ১৩ মিলিয়ন ডলার, পুরস্কার রাখা হয়েছে। সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের মধ্যে আল-সাইফ বা তলোয়ার এবং আল-বুনদুক বা রাইফেল রয়েছে। এগুলো নারী উটের হিয়িল ও পুরুষ উটের জুমুল বিভাগের চ্যাম্পিয়নদের দেওয়া হয়। উটের মালিক ও রেসিং বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-শরিফ বলেন, আগের সাফল্য, বংশধারা, প্রজনন সম্ভাবনা, পুরস্কার ও প্রতিযোগিতার মান বাজারমূল্য নির্ধারণে ভূমিকা রাখে।
আল-শরিফের মতে, হিয়িল বিভাগের উটের সাধারণ বাজারমূল্য ৩০ লাখ থেকে ৬০ লাখ রিয়াল এবং জুমুল বিভাগের উটের ১৫ লাখ থেকে ২০ লাখ রিয়াল। সেরা বংশধারা ও প্রতিযোগিতার রেকর্ড থাকা কিছু উটের দাম ৭০ লাখ থেকে ৮০ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। অষ্টম আসরে সৌদি মালিকানাধীন উট ১৩১টি হিটে জয় পায়; আমিরাতের উট ৩৫টি এবং কাতারের উট ২৭টি জয় পায়।