চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে টানা আট ঘণ্টারও বেশি সময় ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ রাবার বুলেট, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করে। এতে অন্তত ১০ জন আহত হয়। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ও স্থাপনা ভাঙচুর করে। রাতভর উত্তেজনার পর সকালে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযুক্ত মনির হোসেনকে গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশের পোশাক পরিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। দুপুরে জুমার নামাজের আগে বা পরে তাকে আদালতে তোলা হতে পারে, তবে নিরাপত্তার কারণে সময় জানানো হয়নি। ধর্ষণ ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা প্রস্তুত হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি থাকলে ভার্চুয়াল আদালতের মাধ্যমেও প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাকলিয়ার একটি ভবনে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে যায়।