বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঘোষণা করেছে যে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে কার্যকর গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিআরটিএ এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে গণপরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও কার্যকর করতে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন প্রজ্ঞাপন জারি করেছে।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়ন করা হবে। গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।