ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে। হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দিতে থাকেন, তবে এই গুরুত্বপূর্ণ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সানা যদি বাব আল-মানদেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে কেউই তা পুনরায় খুলতে পারবে না।
আল-এজ্জি আরও বলেন, ট্রাম্প ও তার সহযোগীদের উচিত হবে অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী কার্যকলাপ বন্ধ করা এবং ইয়েমেনের জনগণ ও জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি সুয়েজ খালের দিকে নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ।
এই প্রণালি বিশ্বব্যাপী তেল ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।