চলমান সংঘাতের কারণে সৃষ্ট আর্থিক সমস্যা মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত অর্থনৈতিক সংকট সমাধানে সমন্বয় জোরদার ও কার্যক্রমে গতি আনাই এ সংস্থার উদ্দেশ্য।
ইরানের অর্থনীতি উপমন্ত্রী মুর্তজা জামানিয়ান বলেছেন, ব্যবসা, বাণিজ্য, অর্থায়ন ও অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে সৃষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত এবং সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে টাস্ক ফোর্সটি মন্ত্রণালয়ের নিজস্ব দায়িত্ব ও এখতিয়ারভুক্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।
মন্ত্রণালয়ের একক এখতিয়ারের বাইরে থাকা বিষয়গুলো সরকারের অর্থনৈতিক কমিশন ও অর্থনৈতিক সদর দপ্তরের মতো বৃহত্তর নীতিনির্ধারণী কাঠামোর মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। একাধিক সরকারি সংস্থার পদক্ষেপ দরকার এমন সমস্যা যাতে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না থাকে, সেটিও টাস্ক ফোর্সের লক্ষ্য। কয়েক দশকের নিষেধাজ্ঞা ও বর্তমান যুদ্ধের চাপে ইরানের অর্থনীতি রয়েছে; যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে দেশটির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে।